​হবিগঞ্জে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ১৭:৪৪ , অনলাইন ভার্সন
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিএনপি-যুবদলের একই স্থানে, একই সময়ে ডাকা সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। পরে তিন প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে একযোগে কাজ করছেন এবং ড্রোনের মাধ্যমে মাইকিং কার্যক্রম পরিচালনা করছেন। ২৯ জুলাই (বুধবার) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপির বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রাকে ঘিরে হবিগঞ্জ সদর উপজেলা, পৌর বিএনপি এবং জেলা যুবদলের নেতাকর্মীরা একই সময়ে ও একই স্থানে পাল্টা প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছেন। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়ে সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতিতে জনশৃঙ্খলা রক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবিগঞ্জ পৌর এলাকার মধ্যে পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, মিছিল, সভা, শোভাযাত্রা, স্লোগান, পিকেটিং, বিস্ফোরক দ্রব্য বহন কিংবা আইনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে– এমন সব ধরনের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

জেলা প্রশাসনের আদেশে আরও বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

এর আগে গতকাল মঙ্গলবার  হবিগঞ্জে সমাবেশ শেষে সার্কিট হাউসে ফেরার পথে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কয়েকজন আহত হন।

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]