​যুক্তরাষ্ট্র থেকে ফেরত এলেন আরও ২৩ বাংলাদেশি

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ২০:২১ , অনলাইন ভার্সন
যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। ৩০ জুলাই (বৃহস্পতিবার) ভোরে ওমনি এয়ারের বিশেষ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে ফিরে আসা এসব বাংলাদেশি ২০১৪ সালের বিভিন্ন সময়ে উন্নত কর্মসংস্থানের আশায় ওয়ার্ক পারমিট ভিসায় বাংলাদেশ ত্যাগ করেছিলেন। পরে তারা দুবাই, কাতার, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল ও পেরুসহ বিভিন্ন দেশে অবস্থান করে পর্যায়ক্রমে সীমান্ত অতিক্রমের মাধ্যমে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন।

সেখানে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করলেও বৈধ অভিবাসন-সংক্রান্ত শর্ত পূরণে ব্যর্থ হওয়া এবং মার্কিন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের বিশেষ ফ্লাইটে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

বিমানবন্দরে পৌঁছানোর পর বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক প্রত্যেক ডিপোর্টি যাত্রীকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করে। পাশাপাশি তাদের জন্য হালকা খাবারেরও ব্যবস্থা করা হয়। ইমিগ্রেশন ও অন্যান্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর দুপুর ১টা ৩০ মিনিটে তারা বিমানবন্দর ত্যাগ করেন।

উল্লেখ, সাম্প্রতিক সময়ে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠানোর ঘটনা অব্যাহত রয়েছে। বিশেষজ্ঞরা বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে বৈধ পথ অনুসরণ এবং সংশ্লিষ্ট দেশের অভিবাসন আইন কঠোরভাবে মেনে চলার ওপর গুরুত্বারোপ করছেন।

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]