চলচ্চিত্র ও মিডিয়া ইন্ডাস্ট্রিতে নারীদের কাজের পরিবেশ এবং তাদের টিকে থাকার চ্যালেঞ্জ নিয়ে প্রায়শই নানা আলোচনা হয়ে থাকে। নারীদের জন্য এ মাধ্যম কতটা কঠিন এবং কোন কোন প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয় তা নিয়ে এবার মুখ খুলেছেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা।
মিডিয়ার ঝলমলে দুনিয়ার আড়ালে লুকিয়ে থাকা কঠিন বাস্তবতা নিয়ে কথা বলেন অভিনেত্রী। এক পডকাস্টে অংশ নিয়ে বর্ষা জানান, নারীদের জন্য এ অঙ্গন কখনোই সহজ ছিল না। ব্যক্তিগত জীবন, শোবিজ দুনিয়ায় ক্যারিয়ার শুরুর সংগ্রাম, সংসার জীবন এবং সমাজসেবামূলক কাজ নিয়ে নিজের দর্শনও প্রকাশ করেন নায়িকা।
আলাপচারিতার এক পর্যায় বর্ষা মন্তব্য করেন নারীদের জন্য মিডিয়ার পথ মোটেও সহজ নয়। তার ভাষ্য, বাইরে থেকে মডেল বা অভিনয়শিল্পীদের জীবন যতটা রঙিন মনে হয়, বাস্তবে এর পেছনে থাকে অনেক সংগ্রাম, অনিশ্চয়তা ও ত্যাগ।
সম্প্রতি সিমরা খানের পডকাস্টে অতিথি হয়ে শোবিজ দুনিয়া নিয়ে এমন মন্তব্য করেন অভিনেত্রী। এরপর নিজের জীবনের নানা অভিজ্ঞতাও তুলে ধরেন।
স্মৃতিচারণ করে বর্ষা জানান, তখনও অনন্ত জলিলের সঙ্গে তার পরিচয় হয়নি, চলচ্চিত্রেও পা রাখেননি। ওই সময়ে মডেলিং ক্যারিয়ারের শুরুতে একটি পোশাক প্রতিষ্ঠানের ফটোশুট করতে রাজশাহীতে গিয়েছিলেন। সারাদিন কাজ শেষ করে ফিরলেও সেই কাজের পারিশ্রমিক আজও পাননি। বর্ষার মতে, এমন অভিজ্ঞতা মিডিয়ায় কাজ করা অনেক নারীর জীবনেই রয়েছে।
এছাড়া সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত জীবন ও পোশাক নিয়ে অপ্রয়োজনীয় সমালোচনা মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায় নারী তারকাদের। গোপনীয়তা বলে ব্যক্তিজীবনের কিছু থাকে না যা নেতিবাচক প্রভাব তৈরি করে।
আলাপচারিতায় সংসার জীবন নিয়েও নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন তিনি। বর্ষা বলেন, শুধুমাত্র নারীদেরই সবাইকে খুশি রাখতে হবে বা সবার মন জয় করতে হবে, এমন ধারণায় বিশ্বাসী নই। সবকিছুর আগে নিজেকে ভালো রাখা জরুরি। নিজে ভালো থাকলে আশপাশের মানুষ ও পরিবেশও সুন্দর মনে হয়।
পডকাস্টে ব্যক্তিগত জীবনের আরেকটি দিকও তুলে ধরেন বর্ষা। তিনি জানান, নিজের উপার্জন ও সঞ্চয়ের অর্থ দিয়ে প্রতি বছর দুই থেকে তিনজনকে ওমরাহ পালনের সুযোগ করে দেন। এটি তাকে মানসিক শান্তি ও তৃপ্তি দেয়।
প্রসঙ্গত, চিত্রনায়িকা বর্ষা অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমার মধ্যে রয়েছে বাংলাদেশ ও তুরস্কের যৌথ প্রযোজনায় নির্মিতব্য অ্যাকশনধর্মী সিনেমা ‘নেত্রী দ্য লিডার’। এ সিনেমায় বর্ষার সঙ্গে জুটি হিসেবে দেখা যাবে নায়ক ও প্রযোজক অনন্ত জলিলকে। সিনেমাটি চলতি বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তারিখ চূড়ান্ত হয়নি।