সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সর্বশেষ :

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন
​৩ বছর বহাল থাকবে জরুরি ব্যবস্থা ♦ প্রয়োজন না হলে অর্থ ফেরত

গৃহহীনদের আশ্রয়ে হোটেল ব্যবহারে ১৮৬ কোটি ডলারের চুক্তি নবায়ন

গৃহহীনদের আশ্রয়ে হোটেল ব্যবহারে  ১৮৬ কোটি ডলারের চুক্তি নবায়ন

বিজ্ঞাপন
গৃহহীন মানুষের জরুরি আবাসনের জন্য নগরীর বিভিন্ন হোটেল ব্যবহারের সুযোগ অব্যাহত রাখতে ১৮৬ কোটি ডলার পর্যন্ত মূল্যের একটি চুক্তি নবায়ন করেছে নিউইয়র্ক সিটি প্রশাসন। তিন বছর মেয়াদি এই চুক্তি ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হয়েছে এবং চলবে ২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, নগরীর পাঁচ বরোর প্রয়োজনীয় হোটেলকক্ষ জরুরি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য হোটেল অ্যাসোসিয়েশন অব নিউইয়র্ক সিটি ফাউন্ডেশনের সঙ্গে চুক্তিটি করেছে ডিপার্টমেন্ট অব হোমলেস সার্ভিসেস—ডিএইচএস। সংগঠনটি নিউইয়র্কের প্রায় ৩০০টি হোটেলের প্রতিনিধিত্ব করে। তবে চুক্তির  গৃহহীনদের আশ্রয়ে হোটেল সর্বোচ্চ মূল্য ১৮৬ কোটি ডলার হলেও পুরো অর্থ ব্যয় হবে—এমন নয় বলে জানিয়েছে ডিএইচএস। নগরীতে আশ্রয়প্রার্থীর সংখ্যা এবং প্রচলিত আশ্রয়কেন্দ্রে জায়গার প্রাপ্যতার ওপর ভিত্তি করে প্রয়োজন অনুযায়ী হোটেলকক্ষ চালু করা হবে।
ডিএইচএসের একজন মুখপাত্র বলেন, গত ১৫ বছরে করোনাভাইরাস মহামারি, অভিবাসী সংকট এবং গৃহহীন মানুষের সংখ্যা বৃদ্ধিসহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে নগর কর্তৃপক্ষকে বাণিজ্যিক হোটেলের ওপর নির্ভর করতে হয়েছে।
নগর কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, গত ৩১ জুলাই নিউইয়র্কের আশ্রয়ব্যবস্থায় প্রাপ্তবয়স্ক ও শিশুসহ মোট ৮২ হাজার ৯২৯ জন অবস্থান করছিলেন। সিটির ‘রাইট টু শেল্টার’ বা আশ্রয় পাওয়ার অধিকারসংক্রান্ত আইনি বাধ্যবাধকতার কারণে আশ্রয়প্রার্থী কাউকে ফিরিয়ে না দিয়ে প্রয়োজনীয় ধারণক্ষমতা বজায় রাখতে হয়। 
ডিএইচএস জানিয়েছে, দীর্ঘ মেয়াদে বাণিজ্যিক হোটেলের ওপর নির্ভরতা কমানোই তাদের লক্ষ্য। বিশেষ করে শিশুসমেত পরিবারগুলোর জন্য নতুন ও উন্নতমানের স্থায়ী আশ্রয়কেন্দ্র চালু করার পরিকল্পনা রয়েছে। তবে এসব কেন্দ্র প্রস্তুত না হওয়া পর্যন্ত জরুরি পরিস্থিতিতে হোটেলের ধারণক্ষমতা ধরে রাখা প্রয়োজন বলে মনে করছে সংস্থাটি।
করোনা মহামারির সময় সংক্রমণ নিয়ন্ত্রণ এবং আশ্রয়কেন্দ্রে অতিরিক্ত ভিড় কমাতে নিউইয়র্ক সিটি প্রথমবারের মতো ব্যাপক হারে হোটেল ব্যবহার শুরু করে। পরে হাজার হাজার আশ্রয়প্রার্থী ও অভিবাসীর আগমনের সময় এ ব্যবস্থা আরও সম্প্রসারিত হয়। সংকটের চূড়ান্ত পর্যায়ে প্রায় ১৫০টি হোটেল, মোটেল ও ইন অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রূপান্তর করা হয়েছিল। 
এর আগেও হোটেল অ্যাসোসিয়েশনের সঙ্গে নগরীর বড় অঙ্কের চুক্তি ছিল। নিউইয়র্ক সিটি কম্পট্রোলারের এক প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের সেপ্টেম্বর থেকে শুরু হওয়া একটি চুক্তিতে প্রথমে পাঁচ হাজার হোটেলকক্ষের জন্য সর্বোচ্চ ২৩ কোটি ৭০ লাখ ডলার বরাদ্দ করা হয়েছিল। পরে সেটি বাড়িয়ে ১৪ হাজার কক্ষ এবং প্রায় ৯৮ কোটি ৭০ লাখ ডলারে উন্নীত করা হয়। 
হোটেলকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের উচ্চ ব্যয় এবং পর্যটনশিল্পে সম্ভাব্য প্রভাব নিয়ে সমালোচনা রয়েছে। ২০২৩ সালে সিটি কম্পট্রোলারের দেওয়া তথ্যে দেখা যায়, হোটেলকক্ষের জন্য প্রতিদিনের গড় ব্যয় ব্যক্তি ও পরিবারের ধরন অনুযায়ী উল্লেখযোগ্যভাবে ভিন্ন ছিল। সেবাসহ সব ধরনের আশ্রয়ব্যবস্থা মিলিয়ে প্রতি পরিবারে নগরীর দৈনিক গড় ব্যয় ছিল প্রায় ৩৮৭ ডলার। 
তবে গৃহহীনদের নিয়ে কাজ করা অধিকারকর্মীরা বলছেন, হোটেলে মানুষকে দীর্ঘদিন রাখা আদর্শ সমাধান নয়। তা সত্ত্বেও পর্যাপ্ত স্থায়ী আশ্রয়কেন্দ্র ও সাশ্রয়ী আবাসন তৈরি না হওয়া পর্যন্ত জরুরি বিকল্প হিসেবে এ ব্যবস্থা প্রয়োজন।
নগর কর্তৃপক্ষ বলেছে, নতুন আশ্রয়কেন্দ্র চালু, হোটেলের ওপর নির্ভরতা হ্রাস এবং সামগ্রিক আশ্রয়ব্যবস্থাকে প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করাই আগামী কয়েক বছরের প্রধান লক্ষ্য।

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz