​আইনমন্ত্রী আসাদুজ্জামান

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ৫৯ জন

প্রকাশ : ২১ জুন ২০২৬, ১৯:৩৬ , অনলাইন ভার্সন
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) এ পর্যন্ত মোট ৮০টি মামলা দায়ের করা হয়েছে। ২১ জুন (রবিবার) জাতীয় সংসদ অধিবেশনে নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীর সদস্য মাসুম মোস্তফার টেবিলে উপস্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান আইনমন্ত্রী। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এদিন অধিবেশন শুরু হয়।

আইনমন্ত্রী বলেন, দায়েরকৃত মামলাগুলোর মধ্যে সাতটির রায় ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে এবং বাকি ৭৩টি মামলার বিচারিক কার্যক্রম চলমান রয়েছে।

মো. আসাদুজ্জামান জানান, বিচারাধীন মামলাগুলোর মধ্যে ২২টি বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। এ ছাড়া ৫১টি মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।

মন্ত্রী বলেন, নিষ্পত্তিকৃত সাতটি মামলায় মোট ৫৯ জন আসামিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এর মধ্যে ১৩ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বাকিদের যাবজ্জীবন কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মো. আসাদুজ্জামান আরও জানান, মানবতাবিরোধী অপরাধের এসব মামলায় মোট আসামির সংখ্যা ৪৬৩ জন। তাদের মধ্যে ১৭৪ জন গ্রেপ্তার হয়েছেন, ২৮৮ জন পলাতক রয়েছেন, একজন আসামি মৃত্যুবরণ করেছেন এবং একজন আসামি খালাস পেয়েছেন।  

আইনমন্ত্রী মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে আইনানুগ প্রক্রিয়ায় বিচার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]