তীব্র তাপপ্রবাহ ও আকস্মিক বন্যার আশঙ্কায় জরুরি পরিকল্পনা চালু মেয়র মামদানি’র

প্রকাশ : ০৭ অগাস্ট ২০২৬, ১০:২৩ , অনলাইন ভার্সন
তীব্র তাপপ্রবাহ, শক্তিশালী বজ্রঝড় এবং আকস্মিক বন্যার আশঙ্কায় নিউইয়র্ক সিটিতে ‘হিট অ্যান্ড ফ্ল্যাশ ফ্লাড ইমার্জেন্সি প্ল্যান’ চালু করেছেন মেয়র জোহরান কওয়ামে মামদানি। একই সঙ্গে নিউইয়র্ক সিটি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট নগরজুড়ে জরুরি প্রস্তুতি জোরদার করেছে। বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে খোলা হচ্ছে শতাধিক কুলিং সেন্টার, সম্প্রসারণ করা হয়েছে ‘কোড রেড’ কার্যক্রম এবং মাঠে নামানো হচ্ছে বিশেষ ‘কুল ভ্যান’।

আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, ন্যাশনাল ওয়েদার সার্ভিস বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শুক্রবার রাত ৮টা পর্যন্ত হিট অ্যাডভাইজরি জারি করেছে। এ সময়ে অনুভূত তাপমাত্রা (হিট ইনডেক্স) ১০০ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছাতে পারে। একই সঙ্গে বুধবার থেকেই বিচ্ছিন্ন বজ্রঝড় ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা বৃহস্পতিবার আরও তীব্র হতে পারে। শুক্রবার বিকেল ও সন্ধ্যায় আকস্মিক বন্যা ও জলাবদ্ধতার ঝুঁকি সবচেয়ে বেশি থাকবে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ।

তাপপ্রবাহের প্রভাব কমাতে বৃহস্পতিবার ও শুক্রবার নিউইয়র্ক সিটির পাঁচটি বরোতে শতাধিক কুলিং সেন্টার চালু থাকবে। এসব কেন্দ্রে সাধারণ মানুষ শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে নিরাপদে অবস্থান করতে পারবেন। প্রতিবন্ধীবান্ধব ও পোষা প্রাণীবান্ধব কুলিং সেন্টারের অবস্থান জানতে ৩১১ নম্বরে ফোন করা যাবে অথবা অনলাইনে তথ্য পাওয়া যাবে। এছাড়া শহরের লিঙ্কএনওয়াইসি কিয়স্কগুলো থেকেও নিকটস্থ কুলিং সেন্টারের অবস্থান ও সেখানে যাওয়ার নির্দেশনা জানা যাবে।

গরমে স্বস্তি দিতে নিউইয়র্ক সিটির প্রায় ৫০টি আউটডোর সুইমিং পুল প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া অলিম্পিক ও মধ্যম আকারের কিছু সুইমিং পুল নির্ধারিত দিনগুলোতে রাত ৮টা পর্যন্ত চালু থাকবে। শহরের সব পাবলিক সমুদ্রসৈকতও প্রতিদিন খোলা থাকবে এবং সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত লাইফগার্ড দায়িত্ব পালন করবেন। লাইফগার্ডবিহীন এলাকায় বা নির্ধারিত সীমার বাইরে সাঁতার না কাটার আহ্বান জানিয়েছে সিটি প্রশাসন।

মেয়র মামদানি বলেন, “তীব্র গরম ও শক্তিশালী ঝড় নিউইয়র্কের দিকে এগিয়ে আসছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রস্তুতি নেওয়া এবং একে অপরের খোঁজ রাখা। যাদের বাসায় এয়ার কন্ডিশনার নেই তারা কুলিং সেন্টারে যাওয়ার পরিকল্পনা করুন। যারা বেসমেন্ট অ্যাপার্টমেন্টে থাকেন বা আগে বন্যার অভিজ্ঞতা রয়েছে, তারা আগেভাগেই নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করুন। পাশাপাশি আশপাশের বয়স্ক ও অসহায় প্রতিবেশীদের খোঁজ নিন।”

তিনি জানান, সিটি প্রশাসন ইতোমধ্যে ক্যাচ বেসিন পরিষ্কার, জরুরি উদ্ধার দল প্রস্তুত এবং বয়স্কদের সহায়তায় বিশেষ ভ্যান মোতায়েনসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

বাসিন্দাদের জন্য স্বাস্থ্য সুরক্ষায় কয়েকটি জরুরি পরামর্শও দিয়েছে প্রশাসন। পর্যাপ্ত পানি পান করা, দিনের সবচেয়ে গরম সময়ে অপ্রয়োজনীয় বাইরে না যাওয়া এবং সম্ভব হলে শীতাতপ নিয়ন্ত্রিত স্থানে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। বয়স্ক, প্রতিবন্ধী ও দীর্ঘমেয়াদি অসুস্থ ব্যক্তিদের প্রতি বিশেষ নজর রাখার আহ্বান জানানো হয়েছে। অতিরিক্ত গরমে শারীরিক অসুস্থতার লক্ষণ দেখা দিলে দ্রুত ৯১১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

ভারী বৃষ্টি ও বজ্রঝড়ের সময় অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে, ঘরের ভেতরে অবস্থান করতে এবং বিদ্যুতের ছিঁড়ে পড়া তার বা উপড়ে পড়া গাছ থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে বেসমেন্ট অ্যাপার্টমেন্টে বসবাসকারীদের আগেভাগেই বিকল্প নিরাপদ স্থানে যাওয়ার পরিকল্পনা করার আহ্বান জানিয়েছে প্রশাসন। জরুরি নয় এমন সমস্যা, যেমন রাস্তার গাছ পড়ে যাওয়া বা ক্যাচ বেসিন বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ৩১১ নম্বরে জানাতে বলা হয়েছে।

গৃহহীনদের সুরক্ষায় বৃহস্পতিবার ও শুক্রবার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত ‘কোড রেড’ কার্যক্রম চালানো হবে। এ সময় স্ট্রিট আউটরিচ টিম গৃহহীনদের আশ্রয়কেন্দ্র, কুলিং সেন্টার ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার সঙ্গে সংযুক্ত করবে। পাশাপাশি শহরজুড়ে ২১টি ‘কুল ভ্যান’ মোতায়েন করা হচ্ছে। এসব ভ্যানে স্বাস্থ্য পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা, ইলেকট্রোলাইট পানীয়, সানস্ক্রিন, খাবার, কুলিং সেন্টারে পরিবহন এবং বয়স্কদের বাড়িতে গিয়ে খোঁজ নেওয়ার মতো সেবা দেওয়া হবে।

নিউইয়র্ক সিটি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট কমিশনার ক্রিস্টিনা ফ্যারেল বলেন, আগামী কয়েক দিন চরম তাপপ্রবাহ ও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি বাসিন্দাদের ‘নোটিফাই এনওয়াইসি’-তে নিবন্ধন করে সর্বশেষ জরুরি সতর্কতা পাওয়ার পরামর্শ দেন।

সিটি প্রশাসনের ভাষ্য, ব্যক্তিগত সচেতনতা, প্রতিবেশীদের প্রতি সহমর্মিতা এবং সরকারি নির্দেশনা মেনে চলাই এ ধরনের চরম আবহাওয়ায় জীবন ও সম্পদ সুরক্ষার সবচেয়ে কার্যকর উপায়। সেই লক্ষ্যেই নিউইয়র্ক সিটি সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে।

ঠিকানা/এসআর
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]