রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• ফ্লোরিডা উপকূলে আঘাত হানল শক্তিশালী হ্যারিকেন ‘ইসাইয়াস’ • ফেসবুকে ১৭ দিনের সম্পর্ক, রাজুর ডাকে কক্সবাজার যায় তাজমিন • মুক্তি পেলেন কেজরিওয়াল ও মমতা • পেনসিলভানিয়ায় বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯ • প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে • ‘পতনের দ্বারপ্রান্তে মোদি’, সোমবার দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের • ব্যাংক খাতের ক্ষতি পোষাতে বছরে ৬০ হাজার কোটি টাকা লাগবে : গভর্নর • চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী • ভারতে তরুণদের বিক্ষোভ, এবার অভিনেতা ইমরান খান আটক • প্রধানমন্ত্রীর জাপান সফরে বাণিজ্য-বিনিয়োগকে অগ্রাধিকার দেবে ঢাকা

রবিবার, ১১ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন
এসটিআই বাড়ছে, বৈষম্যও রয়ে গেছে

নিউইয়র্কে নিরাপদ যৌনতা প্রচারে পাঁচ বছরের নতুন উদ্যোগ

নিউইয়র্কে নিরাপদ যৌনতা প্রচারে পাঁচ বছরের নতুন উদ্যোগ

বিজ্ঞাপন
যৌনবাহিত রোগ (এসটিআই) ও এইচআইভি সংক্রমণ মোকাবিলায় নতুন করে উদ্যোগ জোরদার করেছে নিউইয়র্ক সিটি। এসটিআই সচেতনতা সপ্তাহকে সামনে রেখে নিউইয়র্ক সিটি হেলথ ডিপার্টমেন্ট ঘোষণা দিয়েছে, তারা আবারও ওয়ান কনডমের সঙ্গে পাঁচ বছরের অংশীদারত্ব নবায়ন করেছে। এই চুক্তির আওতায় ২০৩১ সালের জানুয়ারি পর্যন্ত সারা শহরে বিনামূল্যে কনডম ও লুব্রিকেন্ট সরবরাহ করা হবে।

নতুন এই উদ্যোগের মাধ্যমে শহরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, কমিউনিটি সংগঠন ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিরাপদ যৌনতার উপকরণ সহজলভ্য করা হবে। ‘ওয়ান সুপার সেনসিটিভ’, ‘ওয়ান লিজেন্ড এক্সএল’, ‘ওয়ান এক্সট্রা স্ট্রং’, ‘ফ্লেভারওয়েভ’সহ বিভিন্ন ধরনের কনডম এতে অন্তর্ভুক্ত থাকবে।

শহরের স্বাস্থ্য কমিশনার ড. অ্যালিস্টার মার্টিন বলেন, ‘নিউইয়র্কবাসীর জন্য এইচআইভি ও এসটিআই প্রতিরোধে প্রয়োজনীয় উপকরণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। যদিও কিছু ক্ষেত্রে সংক্রমণের হার কমেছে, তবে বর্ণ, জাতিগত পরিচয় ও এলাকার ভিত্তিতে যে বৈষম্য রয়ে গেছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

সাম্প্রতিক ২০২৪ সালের স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী, কিছু এসটিআই সংক্রমণ কমলেও বৈষম্যের চিত্র উদ্বেগজনক। প্রাথমিক ও মাধ্যমিক সিফিলিসের হার ১৬.৩ শতাংশ এবং আর্লি ল্যাটেন্ট সিফিলিস ১৯.৬ শতাংশ কমেছে। ক্ল্যামিডিয়ার হার সামগ্রিকভাবে ৬.৩ শতাংশ কমলেও নারীদের ক্ষেত্রে এই হ্রাস খুবই সামান্য। বিপরীতে জন্মগত সিফিলিসের হার বেড়েছে ৫.৭ শতাংশ।

আরও উদ্বেগজনক বিষয় হলো, উচ্চ দারিদ্র্যপীড়িত এলাকায় বসবাসকারী মানুষের মধ্যে ক্ল্যামিডিয়া ও গনোরিয়ার হার নিম্ন দারিদ্র্য এলাকার তুলনায় প্রায় তিনগুণ বেশি। কৃষ্ণাঙ্গ নারীদের মধ্যে সিফিলিস সংক্রমণের হার শ্বেতাঙ্গ নারীদের তুলনায় নয়গুণ বেশি। এ ছাড়া ১৫ থেকে ২৪ বছর বয়সী তরুণীদের মধ্যে ক্ল্যামিডিয়ার হার সবচেয়ে বেশি।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এসব বৈষম্য মূলত স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকারের সীমাবদ্ধতা, আর্থিক প্রতিবন্ধকতা এবং সচেতনতার ঘাটতির সঙ্গে জড়িত। এ কারণে বিনামূল্যে নিরাপদ যৌনতার উপকরণ বিতরণ কার্যক্রমকে আরও গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

এই কর্মসূচির আওতায় প্রতিবছর হাজার হাজার প্রতিষ্ঠান ও সংগঠনের মাধ্যমে কনডম ও লুব্রিকেন্ট বিতরণ করা হয়। আগ্রহী প্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট অনলাইন পোর্টালের মাধ্যমে অর্ডার দিয়ে এসব উপকরণ সংগ্রহ করতে পারে।

অন্যদিকে এইচআইভি সংক্রমণের ক্ষেত্রেও উদ্বেগ রয়ে গেছে। টানা চতুর্থ বছরের মতো নতুন শনাক্তের সংখ্যা বৃদ্ধি বা স্থিতিশীল রয়েছে, যা ইঙ্গিত দেয়—প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় এখনো বড় ধরনের ঘাটতি রয়েছে। একই সঙ্গে ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে এমপক্স সংক্রমণ দ্বিগুণ হয়েছে, যদিও তা ২০২২ সালের বৈশ্বিক প্রাদুর্ভাবের তুলনায় অনেক কম।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা মনে করছেন, কেবল উপকরণ সরবরাহ নয়—সচেতনতা, দ্রুত পরীক্ষা, চিকিৎসা এবং সামাজিক কলঙ্ক দূর করাও সমান গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে ‘এনওয়াইসি হেলথ ম্যাপ’ ও ‘প্লেস্টোর নেটওয়ার্ক’-এর মতো কর্মসূচির মাধ্যমে শহরের বিভিন্ন এলাকায় পরীক্ষা, চিকিৎসা ও প্রতিরোধ সেবা সম্প্রসারণ করা হচ্ছে।

সব মিলিয়ে সংক্রমণের কিছু হার কমলেও নিউইয়র্কে যৌনস্বাস্থ্য খাতে বৈষম্য ও ঝুঁকি এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। এই বাস্তবতায় নতুন পাঁচ বছরের অংশীদারত্বকে জনস্বাস্থ্য রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

ঠিকানা/এসআর

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz