​ভারতে ২ সহকর্মীকে গুলি করে হত্যার পর পুলিশ সদস্যের আত্মহত্যা

প্রকাশ : ০৪ অগাস্ট ২০২৬, ২১:০৬ , অনলাইন ভার্সন
ভারতের আসাম রাজ্যের নগাঁও জেলায় সিআরপিএফের এক সদস্য দুই সহকর্মীকে গুলি করে হত্যা করে নিজেও আত্মহত্যা করেছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

৪ আগস্ট (মঙ্গলবার) সকাল সাড়ে সাতটার দিকে নগাঁওয়ের কাটিমারিতে অবস্থিত সিআরপিএফের ৩৪ ব্যাটালিয়ন ক্যাম্পে এ ঘটনা ঘটে। নগাঁওয়ের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (হেডকোয়ার্টার) পারমিতা সরকার জানান, প্রধান ফটকে দায়িত্বরত এএসআই/জিডি বল্লানি প্রেমাবরম হঠাৎ সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালান। পরে তিনি নিজের ওপরও গুলি চালিয়ে ঘটনাস্থলেই মারা যান। গুলিতে এইচভি/জিডি বিষ্ণু প্রসাদ বাঘেল ও এসআই/জিডি রামনাওয়াল সিং যাদব নিহত হন।

আহত গোবিন্দ শ্রীপুলকে প্রথমে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

নগাঁওয়ের জ্যেষ্ঠ পুলিশ সুপার পার্থ প্রতিম দাস জানান, অন্ধ্রপ্রদেশের বাসিন্দা এএসআই বল্লানি প্রেমাবরম সেদিন সকালে প্রধান ফটকে দায়িত্ব পালন করছিলেন। তার কাছে তখন কোনো অস্ত্র ছিল না। পরে তিনি গার্ডরুম থেকে একটি ইনসাস রাইফেল নিয়ে কোয়ার্টার গার্ডের পেছনে যান। সেখানে প্রথমে বিষ্ণু প্রসাদ বাঘেলকে গুলি করেন। বাঘেল ঘটনাস্থলেই মারা যান। এরপর রামনাওয়াল সিং যাদবকে গুলি করেন। যাদব নথিপত্র যাচাইয়ের জন্য লখনউ থেকে ক্যাম্পে এসেছিলেন। তিনিও ঘটনাস্থলে নিহত হন।

এরপর প্রেমাবরম গোবিন্দ শ্রীপুলকে গুলি করে আহত করেন। শেষে ক্যাম্পের ব্যারাকে গিয়ে নিজের ওপর গুলি চালান এবং মারা যান।

ঘটনার পর সিআরপিএফ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ক্যাম্পে পৌঁছে তদন্ত শুরু করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ এখনো জানা যায়নি। তদন্ত চলছে।

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]