ওপেনএআইয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যের মামলা

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ০২:৪৬ , অনলাইন ভার্সন
চ্যাটজিপিটির কারণে তরুণ ও কিশোরদের ক্ষতি হচ্ছে, এমন অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের আটটি অঙ্গরাজ্য।

বুধবার (১৪ অক্টোবর) অঙ্গরাজ্যগুলোর অ্যাটর্নি জেনারেলরা পৃথকভাবে এসব মামলা করেন। তাদের অভিযোগ, চ্যাটজিপিটি ব্যবহারকারীদের নিজেদের বা অন্যদের ক্ষতি করার বিষয়ে উৎসাহিত করেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মামলাকারী অঙ্গরাজ্যগুলোর মধ্যে আইওয়া, কানসাস ও অ্যারিজোনা রয়েছে। এসব অঙ্গরাজ্যের কর্মকর্তাদের দাবি, ব্যবহারকারীদের আস্থা অর্জনের জন্য চ্যাটজিপিটিকে এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে এটি তাদের সঙ্গে একমত হতে এবং কথোপকথন আকর্ষণীয় রাখতে আগ্রহী থাকে।

মামলায় অভিযোগ করা হয়েছে, এই বৈশিষ্ট্যের কারণে চ্যাটবটটি কখনো কখনো ব্যবহারকারীদের ভ্রান্ত বিশ্বাসকে আরও জোরদার করে, বিপজ্জনক আচরণে উৎসাহ দেয় এবং ব্যাপক প্রাণহানির উদ্দেশ্যে গুলিবর্ষণের মতো সহিংসতার পরিকল্পনায় সহায়তা করে। কিশোরদেরও এমন পরিস্থিতির শিকার হওয়ার অভিযোগ তুলেছেন মামলাকারীরা।

অঙ্গরাজ্যগুলোর অভিযোগ, চ্যাটজিপিটির নিরাপত্তা সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দিয়ে ওপেনএআই ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘন করেছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির কার্যক্রম স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করায় তা জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের পর্যায়ে পড়ে বলেও দাবি করা হয়েছে।

মামলাগুলোতে আদালতের কাছে চ্যাটজিপিটির কার্যপ্রণালিতে পরিবর্তন আনার নির্দেশ চাওয়া হয়েছে। একই সঙ্গে মানুষের মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য নিশ্চিত করতে না পারলে স্ব-উন্নয়ন সক্ষম কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল তৈরি থেকে ওপেনএআইকে বিরত রাখারও দাবি জানিয়েছেন মামলাকারীরা।

প্রতিবেদন অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর সমন্বিত আইনি পদক্ষেপের মধ্যে এই উদ্যোগকে অন্যতম উল্লেখযোগ্য ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

এর আগে গত জুনে ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেন। সূত্র : রয়টার্স

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]