লাউ দিয়ে তৈরি করুন সুস্বাদু হালুয়া

প্রকাশ : ১২ অগাস্ট ২০২৬, ০০:৪৯ , অনলাইন ভার্সন
লাউ বলতেই বাঙালির মনে ভেসে ওঠে লাউ-চিংড়ি, লাউঘণ্ট কিংবা লাউ ডালের মতো পরিচিত নানা পদ। তবে এই সবজিটি দিয়ে যে দারুণ স্বাদের মিষ্টিও তৈরি করা যায়, তা অনেকেরই অজানা। লাউ দিয়ে সহজেই তৈরি করা যায় সুস্বাদু হালুয়া বা পায়েস। এমনকি যারা লাউ খেতে খুব একটা পছন্দ করেন না, তারাও এই মিষ্টি পদটি বেশ তৃপ্তি নিয়ে খেতে পারেন। বর্ষার দিনে শেষপাতে লাউয়ের হালুয়া দিয়ে মিষ্টিমুখ করতে চাইলে জেনে নিন সহজ রেসিপি।

লাউয়ের হালুয়া তৈরিতে যা লাগবে
  • লাউ – ৩০০ গ্রাম
  • ঘি – ৪ টেবিলচামচ
  • দুধ – ২ কাপ
  • চিনি – ৮ টেবিলচামচ
  • কুচোনো আমন্ড, পেস্তা ও কাজু – ৩ টেবিলচামচ
  • এলাচগুঁড়ো – ১ চা-চামচ
  • গোলাপজল – ৩ চা-চামচ
  • সোনালি কিশমিশ – ১ টেবিলচামচ

যেভাবে তৈরি করবেন

প্রথমে লাউ ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে কুচি করে নিন। তবে কুচি করার আগে অবশ্যই লাউয়ের স্বাদ পরীক্ষা করে নেবেন। লাউ তেতো বা অস্বাভাবিক টক হলে সেটি ব্যবহার করবেন না। হালুয়া তৈরির জন্য টাটকা ও ভালো মানের লাউ বেছে নেওয়াই ভালো। এবার একটি ভারী ও অপেক্ষাকৃত বড় কড়াই চুলায় বসিয়ে মাঝারি আঁচে ঘি গরম করুন। কড়াই বড় হলে রান্নার সময় দুধ উপচে পড়ার আশঙ্কা কম থাকে। ঘি গরম হয়ে গেলে তাতে কুচোনো লাউ দিয়ে দিন। লাউকে ঘির সঙ্গে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ নেড়ে ভাজতে থাকুন। ধীরে ধীরে লাউ থেকে পানি বের হবে। সেই পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত লাউ নেড়ে ভাজতে হবে। এ সময় ঘিতে ভাজা লাউয়ের সুন্দর গন্ধ ছড়িয়ে পড়বে। লাউয়ের পানি শুকিয়ে এলে কড়াইয়ে দুধ ঢেলে দিন। দুধ ও লাউ ভালোভাবে মিশিয়ে মাঝারি আঁচে রান্না করতে থাকুন। এই সময় নিয়মিত নেড়ে দিতে হবে এবং চুলার কাছ থেকে সরে যাওয়া ঠিক হবে না, কারণ দুধ সহজেই উপচে পড়তে পারে।

দুধ কিছুটা কমে এলে এবং লাউ বেশির ভাগ দুধ শুষে নিলে চিনি দিয়ে দিন। এরপর ভালোভাবে নেড়ে রান্না করতে থাকুন। মিশ্রণটি ধীরে ধীরে ঘন ও মাখা-মাখা হয়ে আসবে। এরপর কুচোনো বাদাম, কাজু, পেস্তা ও এলাচগুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। চাইলে এই পর্যায়ে গোলাপজলও যোগ করতে পারেন। আরও কিছুক্ষণ রান্না করার পর যখন হালুয়া ঘন হয়ে আসবে এবং কড়াইয়ের পাশ থেকে ঘি আলাদা হতে শুরু করবে, তখন চুলা বন্ধ করে দিন। পরিবেশনের আগে হালুয়ার ওপর ছড়িয়ে দিন সোনালি কিশমিশ ও সামান্য কুচোনো বাদাম। গরম বা ঠান্ডা-দুইভাবেই পরিবেশন করা যায় সুস্বাদু এই লাউয়ের হালুয়া।

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]