হাসিনার ছবি নামিয়ে ফেলা জাবির সেই শিক্ষিকা হলেন পিএসসির সদস্য

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ০৩:১৫ , অনলাইন ভার্সন
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শামীমা সুলতানা। রাষ্ট্রপতি সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে তাকে এ পদে নিয়োগ দিয়েছেন। রোববার (২৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর অথবা তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত তিনি পিএসসির সদস্য পদে বহাল থাকবেন। এ ক্ষেত্রে যে শর্তটি আগে পূরণ হবে, সেটিই কার্যকর হবে।

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় নিজের কার্যালয় থেকে সে-সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সরিয়ে আলোচনায় আসেন অধ্যাপক শামীমা সুলতানা। ওই সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি ছিলেন তিনি।

২০২৪ সালের ১ আগস্ট বাংলা বিভাগের সভাপতির কার্যালয় থেকে শেখ হাসিনার ছবি সরিয়ে ফেলেন তিনি। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতাচ্যুত হওয়ার চার দিন আগে এ ঘটনা ঘটে। ছবি সরানোর পর সেই মুহূর্তের ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন শামীমা সুলতানা।

তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সহসভাপতি ছিলেন। তবে সংগঠনটির বর্তমান কমিটিতে তার কোনো পদ নেই।

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]