শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দাবি

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে সম্মত মিয়ানমার

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে সম্মত মিয়ানমার

বিজ্ঞাপন
বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩ লাখ রোহিঙ্গাকে এবং মালয়েশিয়ায় অবস্থানরত ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে মিয়ানমার নীতিগতভাবে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
বুধবার (২৯ জুলাই) মালয়েশিয়ার পশ্চিম উপকূলীয় রাজ্য নেগেরি সেম্বিলানের চেন্নাহ শহরে আয়োজিত এক জনসভায় তিনি এ তথ্য জানান।

আনোয়ার ইব্রাহিম বলেন, দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার নাগরিকরা রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু মিয়ানমার তাদের নাগরিকদের গ্রহণে রাজি না থাকায় তা সম্ভব হয়নি। তিনি বলেন, সাম্প্রতিক আলোচনার মাধ্যমে মিয়ানমার মালয়েশিয়া থেকে ৫ হাজার এবং বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মতি দিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, “কীভাবে এটা সম্ভব হলো? সম্ভব হয়েছে এই কারণে যে আমরা তাদের সঙ্গে আলোচনা করেছি। এ কারণেই মালয়েশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক রাখা জরুরি। এসব ক্ষেত্রে সতর্ক কূটনীতি প্রয়োজন।”

তবে তিনি কবে, কীভাবে বা কোন প্রক্রিয়ায় এই প্রত্যাবাসন কার্যক্রম বাস্তবায়িত হবে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি। একই সঙ্গে মিয়ানমারের সামরিক সরকার কিংবা বাংলাদেশের পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রোহিঙ্গা সংকটের প্রেক্ষাপট
২০১৭ সালের আগস্টে রাখাইন রাজ্যে নিরাপত্তা বাহিনীর স্থাপনায় আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)-র হামলার পর ব্যাপক সামরিক অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ওই অভিযানে হত্যা, ধর্ষণ, নির্যাতন ও গ্রাম জ্বালিয়ে দেওয়ার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলে।

এর ফলে প্রাণ বাঁচাতে প্রায় সাড়ে সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে নতুন করে জন্ম নেওয়া শিশু ও পরবর্তী আগমনের কারণে কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবিরে প্রায় ১৫ লাখ রোহিঙ্গা অবস্থান করছে।

অন্যদিকে, জাতিসংঘের তথ্য অনুযায়ী, মালয়েশিয়ায় বর্তমানে নিবন্ধিত প্রায় ১ লাখ ২৬ হাজার রোহিঙ্গা শরণার্থী রয়েছে।

শরণার্থীদের উদ্দেশে কঠোর বার্তা
জনসভায় আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ায় অবস্থানরত শরণার্থীদের দেশটির আইন মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, শরণার্থী শিবির ও অনুমোদিত এলাকার বাইরে তাদের অনিয়ন্ত্রিত চলাচল বরদাশত করা হবে না।

তিনি জানান, এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শককে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং আইন লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আনোয়ার বলেন, “এটা মালয়েশিয়া। তারা আমাদের বিরক্ত করতে পারবে না। যদি করে, পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।” 
সূত্র: দ্য স্টার (মালয়েশিয়া)

ঠিকানা/এসআর

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz