বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ২৩:২১ , অনলাইন ভার্সন
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত আরও তীব্র হওয়ায় বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। বিশেষ করে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকতে এবং স্থানীয় মার্কিন দূতাবাস বা কনস্যুলেটের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

শনিবার (১৮ জুলাই) পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এক বার্তায় এ সতর্কতা জারি করা হয়। এতে বলা হয়, মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং যেকোনো সময় তা আরও অবনতি হতে পারে। বিভিন্ন দেশে ফ্লাইট বাতিল ও আকাশপথ সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক ভ্রমণেও বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক করা হয়েছে।

সতর্কবার্তায় আরও উল্লেখ করা হয়, মধ্যপ্রাচ্যের বাইরেও বিভিন্ন দেশে মার্কিন কূটনৈতিক স্থাপনা লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। পাশাপাশি ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো বিশ্বের বিভিন্ন স্থানে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা বা মার্কিন নাগরিকদের লক্ষ্য করে হামলা চালাতে পারে।

এ অবস্থায় বিদেশে থাকা মার্কিন নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত নিকটস্থ মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

এর কয়েক ঘণ্টা আগে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, গত শুক্রবার জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার সময় দুই মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন। এতে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতে সরকারি হিসাবে নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে এ ঘটনায় প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানান। এরপর তার নির্দেশনায় সেন্টকম ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-সংশ্লিষ্ট একাধিক লক্ষ্যবস্তুতে নতুন হামলা চালানোর ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্রের দাবি, নিহত মার্কিন সেনাদের মৃত্যুর জন্য দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।

অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার রাতে কেশম দ্বীপ, বন্দর আব্বাস ও সিরিক এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। তবে আগের সাত রাতের তুলনায় হামলার তীব্রতা কিছুটা কম ছিল বলে দাবি করা হয়েছে।

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]