নিউইয়র্ক সিটি ম্যারাথন ১ নভেম্বর

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ১৪:০১ , অনলাইন ভার্সন
নিউইয়র্ক সিটির জনপ্রিয় ক্রীড়া আয়োজন টিসিএস নিউইয়র্ক সিটি ম্যারাথনের সমাপনী মুহূর্ত সরাসরি উপভোগের সুযোগ দিতে ৩৫০টি বিনামূল্যের টিকিট দেওয়ার ঘোষণা দিয়েছে সিটি প্রশাসন। মেয়র জোহরান মামদানির কার্যালয় গত ২২ অক্টোবর এ ঘোষণা দেয়। টিকিটের মাধ্যমে নির্বাচিত দর্শকেরা সেন্ট্রাল পার্কে ম্যারাথনের ফিনিশিং লাইনের শেষ ২০০ মিটার অংশের গ্র্যান্ডস্ট্যান্ডে বসে প্রতিযোগীদের দৌড় শেষ করার রোমাঞ্চকর মুহূর্ত দেখতে পারবেন।
আগামী ১ নভেম্বর রোববার অনুষ্ঠিত হবে এ বছরের নিউইয়র্ক সিটি ম্যারাথন। আয়োজকদের প্রত্যাশা, এতে প্রায় ৬০ হাজার দৌড়বিদ অংশ নেবেন। স্ট্যাটেন আইল্যান্ডের ভেরাজানো-ন্যারোজ ব্রিজ থেকে শুরু হয়ে পাঁচটি বরো অতিক্রম করে প্রতিযোগীরা ২৬ দশমিক ২ মাইল পথ পাড়ি দিয়ে সেন্ট্রাল পার্কে পৌঁছাবেন। ম্যারাথন দেখতে নগরীর বিভিন্ন স্থানে দুই মিলিয়নেরও বেশি দর্শক ও সমর্থকের সমাগম হতে পারে বলে আশা করা হচ্ছে।
মেয়র মামদানি বলেন, দীর্ঘদিনের প্রশিক্ষণ ও প্রস্তুতির পর দৌড়বিদেরা পাঁচটি বরো পেরিয়ে ফিনিশিং লাইনের দিকে এগিয়ে যান। তাঁদের উৎসাহ দিতে দর্শকদের উপস্থিতি প্রতিযোগিতার অভিজ্ঞতাকে আরও আনন্দময় করে তোলে। বিনামূল্যের টিকিটের উদ্যোগের লক্ষ্য হলো আরও বেশি নিউইয়র্কবাসীকে এই বড় ক্রীড়া আয়োজনের সঙ্গে যুক্ত করা এবং খেলাধুলা উপভোগের সুযোগ সবার কাছে পৌঁছে দেওয়া।
টিকিট পেতে আগ্রহীদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছিল। আবেদন গ্রহণের শেষ সময় ছিল ২৬ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট। নিউইয়র্ক রোড রানার্সের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে লটারির মাধ্যমে টিকিটপ্রাপ্তদের নির্বাচন করার কথা জানানো হয়। আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। নির্বাচিত প্রত্যেকে সর্বোচ্চ দুটি টিকিট পেতে পারেন। দ্বিতীয় টিকিটটি যেকোনো বয়সের নিউইয়র্কবাসী ব্যবহার করতে পারবেন।
নিউইয়র্ক রোড রানার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা রব সিমেলখায়ার বলেন, ম্যারাথন নগরীর পরিচয়, কমিউনিটির সংহতি এবং মানুষের দৃঢ় সংকল্পের প্রতিফলন। পাঁচটি বরো নিয়ে ম্যারাথন আয়োজনের ৫০ বছর পূর্তি উপলক্ষে সিটি প্রশাসনের সঙ্গে কাজ করতে পেরে তাঁরা আনন্দিত। এ উদ্যোগের মাধ্যমে আরও বেশি মানুষ ফিনিশিং লাইনের আবেগঘন মুহূর্ত উপভোগ করতে পারবেন।
গ্র্যান্ডস্ট্যান্ডের টিকিটের সাধারণ মূল্য ৫৫ ডলার থেকে শুরু হয়। ফলে বিনামূল্যের টিকিটের মাধ্যমে নির্বাচিত দর্শকেরা কোনো টিকিটমূল্য ছাড়াই প্রতিযোগিতার শেষ অংশ সরাসরি দেখার সুযোগ পাবেন।
মেয়র মামদানির কার্যালয়ের ভাষ্য অনুযায়ী, বড় ক্রীড়া আয়োজন সাধারণ মানুষের নাগালে আনার বৃহত্তর প্রচেষ্টার অংশ এই উদ্যোগ। এর মধ্যে রয়েছে বিশ্বকাপ ফুটবল ম্যাচের জন্য সাশ্রয়ী টিকিটের সুযোগ, ২০২৬ সালের ইউএসএ ট্র্যাক অ্যান্ড ফিল্ড আউটডোর ও প্যারা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে বিনামূল্যের টিকিট এবং গথাম এফসি নারী ফুটবল দলের ম্যাচে ১৫ ডলারের টিকিটের উদ্যোগ।
এ ছাড়া গ্রীষ্মকালে বাস্কেটবল কোর্ট, সকার মাঠ ও অন্যান্য ক্রীড়াক্ষেত্রে অতিরিক্ত চার হাজার ঘণ্টা খেলার সুযোগ তৈরির কর্মসূচিও রয়েছে। শহরের বিভিন্ন স্থানে নিক্সের প্লে-অফ ম্যাচ বিনামূল্যে দেখানো, চ্যাম্পিয়নশিপ উদ্যাপনে বিনামূল্যের টিকিট এবং পাঁচটি বরোতে বিশ্বকাপ ফ্যান ফেস্ট আয়োজনের উদ্যোগও এ পরিকল্পনার অন্তর্ভুক্ত।
সিটি প্রশাসনের মতে, এসব কর্মসূচির মাধ্যমে নিউইয়র্কবাসীর জন্য খেলাধুলায় অংশগ্রহণ এবং বড় ক্রীড়া আয়োজন উপভোগের সুযোগ বাড়ানো হচ্ছে। নিউইয়র্ক সিটি ম্যারাথনের ফিনিশিং লাইনে বিনামূল্যে দর্শক প্রবেশের উদ্যোগও সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ।
 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]