মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

উপকূলীয় ১৪ জেলার সুরক্ষায় সাড়ে ৭ হাজার কোটি টাকার নতুন প্রকল্প

উপকূলীয় ১৪ জেলার সুরক্ষায় সাড়ে ৭ হাজার কোটি টাকার নতুন প্রকল্প

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
দেশের উপকূলীয় ১৪টি জেলার ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিরাপত্তা, বন্যা ও জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলা এবং জীবনযাত্রার মানোন্নয়নে সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হচ্ছে। বিশ্বব্যাংকের অর্থায়নে আগামী অর্থবছর (২০২৭-২৮) থেকে পাঁচ বছর মেয়াদি এই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে সরকার।

৪ অক্টোবর (রবিবার) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খানের সঙ্গে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান অঞ্চলের বিভাগীয় পরিচালক জ্যঁ পেসমের নেতৃত্বে ৯ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের দ্বিপক্ষীয় বৈঠকে এ সংক্রান্ত পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে ‘বাংলাদেশ স্ট্র্যাটেজিক ফ্লাড রেজিলিয়েন্স প্রোগ্রাম (ফ্লাড এমপিএ)’ এবং ‘কোস্টাল রেজিলিয়েন্স প্রজেক্ট’-এর আওতায় নেওয়া বিভিন্ন প্রস্তাবিত কার্যক্রম পর্যালোচিত হয়। এ প্রকল্পের মধ্যে রয়েছে ১৪টি উপকূলীয় জেলায় টেকসই অবকাঠামো নির্মাণ, সাইক্লোন ও বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদারকরণ; উপকূলীয় এলাকায় লবণাক্ততার প্রভাব মোকাবেলায় আধুনিক পানি শোধন ব্যবস্থা নিশ্চিত করা; ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমিয়ে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়িয়ে টেকসই পানি নিরাপত্তা নিশ্চিত করা; উপকূলীয় দুর্গত মানুষের সামাজিক নিরাপত্তা জোরদার এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।

স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান জানান, উপকূলীয় ঝুঁকিপূর্ণ অঞ্চলের মানুষের সার্বিক নিরাপত্তা ও জীবিকা উন্নয়নে প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সরকারের প্রধান লক্ষ্য সাধারণ মানুষের জন্য নিরাপদ ও উন্নত জীবন নিশ্চিত করা এবং এ লক্ষ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সমন্বিতভাবে কাজ করা।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক শিবির বিচিত্র বড়ুয়াসহ মন্ত্রণালয় ও বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঠিকানা/এএস

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz