সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদকে নিয়ে মাহিয়া মাহির বিস্ফোরক অভিযোগ

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ২৩:৫১ , অনলাইন ভার্সন
আবারও আলোচনায় ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী মাহিয়া মাহি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন। পাশাপাশি তার দাবি, শুধু তিনি নন, মিডিয়া অঙ্গনের আরও অনেক নারীও সাবেক এই প্রতিমন্ত্রীর আচরণের কারণে হয়রানি ও বুলিংয়ের শিকার হয়েছেন।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওটির ক্যাপশনে মাহি লেখেন, ‘অসভ্য মুরাদ ও বিহারীদের গাত্রদাহ। সবাইকে একবার শুনার অনুরোধ জানাচ্ছি, এটা একটা নায়িকা না, একজন মায়ের অনুরোধ।’

ভিডিওতে মাহি বলেন, একটি পুরোনো অডিও ক্লিপকে ঘিরে তাকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করা হচ্ছে। তবে তার দাবি, পুরো ঘটনার প্রেক্ষাপট না বুঝেই অনেকেই তাকে দোষারোপ করছেন।

তার ভাষ্য অনুযায়ী, অডিওতে শোনা যায়, ডা. মুরাদ হাসান বলছেন, ‘ও তো আমার ফোন ধরবে না।’ মাহির দাবি, তিনি তাকে ব্লক করে রেখেছিলেন এবং নিজের নম্বরে যোগাযোগ করতে না পেরে অন্যের ফোন ব্যবহার করে তার সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়েছিল।

ভিডিওতে তিনি আরও দাবি করেন, ওই অডিওতে ডা. মুরাদ হাসান বিভিন্ন আইনশৃঙ্খলা ও গোয়েন্দা সংস্থার নাম উল্লেখ করে ভয়ভীতি প্রদর্শনের কথাও বলেছিলেন। মাহির মতে, তাদের সম্পর্ক স্বাভাবিক থাকলে এমন ধরনের বক্তব্য দেওয়ার প্রশ্নই উঠত না।

অভিনেত্রীর দাবি, সে সময় তিনি পরিচিত প্রভাবশালী ব্যক্তিদের কাছেও বিষয়টি জানিয়েছিলেন এবং সহকর্মীদের কাছ থেকেও সহযোগিতা চেয়েছিলেন। তার ভাষ্য, অনেকেই পরিস্থিতি সম্পর্কে জানলেও ডা. মুরাদ তৎকালীন মন্ত্রী হওয়ায় কার্যকরভাবে কেউ এগিয়ে আসতে পারেননি।

ভিডিওতে মাহি আরও বলেন, কয়েকজন সহকর্মী রাতের বেলায় তাকে ফোন করে ডা. মুরাদের সঙ্গে কথা বলিয়ে দেওয়ার চেষ্টা করতেন। পরে তারাই তাকে সতর্ক করে নির্দিষ্ট সময়ে ফোন এলে তা রিসিভ না করার পরামর্শ দেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে মাহি বলেন, তার কাছে পৌঁছাতে পারলে তিনি বিষয়টি জানাতেন এবং তিনি বিশ্বাস করেন, সে ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হতো। তবে সেই সুযোগ না পাওয়ায় পরিস্থিতি নিজের মতো করে সামাল দিতে হয়েছে বলে দাবি করেন তিনি।

ভিডিওর শেষাংশে মাহিয়া মাহি অভিযোগ করেন, তার জানামতে শুধু তিনি নন, চলচ্চিত্রশিল্পের অনেক অভিনয়শিল্পী, সংবাদ উপস্থাপক ও সংগীতশিল্পীসহ বহু নারী ডা. মুরাদ হাসানের আচরণের কারণে বুলিং বা হয়রানির শিকার হয়েছেন।

উল্লেখ্য, এর আগে ডা. মুরাদ হাসান ও মাহিয়া মাহির কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। নতুন ভিডিওবার্তায় সেই ঘটনার প্রেক্ষাপট তুলে ধরে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন মাহি।

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]