আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টে একের পর এক রেকর্ড গড়ছেন লিটন দাস। গতকাল একদিনেই নাম লিখিয়েছিলেন দুটি রেকর্ডে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) ছাড়িয়ে গেলেন আগের দুই রেকর্ডকে। টেস্টে ব্যাট হাতে দুই ইনিংসেই পঞ্চাশোর্ধ্ব রান করার পাশাপাশি উইকেটের পেছন থেকে ৯টি ডিসমিশালের অনন্য কীর্তি গড়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন।
আফগানিস্তানের ইনিংসে ইকরাম আলীখিলের ক্যাচ তালুবন্দি করে দলটির চতুর্থ উইকেটের পতন ঘটান লিটন। এই ক্যাচের মাধ্যমে তার ডিসমিশালের সংখ্যা দাঁড়ায় ৯-এ। ব্যাট হাতেও দুই ইনিংসে পঞ্চাশোর্ধ্ব রান করে দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।
এর মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম উইকেটরক্ষক ব্যাটার হিসেবে একই ম্যাচে দুই ইনিংসেই পঞ্চাশোর্ধ্ব রান এবং উইকেটের পেছনে ৯টি ডিসমিশালের রেকর্ড গড়েন লিটন।
ব্যাটিং ও উইকেটকিপিং– দুই বিভাগেই এমন অসাধারণ পারফরম্যান্স নিঃসন্দেহে বিশেষ কৃতিত্বের দাবি রাখে। একদিকে ব্যাট হাতে দলের ভরসা হয়েছেন, অন্যদিকে গ্লাভস হাতে একের পর এক সাফল্য এনে দিয়েছেন বাংলাদেশকে।
এর আগে গতকাল ৮টি ডিসমিশাল করে বাংলাদেশি উইকেটরক্ষক ব্যাটারদের মধ্যে এক ম্যাচে সর্বোচ্চ ডিসমিশালের রেকর্ড গড়েন লিটন। একই দিন পঞ্চম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের ক্লাবে নাম লেখান তিনি।