টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ২০:১৬ , অনলাইন ভার্সন
টেলিটক বাংলাদেশ লিমিটেডের ৭০০ মেগাহার্টজ ব্যান্ডের স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। ২৬ অক্টোবর (সোমবার) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের পাশাপাশি টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী এবং জেডটিই করপোরেশন বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাও জুনইয়ং, চিফ মার্কেটিং অফিসার জিয়াং শিয়াও, অ্যাকাউন্ট ডিরেক্টর মোহাম্মদ জাহেদ আলী এবং প্রজেক্ট ডিরেক্টর ঝু শিউবিন উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে জানানো হয়, ৭০০ মেগাহার্টজ ব্যান্ডের স্পেকট্রাম সংগ্রহ টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ ও আধুনিকায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এ ব্যান্ডের স্পেকট্রাম ব্যবহারের মাধ্যমে দেশের গ্রামীণ ও দুর্গম অঞ্চলে মোবাইল নেটওয়ার্কের আওতা সম্প্রসারণ, শহরাঞ্চলে ভবনের অভ্যন্তরে নেটওয়ার্ক সংযোগের মান উন্নয়ন এবং গ্রাহকদের নিরবচ্ছিন্ন ও উন্নত টেলিযোগাযোগসেবা দেওয়ার নতুন সম্ভাবনা তৈরি হবে। 

তুলনামূলকভাবে কম ফ্রিকোয়েন্সির হওয়ায় ৭০০ মেগাহার্টজ ব্যান্ডের রেডিও সিগন্যাল অধিক দূরত্বে পৌঁছাতে এবং ভবনের অভ্যন্তরে নেটওয়ার্ক সংযোগ উন্নত করতে সহায়ক।

ফলে এ উদ্যোগ দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য নির্ভরযোগ্য মোবাইল সংযোগ ও ডিজিটাল সেবা সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

টেলিটক দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর হিসেবে সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও মানসম্মত টেলিযোগাযোগসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে।

৭০০ মেগাহার্টজ ব্যান্ডের স্পেকট্রাম সংগ্রহের এ উদ্যোগ প্রতিষ্ঠানটির নেটওয়ার্ক উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রযুক্তিগত অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ঠিকানা/এএস 
 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]