​‘অসম্ভব বলে কিছু নেই’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত

প্রকাশ : ৩০ অগাস্ট ২০২৬, ১০:৪৯ , অনলাইন ভার্সন
রাজধানীর বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে লেখক খাজা শামীম শাহের নতুন গ্রন্থ ‘অসম্ভব বলে কিছু নেই’-এর প্রকাশনা ও গ্রন্থ-আলোচনা অনুষ্ঠান। শনিবার (২৯ আগস্ট) বিকেলে বাংলা একাডেমির আল মাহমুদ লেখক কর্ণারে আয়োজিত অনুষ্ঠানে কবি, লেখক, সাংবাদিক, গবেষক ও সাহিত্য-সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

বুক এন্ড বুকার’স প্রকাশিত বইটির প্রকাশনা অনুষ্ঠানে উদ্বোধন করেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কবি ড. শরীফ আস-সাবের। প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী নাজিমউদ্দিন আল আজাদ। প্রধান আলোচক ছিলেন ‘বিশ্ববাতায়ন’-এর সম্পাদক ও কবি সালেম সুলেরী।

আলোচনায় বক্তারা বলেন, সহজ ও প্রাঞ্জল ভাষায় লেখক বইটিতে বিভিন্ন নীতিকথা ও জীবনবোধ তুলে ধরেছেন। এসব ভাবনা ব্যক্তি ও সমাজজীবনে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখতে পারে।

গ্রন্থের লেখক খাজা শামীম শাহ বলেন, মানুষের কল্যাণের বিষয়টি বিবেচনায় নিয়েই তিনি বইটি লিখেছেন। মানুষের জীবন ও সমাজের নানা দিক নিয়ে নিজের ভাবনা ও উপলব্ধি তিনি গ্রন্থটিতে তুলে ধরেছেন।

প্রধান আলোচক কবি সালেম সুলেরী তাঁর বক্তব্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালনের তারিখ নিয়েও কথা বলেন। তিনি বলেন, গ্রেগরিয়ান বা ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ২৯ আগস্ট নজরুলের মৃত্যুবার্ষিকী। তাঁর দাবি, বাংলাদেশ ছাড়া ভারত ও প্রবাসী বাঙালি সমাজসহ বিশ্বের বিভিন্ন স্থানে ২৯ আগস্ট দিনটি পালন করা হয়। বাংলাদেশে সরকারি পর্যায়ে ২৭ আগস্ট মৃত্যুবার্ষিকী পালনের বিষয়টি নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

সালেম সুলেরী বলেন, ‘অসম্ভব বলে কিছু নেই’—এই প্রত্যয় শুধু বইয়ের নাম নয়, অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদেরও প্রতীক হতে পারে।

অনুষ্ঠানে ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি বিরোধী জাতীয় কমিটির সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরী, উত্তরবঙ্গের তিনবারের জনপ্রতিনিধি আব্দুল মজিদ, কবি আরিফ মইনুদ্দীন, লেখক ও গবেষক প্রাকৃতজ শামীমরুমী টিটন, বাংলা একাডেমির উপপরিচালক ড. শাহেদ মন্তাজ এবং লাইব্রেরি আন্দোলনের নেতা ইমাম হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান ও অধ্যক্ষ শরিফুল ইসলাম। ধন্যবাদ জ্ঞাপন করেন গ্রন্থের লেখক খাজা শামীম শাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বইটির প্রকাশক ও কবি মায়ারাজ।

অনুষ্ঠানে বিভিন্ন কবি ও লেখক স্বরচিত কবিতা ও গান পরিবেশন করেন। পাশাপাশি গ্রামীণ পর্যায়ের প্রতিভাবান ব্যক্তিদের সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানটি সদ্যপ্রয়াত চার লেখক ও গবেষকের স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়। তাঁরা হলেন—বাংলা একাডেমির সাবেক সভাপতি আবুল কাসেম ফজলুল হক, কবি ও মুক্তিযোদ্ধা আল মুজাহিদী, প্রথাবিরোধী কবি-কথক ভাস্কর চৌধুরী এবং কবি-সংগঠক মাহমুদুল হাসান নিজামী।

অনুষ্ঠানে প্রয়াত চার সাহিত্যিকের কর্ম ও অবদান স্মরণ করে স্মৃতিচারণ করেন প্রধান আলোচক কবি সালেম সুলেরী।

ঠিকানা/এসআর
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]