সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৯, আহত অন্তত ১৪
ঠিকানা অনলাইন
প্রকাশ : ০৭ অগাস্ট ২০২৬, ১৩:১৭
•
অনলাইন সংস্করণ
সিলেটের ওসমানীনগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় অন্তত ১৪ জন আহত হয়েছেন।
শুক্রবার (৭ আগস্ট) সকাল সোয়া ৭টার দিকে উপজেলার দয়ামীর এলাকার কাশিকাপন অংশে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান।
পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে এখন পর্যন্ত দুজনের পরিচয় শনাক্ত হয়েছে। তারা হলেন প্রিয়ম (২৫) ও জাইফা (৪)। বাকি নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।
শেরপুর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৭টা ১৫ মিনিটের দিকে ঢাকা থেকে সিলেটগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেট থেকে ঢাকাগামী বেঙ্গল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধার অভিযান চালান। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হলে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে পৌঁছায়।
ওসি আনিসুর রহমান জানান, দুর্ঘটনায় নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেওয়ার পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।