৫৪০ দিনের স্বয়ংক্রিয় মেয়াদ বৃদ্ধি বন্ধ, চাকরি হারানোর ঝুঁকিতে হাজারো কর্মী

যুক্তরাষ্ট্র অভিবাসীদের জন্য বড় দুঃসংবাদ

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ২৩:১২ , অনলাইন ভার্সন
যুক্তরাষ্ট্রে অভিবাসীদের কাজের অনুমতিপত্র বা ওয়ার্ক পারমিট নবায়নের নিয়মে বড় পরিবর্তন এনেছে মার্কিন সরকার। নতুন নিয়মে নির্দিষ্ট শ্রেণির অভিবাসীদের জন্য ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার পর সর্বোচ্চ ৫৪০ দিন পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে কাজের অনুমতি বহাল রাখার সুবিধা বন্ধ করা হয়েছে। ফলে নবায়নের আবেদন অনুমোদনের অপেক্ষায় থাকলেও অনেক অভিবাসীকে মেয়াদ শেষ হওয়ার পর কাজ বন্ধ রাখতে হতে পারে।

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) ২০২৫ সালের ৩০ অক্টোবর থেকে নতুন নিয়ম কার্যকর করে। এর আওতায় ওই দিন বা তার পরে ওয়ার্ক পারমিট নবায়নের আবেদন করা নির্দিষ্ট শ্রেণির অভিবাসীরা আর আগের মতো স্বয়ংক্রিয় মেয়াদ বৃদ্ধির সুবিধা পাবেন না। তবে এর আগে জমা দেওয়া আবেদনের ভিত্তিতে পাওয়া ৫৪০ দিনের মেয়াদ বৃদ্ধি বহাল থাকবে। আইন বা পৃথক সরকারি বিজ্ঞপ্তির আওতায় যেসব ব্যতিক্রম রয়েছে, সেগুলোও এ নিয়মের বাইরে।

নতুন নিয়ম অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার আগে নবায়নের আবেদন অনুমোদিত না হলে এবং অন্য কোনো বৈধ কর্মানুমতির ভিত্তি না থাকলে তিনি আর কাজ করতে পারবেন না। অর্থাৎ আবেদন নিষ্পত্তিতে বিলম্ব হলে তার প্রভাব সরাসরি কর্মসংস্থানের ওপর পড়তে পারে।

মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা বিভাগ (ইউএসসিআইএস) মেয়াদ শেষ হওয়ার সর্বোচ্চ ১৮০ দিন আগে নবায়নের আবেদন করার পরামর্শ দিয়েছে। তবে আগেভাগে আবেদন করলেও নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদন না এলে সংশ্লিষ্ট কর্মীর কাজের অনুমতিতে বিরতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

নতুন নিয়মে রাজনৈতিক আশ্রয়ের আবেদনকারী, গ্রিন কার্ডের জন্য আবেদন করে অপেক্ষায় থাকা ব্যক্তি এবং এইচ-১বি ভিসাধারীদের নির্দিষ্ট শর্ত পূরণকারী এইচ-৪ ভিসাধারী স্বামী বা স্ত্রীসহ বিভিন্ন শ্রেণির অভিবাসী প্রভাবিত হতে পারেন। তবে সবার ক্ষেত্রে নিয়মটি একইভাবে প্রযোজ্য নয়। বিশেষ করে, সাময়িক সুরক্ষিত মর্যাদা বা টিপিএসের আওতায় পৃথক সরকারি বিজ্ঞপ্তিতে যাদের কর্মানুমতির মেয়াদ বাড়ানো হয়েছে, তারা নির্দিষ্ট শর্তে সেই সুবিধা পেতে পারেন।

এদিকে ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালত এইচ-৪ ভিসাধারী সাতজন আবেদনকারীর ক্ষেত্রে স্বয়ংক্রিয় মেয়াদ বৃদ্ধি বন্ধের সিদ্ধান্তে সাময়িক বাধা দিয়েছেন। তবে আদালতের আদেশটি ওই সাত আবেদনকারীর মধ্যেই সীমিত; এটি সারা দেশের সব এইচ-৪ ভিসাধারীর জন্য প্রযোজ্য নয়।

সরকারের যুক্তি, কর্মানুমতি নবায়নের আগে অভিবাসীদের যোগ্যতা, পরিচয় ও নিরাপত্তা-সংক্রান্ত বিষয়গুলো আরও ভালোভাবে যাচাই করতেই এই পরিবর্তন আনা হয়েছে। তবে অভিবাসন আবেদন নিষ্পত্তিতে বিলম্ব হলে কর্মীদের চাকরি, আয় ও পারিবারিক জীবনে অনিশ্চয়তা বাড়তে পারে।

২০২৬ সালের ১৩ অক্টোবর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, সরকার ৫৪০ দিনের স্বয়ংক্রিয় মেয়াদ বৃদ্ধির সুবিধা বন্ধের অন্তর্বর্তী নিয়মকে চূড়ান্ত বিধিতে পরিণত করার উদ্যোগ নিয়েছে। নতুন বিধি কার্যকর হলেও আগে থেকে পাওয়া মেয়াদ বৃদ্ধির সুবিধা এবং আইনগত ব্যতিক্রমগুলোর বিষয়টি আলাদাভাবে বিবেচিত হবে।

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]