​বার্সেলোনায় ঐতিহ্যবাহী ‘বাংলার মেলা-২০২৬’ উদযাপন

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ২৩:৪৯ , অনলাইন ভার্সন
তুতিউর রহমান :  স্পেনের বার্সেলোনা শহরে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে ঐতিহ্যবাহী ‘বাংলার মেলা-২০২৬’।

গত ১১ জুলাই (শনিবার) সকাল থেকে রাত ২টা পর্যন্ত শহরের প্রাণকেন্দ্র রামবলা দেল রাভাল (Rambla del Raval) প্রাঙ্গণ বাংলা গান, লোকজ সংস্কৃতি, দেশীয় খাবারের ঘ্রাণ এবং প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় মুখর হয়ে ওঠে।

মেলার প্রধান আকর্ষণ ছিলেন বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় সংগীতশিল্পী সালমা, কিশোর ও সাথী খান। তাঁদের পরিবেশনায় দর্শক-শ্রোতারা প্রাণবন্ত সময় উপভোগ করেন।

প্রবাসজীবনের ব্যস্ততার মাঝেও এক টুকরো বাংলাদেশকে হৃদয়ে ধারণ করে প্রায় সহস্রাধিক প্রবাসী বাংলাদেশি এই মিলনমেলায় অংশ নেন। বার্সেলোনায় বসবাসরত বাংলাদেশিদের অন্যতম বৃহৎ এই সাংস্কৃতিক আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিল এসোসিয়েশন কুলতুরাল ই উমানিতারিয়া দে বাংলাদেশ এন কাতালুনিয়া।

সন্ধ্যা ৮টায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্সেলোনায় বাংলাদেশের অনারারি কনসাল সিনিয়র রামন পেদ্রো বেরনাউস।

মিরন নাজমুলের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে মঞ্চে আমন্ত্রণ জানানো হয় সংগঠনের সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক এ কে আজাদ দুলাল, প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক জাফার হোসাইনকে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেনের কংগ্রেস সদস্য ও বার্সেলোনার মেয়র পদপ্রার্থী জেরার্দো পিসারেলো, বার্সেলোনার সিউতাত ভেয়া প্রেসিডেন্সির উপদেষ্টা কাউন্সিলর দাভিদ পেকেনিও, সিউতাত ভেয়া জেলার কাউন্সিলর আলবের্তো আলভারেজ, নারী ক্ষমতায়নবিষয়ক এনজিও ACESOP-এর প্রেসিডেন্ট ড. হুমা জামশেদ, পুলিশের কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রাত ৯টা থেকে মাসুদা পারভীন মুন্নি, তাইফা রহমান ও নিগার সুলতানার উপস্থাপনায় শুরু হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে লোকসংগীত, আধুনিক গান, নৃত্য, আবৃত্তি, শিশু-কিশোরদের পরিবেশনা এবং দেশীয় সংস্কৃতিভিত্তিক নানা আয়োজন দর্শকদের মুগ্ধ করে।

বার্সেলোনায় বসবাসরত শিল্পীদের মধ্যে সংগীত পরিবেশন করেন দিবা, রাজু, তন্ময়, প্রমি, বর্ষা, শামীম ও জয়। এছাড়া প্রবাসে বেড়ে ওঠা শিশু-কিশোর শিল্পীদের মধ্যে আলবিনা, উপমা, আমিমা, সারা, তুবা, নীলা, নীলিমা, তানিশা ও সায়েবা নৃত্য পরিবেশন করেন। কৌতুক পরিবেশন করেন পান্না।

মেলায় ছিল বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবারের সমৃদ্ধ আয়োজন। বিরিয়ানি, ভর্তা, বিভিন্ন ধরনের পিঠা, ফুচকা, চটপটি, ঝালমুড়িসহ দেশের বিভিন্ন অঞ্চলের জনপ্রিয় খাবারের স্টলে দর্শনার্থীদের ছিল উপচে পড়া ভিড়।

মেলা শেষে আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রতি বছরের মতো এবারও ‘বাংলার মেলা-২০২৬’ শুধু একটি উৎসব নয়, বরং প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও শিকড়কে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

ঠিকানা/এসআর
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]