মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​নিউইয়র্কে গুলিতে বাংলাদেশি ট্যাক্সি চালক আহত

​নিউইয়র্কে গুলিতে বাংলাদেশি ট্যাক্সি চালক আহত

​নিউইয়র্কে গুলিতে বাংলাদেশি ট্যাক্সি চালক রুহুল আমিন নাসির আহত। ছবি: সংগৃহীত।

বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গুলিতে রুহুল আমিন নাসির নামের এক বাংলাদেশি ট্যাক্সি চালক গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার ভোরে ব্রুকলিনের অ্যবার্ন প্ল্যাস ও ফোর্ট গ্রিনের কাছে নর্থ পোর্টল্যান্ড অ্যাভেনিউয়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ বলছে, সেখানে যাত্রী নামাচ্ছিলেন ৫৩ বছর বয়সি নাসির। এসময় তার ট্যাক্সিকে পেছন থেকে ধাক্কা দেয় আরেকটি গাড়ি। তাতে ট্যাক্সির বড় ক্ষতি হয়েছে কি না তা দেখতে নামেন নাসির। এসময় ধাক্কা দেওয়া গাড়ির চালকের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান ট্যাক্সি থেকে নামা যাত্রী। তখন তাদের শান্ত করার চেষ্টা করছিলেন নাসির। এ সময় পাশের বাসা থেকে আসা এক ব্যক্তি অতর্কিতে গুলি চালালে তা নাসিরের মুখমুণ্ডলের ডানপাশে বিদ্ধ হয়।
আহতের বন্ধু শাহ আলম শনিবার সন্ধ্যায় জানান, নাসিরকে ঘটনাস্থল সংলগ্ন নিউ ইয়র্ক-প্রেসবাইটেরিয়ান ব্রুকলিন মেথডিস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতোমধ্যে তার দুদফা অস্ত্রোপচার হয়েছে।
পুলিশ বলছে, নাসিরের শারীরিক অবস্থা এখন শঙ্কামুক্ত।
প্রবাসী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি’তে একসময় সেক্রেটারি ছিলেন নাসির।
সংগঠনটির উপদেষ্টা শাহ আলম বলেন, “আমরা হাসপাতালে খোঁজ-খবর রাখছি। তবে একদিন পার হলেও বন্দুকধারী গ্রেপ্তার না হওয়ায় কমিউনিটিতে ক্ষোভের সঞ্চার হয়েছে।”
নিউইয়র্ক সিটিতে কর্মরত অবস্থায় ট্যাক্সি চালক গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ধারাবাহিকভাবে বাড়ছে।
এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে নিউ ইয়র্ক স্টেট ফেডারেশন অব ট্যাক্সি ড্রাইভারসের মুখপাত্র ফার্নান্দো ম্যাতিও বলেন, “জীবিকার তাগিদে ট্যাক্সি ড্রাইভাররা জীবনের ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করছেন। বন্দুকধারী দুর্বৃত্তরা আক্রমণ চালিয়ে নির্বিঘ্নে কেটে পড়ছে। শনাক্ত করা কঠিন হচ্ছে। এমন পরিস্থিতির অবসানে যথাযথ পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে।”
নিউইয়র্কের প্রতিটি ট্যাক্সিতে ক্যামেরা বাধ্যতামূলক করার দাবি জানিয়ে তিনি বলেন, “যাতে চালকদের ওপর হামলার ঘটনায় দ্রুত অপরাধীদের শনাক্ত করা যায়।”
ফেডারেশনের তথ্য অনুযায়ী, নাসিরের ওপর আক্রমণ গত দুই সপ্তাহের মধ্যে দায়িত্বরত চালকের ওপর দ্বিতীয় গুলির ঘটনা। কয়েকদিন আগে ব্রুকলিনে পাকিস্তানি চালক দ্যানিশ সারওয়ার গুলিবিদ্ধ হয়ে প্যারালাইজড হন।

ঠিকানা/এসআর

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz