বুধবার, ২১ অক্টোবর ২০২৬

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

‘এটা কিসের সরকারি হাসপাতাল’ স্বাস্থ্যমন্ত্রীর সামনে নারীর ক্ষোভ

‘এটা কিসের সরকারি হাসপাতাল’ স্বাস্থ্যমন্ত্রীর সামনে নারীর ক্ষোভ

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। শনিবার (২৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালটির বহির্বিভাগ ও সার্জারি চিকিৎসাসহ বিভিন্ন ইউনিট সরেজমিনে ঘুরে দেখেন তিনি। পরিদর্শনকালে সেবার মান ও সার্বিক পরিবেশ নিয়ে রোগীদের অভিযোগের মুখে হাসপাতাল কর্তৃপক্ষকে একাধিক কঠোর নির্দেশ দিয়েছেন মন্ত্রী।

পরিদর্শনকালে ডিউটিতে অনুপস্থিত থাকার প্রমাণ পেয়ে রিগান হোসেন নামের এক ফার্মাসিস্টকে তাৎক্ষণিক বদলির নির্দেশ প্রদান করেন স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক শিশুর মা স্বাস্থ্যমন্ত্রীর সামনেই সেবার মান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এটা কিসের সরকারি হাসপাতাল? বেসরকারি বলে দিলেই হয়।

তিনি জানান, চিকিৎসাধীন অবস্থায় স্যালাইনসহ অধিকাংশ ওষুধপত্র বাইরে থেকে কিনতে বাধ্য হয়েছেন এবং সাত দিন ভর্তি থাকা সত্ত্বেও কোনো শয্যা পাননি।

রোগী ও তাদের স্বজনদের অভিযোগ শোনার পর স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের নোংরা পরিবেশ, চিকিৎসক ও জনবল সংকট কাটাতে কঠোর বার্তা দেন। তিনি স্পষ্ট জানান, সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিয়ে যেকোনো অবহেলা বা অনিয়ম বরদাশত করা হবে না। সেবার মান দ্রুত বাড়ানো এবং হাসপাতাল চত্বর থেকে দালাল চক্র উচ্ছেদে স্থানীয় প্রশাসনকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, তিন সপ্তাহ পর দেশজুড়ে পুনরায় হাম প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। এ সময় শিশুদের শালদুধ খাওয়ানো এবং টিকার আওতায় আনার পাশাপাশি মায়েদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পরিদর্শনকালে হবিগঞ্জের জেলা প্রশাসক জিএম সরফরাজ, জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব এবং ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আমিনুল হক সরকারসহ প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz