বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

সাবেক মন্ত্রী জাবেদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলার রায় ১৯ নভেম্বর

আসামির তালিকায় তার স্বজনের পাশাপাশি ইউসিবিএল ও আরামিট গ্রুপের কর্মকর্তারা আছেন।
সাবেক মন্ত্রী জাবেদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলার রায় ১৯ নভেম্বর

বিজ্ঞাপন
ইউসিবিএলের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে দুদকের করা মামলায় রায় ঘোষণা করা হবে ১৯ নভেম্বর।

বুধবার যুক্তিতর্ক শুনানি শেষে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান রায়ের দিন ঠিক করে দেন বলে জানিয়েছেন দুদকের কৌঁসুলি মোকাররম হোসাইন।
তিনি বলেন, মামলায় ৫৬ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে। যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের দিন ধার্য করেছেন।

এ মামলায় জাবেদ ছাড়াও তার স্ত্রী রুকমীলা জামান, ছোট ভাই আসিফুজ্জামান, বোন রোকসানা জামান এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) ও আরামিট গ্রুপের কর্মকর্তাসহ ৩৬ জন আসামি আছেন।

চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে ৫ জানুয়ারি এ মামলায় অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা ও দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান। ৭ জানুয়ারি অভিযোগপত্রটি গ্রহণ করা হয়।

চলতি বছরের ৫ এপ্রিল বাদী মশিউর রহমানের সাক্ষ্যগ্রহণের মধ্যে দিয়ে মামলাটিতে সাক্ষ্য শুরু হয়। আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় ১১ মার্চ।
গত বছরের ২৪ জুলাই জাবেদ ও তার স্ত্রীসহ ৩১ জনের বিরুদ্ধে দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ মামলাটি করেছিলেন সংস্থার উপপরিচালক মশিউর রহমান।

৩১ আসামির মধ্যে ব্যাংক কর্মকর্তা আবদুল আওয়াল ও জাবেদের ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মকর্তা কাজী মো. দিলদার নামে দুইজন মারা যাওয়ায় তাদের বিচারিক কার্যক্রম থেকে বাদ দেওয়ার জন্য তদন্তকারী কর্মকর্তা অভিযোগপত্রে সুপারিশ করেন।

বাকি ২৯ জনের সঙ্গে তদন্তে পাওয়া ৭ জনসহ মোট ৩৬ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক। অভিযোগপত্রে ইউসিবিএল ব্যাংক ও জাবেদের পারিবারিক প্রতিষ্ঠান আরামিট গ্রুপের কর্মকর্তাসহ ৯২ জনকে সাক্ষী করা হয়েছিল।

অভিযোগপত্রে বলা হয়, আরামিট গ্রুপের প্রটোকল অফিসার ফরমান উল্লাহ চৌধুরীকে ব্যবসায়ী সাজিয়ে মিথ্যা তথ্যে ‘ভিশন ট্রেডিং’ নামে একটি প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স করা হয়। সেটি দিয়ে ২০১৯ সালের ১৩ অক্টোবর ইউসিবিএল ব্যাংকের চট্টগ্রামের পোর্ট শাখায় একটি চলতি হিসাব খোলা হয়।

পরের বছরের ১৩ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটি গম, হলুদ, ছোলা ও মটর আমদানির কথা বলে ১৮০ দিনের জন্য টাইম লোনের আবেদন করে।

নেতিবাচক প্রস্তাব থাকার পরও ব্যাংকের পরিচালনা পরিষদ কোনো ধরনের ‘যাচাই-বাছাই না করে’ ঋণ অনুমোদন করে। ঋণের টাকাগুলো ‘নামসর্বস্ব’ চারটি প্রতিষ্ঠান আলফা ট্রেডার্স, ক্লাসিক ট্রেডার্স, মডেল ট্রেডিং ও ইম্পেরিয়াল ট্রেডিংয়ের ব্যাংক হিসাবে পে-অর্ডারের মাধ্যমে স্থানান্তর করা হয়, পরে যা নগদে উত্তোলন ও স্থানান্তর করা হয়।

পরবর্তীতে এসব টাকা হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করে সম্পত্তি কেনা এবং জাবেদের মালিকানাধীন আরামিট সিমেন্টে ও আরামিট থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের হিসাবে জমা করে দায় সমন্বয় করা হয়।

২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে এ আত্মসাতের ঘটনা ঘটে বলে অভিযোগপত্রে বলা হয়েছে।

আসামিরা দণ্ডবিধির ৪০৬, ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন মর্মে তদন্তকারী কর্মকর্তা অভিযোগপত্রে লিখেছেন।

ঠিকানা/এসআর
 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz