বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

বাংলাদেশে ৫০ কোটি ডলার বিনিয়োগের সম্ভাবনা দেখছে ‘প্লাগ অ্যান্ড প্লে’

বাংলাদেশে ৫০ কোটি ডলার বিনিয়োগের সম্ভাবনা দেখছে ‘প্লাগ অ্যান্ড প্লে’

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
দেশের প্রযুক্তিগত অংশীদারিত্ব ও উদ্ভাবনী সহযোগিতার পাশাপাশি ৫০ কোটি মার্কিন ডলারের (৫০০ মিলিয়ন) বেশি বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) আকর্ষণের এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে সিলিকনভ্যালি ভিত্তিক বৈশ্বিক ইনোভেশন প্ল্যাটফর্ম ‘প্লাগ অ্যান্ড প্লে’। এ জন্য বাংলাদেশ টেক সেন্টার ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেন্টার অব এক্সিলেন্স প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি।

একই সঙ্গে বাংলাদেশের স্টার্টআপ, বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তি খাতের দক্ষ জনবলকে বৈশ্বিক কোম্পানি ও বিনিয়োগকারীদের সঙ্গে যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।

প্লাগ অ্যান্ড প্লে বলছে, তাদের বৈশ্বিক নেটওয়ার্ক ব্যবহার করে বাংলাদেশে সম্ভাব্য বিনিয়োগের একটি পথ তৈরি করা যেতে পারে। নির্দিষ্ট প্রকল্প, অর্থায়ন, যাচাই-বাছাই ও প্রয়োজনীয় অনুমোদনের পরই প্রকৃত বিনিয়োগের সিদ্ধান্ত হবে।

গত ২৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে প্লাগ অ্যান্ড প্লের প্রধান কার্যালয়ে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে প্রতিষ্ঠানটির নেতৃত্বের বৈঠক হয়।

আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ, স্টার্টআপ ও উদ্ভাবন পরিবেশের উন্নয়ন, এআই সক্ষমতা বাড়ানো, প্রযুক্তি খাতে দক্ষ জনবল তৈরি এবং বৈশ্বিক কোম্পানি ও বিনিয়োগকারীদের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ বাড়ানো ছিল আলোচনার মূল বিষয়।
বৈঠকে বাংলাদেশ সরকারের পক্ষে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং প্লাগ অ্যান্ড প্লের প্রতিনিধিরা সহযোগিতার একটি নথিতে সই করেন। এতে বাংলাদেশে এক বা একাধিক এআই সেন্টার অব এক্সিলেন্স প্রতিষ্ঠার সম্ভাবনা যাচাইয়ের বিষয়টিও রয়েছে।

বৈঠকের পর বাংলাদেশকে নিয়ে একটি কৌশলগত অংশীদারত্বের প্রস্তাব দেয় প্লাগ অ্যান্ড প্লে। প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক নেটওয়ার্কে বিভিন্ন বহুজাতিক কোম্পানি, বিনিয়োগকারী, স্টার্টআপ ও উদ্ভাবনী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রয়েছে। এই নেটওয়ার্ক ব্যবহার করে বাংলাদেশে ৫০ কোটি ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আনার সম্ভাবনার কথা প্রস্তাবে বলা হয়েছে।

বাংলাদেশের প্রযুক্তি খাতে দক্ষ জনবল, বিশ্ববিদ্যালয়, হাইটেক পার্ক, শিল্প অবকাঠামো এবং বড় অভ্যন্তরীণ বাজারকে বিনিয়োগ আকর্ষণের সম্ভাবনাময় ভিত্তি হিসেবে দেখছে প্লাগ অ্যান্ড প্লে। এসব সুবিধাকে কাজে লাগিয়ে বিদেশি প্রযুক্তি ও উৎপাদনকারী প্রতিষ্ঠানকে বাংলাদেশে আনার সুযোগ রয়েছে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

প্রস্তাবে সম্ভাব্য বিনিয়োগের কয়েকটি খাতও চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে তথ্যপ্রযুক্তি ও এআই, ভোক্তা ইলেকট্রনিকস, হালকা প্রকৌশল, ওষুধ, উন্নত উৎপাদন এবং সেমিকন্ডাক্টর পরীক্ষণ ও প্যাকেজিং। এসব খাতে বিদেশি কোম্পানির সরাসরি বিনিয়োগের পাশাপাশি স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারত্ব তৈরির সুযোগ রয়েছে।

বাংলাদেশ টেক সেন্টার ও এআই সেন্টার অব এক্সিলেন্স প্রতিষ্ঠার প্রস্তাবটি এ উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশ। এর মাধ্যমে দেশের স্টার্টআপ ও বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান এবং বিনিয়োগকারীদের সঙ্গে যুক্ত করার পাশাপাশি প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরির কথা বলা হয়েছে।

এ ছাড়া স্টার্টআপ ও ভেঞ্চার অর্থায়ন, আন্তর্জাতিক কোম্পানির সঙ্গে অংশীদারত্ব, দক্ষ জনবল উন্নয়ন, বিশ্ববিদ্যালয় ও শিল্প খাতের যৌথ উদ্যোগ এবং বহুজাতিক প্রযুক্তি ও উৎপাদনকারী প্রতিষ্ঠানের কার্যক্রম বাংলাদেশে আনার মাধ্যমে বিনিয়োগ বাড়ানোর বিভিন্ন পথের কথা বলা হয়েছে।

বাংলাদেশের প্রতিনিধিদল প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। তারা বলেছে, আলোচনাকে শুধু সমঝোতা বা সম্ভাবনার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব ও বাণিজ্যিকভাবে কার্যকর প্রকল্পে রূপ দিতে হবে। এসব প্রকল্পের মাধ্যমে বিদেশি বিনিয়োগের পাশাপাশি মানসম্মত কর্মসংস্থান, প্রযুক্তি হস্তান্তর এবং রপ্তানির সুযোগ তৈরি করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বৈশ্বিক প্রযুক্তি মূল্য শৃঙ্খলে বাংলাদেশের অংশগ্রহণ বাড়ানোর বিষয়টিও আলোচনায় গুরুত্ব পেয়েছে।

বাংলাদেশের প্রতিনিধিদলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা-২ কামরুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব-১ মো. জাহিদুল ইসলাম ছিলেন।

বৈঠকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম এবং লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের কনসাল জেনারেল কাজী মুহাম্মদ জাবেদ ইকবালও অংশ নেন।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz