ঠিকানার বিশেষ আলোচনা পর্বে আশিক চৌধুরী

বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশকে আরো আকর্ষণীয় করতে হবে

প্রকাশ : ২০২৬-১০-০১ ১০:০০:০০ , অনলাইন ভার্সন
বাংলাদেশের সম্ভাবনাময় খাতগুলোকে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সামনে কার্যকরভাবে তুলে ধরা, বিনিয়োগ প্রক্রিয়া সহজ করা এবং ব্যবসাবান্ধব পরিবেশ আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ সরকারের শীর্ষস্থানীয় বিনিয়োগ উন্নয়ন সংস্থা ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর চেয়ারম্যান আশিক চৌধুরী।
নিউইয়র্কে বর্হির্বিশ্বে সর্বাধিক জনপ্রিয় সংবাদ মাধ্যম ‘ঠিকানা’ আয়োজিত বাংলাদেশের বিনিয়োগের সুযোগ ও সম্ভাবনা নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশকে আরো আকর্ষণীয়ভাবে উপস্থাপনের পাশাপাশি দেশের সম্ভাবনাময় খাতগুলোর সক্ষমতা ও সুযোগ বিশ্ববাজারের সামনে তুলে ধরতে হবে।
গত ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার জ্যাকসন হাইটসের ঠিকানা কমিউনিটি হাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশের বর্তমান বিনিয়োগ পরিবেশ, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার সুযোগ, সম্ভাবনাময় বিভিন্ন খাত এবং প্রবাসী বাংলাদেশি ও নতুন প্রজন্মের উদ্যোক্তাদের দেশে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
অনুষ্ঠানের মূল অতিথি ছিলেন ইনভেস্টমেন্ট বাংলাদেশ-এর চেয়ারম্যান আশিক চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট প্রফেশনাল ও সাংবাদিক নাদের রহমান এবং ঠিকানা টিভির প্রধান সম্পাদক ও প্রখ্যাত সাংবাদিক খালেদ মুহিউদ্দীন। শুরুতে স্বাগত বক্তব্য দেন ঠিকানার সম্পাদকমণ্ডলীর সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম এম শাহীন।
অনুষ্ঠান আয়োজন ও পরিকল্পনায় নেতৃত্ব দেন ঠিকানা গ্রুপের ভাইস প্রেসিডেন্ট ও সিওও মুশরাত শাহীন অনুভা এবং ঠিকানা গ্রুপের চিফ অ্যাডভাইজর রুহিন হোসেন।
আলোচনায় আশিক চৌধুরী বাংলাদেশের বিনিয়োগের বর্তমান বাস্তবতা, নতুন সুযোগ এবং ভবিষ্যৎ সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। আন্তর্জাতিক বিনিয়োগ আকৃষ্ট করতে নীতিগত সহায়তা, বিনিয়োগকারীদের জন্য প্রক্রিয়া সহজীকরণ, সম্ভাবনাময় খাতের সঠিক ব্র্যান্ডিং এবং বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতাকে আন্তর্জাতিক পর্যায়ে আরও কার্যকরভাবে উপস্থাপনের বিষয়গুলো তাঁর বক্তব্যে গুরুত্ব পায়।
একই সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ী, বিনিয়োগকারী ও উদ্যোক্তারা কীভাবে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার সঙ্গে আরও সক্রিয়ভাবে যুক্ত হতে পারেন, তা নিয়েও আলোচনা হয়।
অনুষ্ঠানে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, পেশাজীবী এবং বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তারা অংশ নেন। বিশেষভাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা নতুন প্রজন্মের বেশ কয়েকজন বাংলাদেশি উদ্যোক্তা। তাঁরা বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের বাস্তব প্রক্রিয়া, সম্ভাবনাময় খাত, বিনিয়োগকারীদের জন্য বিদ্যমান সুযোগ এবং যুক্তরাষ্ট্রে জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশি নতুন প্রজন্মকে বাংলাদেশের অর্থনীতির সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত করার উপায় নিয়ে প্রশ্ন ও মতামত তুলে ধরেন।
আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের সম্পর্ক কেবল আবেগ ও শিকড়ের মধ্যেই সীমাবদ্ধ থাকার সুযোগ নেই। প্রবাসীদের পুঁজি, পেশাগত অভিজ্ঞতা, প্রযুক্তিগত জ্ঞান, উদ্ভাবনী চিন্তা এবং আন্তর্জাতিক নেটওয়ার্ক বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও নতুন বিনিয়োগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বিশেষ করে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে বেড়ে ওঠা বাংলাদেশি নতুন প্রজন্মের উদ্যোক্তাদের বৈশ্বিক অভিজ্ঞতা, প্রযুক্তিনির্ভর চিন্তা ও আন্তর্জাতিক ব্যবসায়িক নেটওয়ার্কের সঙ্গে বাংলাদেশের সম্ভাবনাময় বাজারের সংযোগ তৈরি করা গেলে নতুন ধরনের বিনিয়োগ ও ব্যবসায়িক অংশীদারত্বের সুযোগ সৃষ্টি হতে পারে বলে আলোচনায় মত উঠে আসে।
বাংলাদেশের বাজার ও আন্তর্জাতিক বাংলাদেশি উদ্যোক্তা সমাজের মধ্যে আরও কার্যকর সংযোগ তৈরির প্রয়োজনী-য়তার কথাও আলোচনায় উঠে আসে। একই সঙ্গে প্রবাসী বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের বিভিন্ন খাতের সুযোগ, নীতি ও বিনিয়োগ প্রক্রিয়া সম্পর্কে নির্ভরযোগ্য ও সহজলভ্য তথ্য পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের মানুষের উপস্থিতি, ব্যবসায়ী ও পেশাজীবীদের সক্রিয় অংশগ্রহণ এবং নতুন প্রজন্মের উদ্যোক্তাদের প্রশ্নোত্তরে অনুষ্ঠানটি বাংলাদেশে বিনিয়োগের সুযোগ, সম্ভাবনা এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সম্পৃক্ততা নিয়ে একটি প্রাণবন্ত মতবিনিময়ের প্ল্যাটফর্মে পরিণত হয়।
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]