শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

মেয়ের চোখের জলে বাবার মুক্তি

মেয়ের চোখের জলে বাবার মুক্তি

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
একসময় মাদ্রাসা থেকে এইচএসসি পাস করা মেধাবী ছাত্র ছিলেন অনিক সরদার (৩৫)। সচ্ছল পরিবারের সন্তান হিসেবে এলাকায়ও ছিল তাদের সুনাম। জীবনের চাকা ঘোরানোর আশায় দক্ষিণ কোরিয়ার ভাষা শিখেছিলেন তিনি। অনর্গল কোরিয়ান ভাষায় কথাও বলতে পারেন। তবে বন্ধুদের পাল্লায় পড়ে মাদকের জগতে জড়িয়ে পড়েন অনিক। এরপর ধীরে ধীরে ছন্দপতন ঘটে তার জীবনে।

বাবার মুখে খাবার তুলে দিচ্ছে—অনিকের স্কুলপড়ুয়া কন্যা তুবা আক্তারের (৯) এমন একটি দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সন্তানের এই ভালোবাসায় মুগ্ধ হয়েছেন হাজারও মানুষ। বাবার জন্য মেয়ের ভালোবাসার দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়েছেন উপস্থিত সাধারণ মানুষও।

বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল বাজারে শুক্রবার গভীর রাতে এক দোকানির ঘরে চুরি করার চেষ্টা করার সময় জনতার হাতে ধরা পড়েন পার্শ্ববর্তী গ্রামের ওয়ারেচ সরদারের ছেলে অনিক সরদার। পরে বাজারের একটি খুঁটির সঙ্গে তার হাত-পা বেঁধে রাখেন স্থানীয়রা।

বাবাকে আটকের খবর পেয়ে সকালে ঘটনাস্থলে ছুটে আসে স্কুলপড়ুয়া তুবা। এর পরিপ্রেক্ষিতে শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে অনিককে ছেড়ে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফারুক হোসেন।

মুক্তি পাওয়ার পর অনিক সরদার বলেন, ‘আমি লজ্জিত। সন্তানদের দিকে তাকিয়ে সামনের দিনগুলোতে নিজেকে সংশোধনের চেষ্টা করব।’

বামরাইল এলাকার বাসিন্দা মিরাজ ফরাজী বলেন, ‘অনিক বামরাইলের সামাজিক ও ব্যক্তিত্ববান একটি পরিবারের সন্তান। এর পরও তিনি ছিঁচকে চুরির ঘটনায় জড়িয়েছেন। এর প্রধান কারণ মাদক সেবন।’

বামরাইলের প্রবাসফেরত ওমর খসরু তুহিন বলেন, ‘পারিবারিকভাবে তারা ভালো, সম্ভ্রান্ত ও সম্মানিত পরিবারের ছেলে। কিন্তু নেশার ভয়াল থাবা ধ্বংস করে দিয়েছে তার পুরো পরিবার ও বংশের মান-সম্মান। অনিক যথেষ্ট শিক্ষিত ও মার্জিত ছেলে। তার দুটি সন্তান। প্রশ্ন একটাই—কেন ভালো একটি পরিবারের শিক্ষিত ছেলে চুরির মতো লজ্জাজনক কাজে জড়াচ্ছে? উত্তর একটাই—নেশা।’

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা বলেন, ‘অনিক সরদার মাদক ছেড়ে আলোর পথে ফিরলে কর্মসংস্থানের জন্য সরকারি উদ্যোগে তাকে আর্থিক সহায়তা দেওয়া হবে। অনিককে আলোর পথে ফেরানোর দায়িত্ব আমি নিতে চাই।’

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz