ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে হাসান, উন্নতি লিটন-ইবাদতের

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ১৯:৫৩ , অনলাইন ভার্সন
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দল জিততে না পারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছেন হাসান মাহমুদ। উন্নতি করেছেন লিটন কুমার দাস ও ইবাদত হোসেন।

পুরুষ ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি বুধবার প্রকাশ করেছে আইসিসি। টেস্ট বোলারদের মধ্যে এখন ৩৮তম স্থানে আছেন হাসান। গত অগাস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো করে প্রথমবার ৩৮ নম্বরে ওঠেন ডানহাতি এই পেসার।

আবু ধাবিতে প্রথম ইনিংসে হ্যাটট্রিকসহ পাঁচ উইকেট নেন হাসান। বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে টানা তিন বলে তিন উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি। দ্বিতীয় ইনিংসে তার প্রাপ্তি একটি। এই পারফরম্যান্সে ৭ ধাপ এগিয়েছেন হাসান।

প্রথম ইনিংসে চারটি ও দ্বিতীয় ইনিংসে তিনটি শিকার ধরেন ইবাদত। এতে ১১ ধাপ উন্নতি করে ৬৭তম স্থানে আছেন এই পেসার।

ম্যাচে চার উইকেট নিয়ে এক ধাপ এগিয়ে এখন ২২ নম্বরে আছেন মেহেদী হাসান মিরাজ। টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের মধ্যে মিরাজের ওপরে আছেন কেবল তাইজুল ইসলাম। তিন ধাপ পিছিয়ে বাঁহাতি স্পিনারের অবস্থান ১৮তম।

আফগানিস্তানের মোহাম্মাদ সালিম (৭২তম) ২১ ধাপ, ইয়ামিন আহমাদজাই (৭৯তম) ছয় ধাপ এবং ইসমাত আলাম (১০০তম) ১৯ ধাপ এগিয়েছেন।

টেস্টের দুই ইনিংসে ৫৩ ও ১০২ রান করে লিটন কুমার দাস। এতে তিন ধাপ এগিয়ে ভারতের লোকেশ রাহুলের সঙ্গে যৌথভাবে ২৯তম স্থানে। প্রথম ইনিংসে ফিফটি করা তানজিদ হাসান ১০ ধাপ এগিয়েছেন, অবস্থান ৯২তম।

এক ধাপ পিছিয়ে ১৮তম স্থানে মুশফিকুর রহিম। র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের সবার ওপরে অভিজ্ঞ ব্যাটসম্যান। তার মতো এক ধাপ পিছিয়েছেন নাজমুল হোসেন শান্ত। এতে ২১ নম্বরে আছেন অধিনায়ক।

অনেকটা পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত আফগানিস্তানের টেস্টটি ড্র করার পথে বড় অবদান রাখেন রেহমাত শাহ ও সেদিকউল্লাহ আটাল। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে ফিফটি করে আফগান অধিনায়ক রেহমাতের উন্নতি ১৩ ধাপ, আছেন ত্রয়োদশ স্থানে। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে আটাল এগিয়েছেন ৪১ ধাপ, অবস্থান ৯১তম।

টেস্ট অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে তিনে মিরাজ। তার ওপরে আছেন দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন ও ভারতের রাভিন্দ্রা জাদেজা।

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]