লাল কার্ডের পর নিষিদ্ধ হলেন নেইমার

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫২ , অনলাইন ভার্সন
ফুটবলের নতুন নিয়ম অনুযায়ী হাত দিয়ে মুখ ঢেকে প্রতিপক্ষের সঙ্গে তর্ক করায় কার্ড দেখেছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। এবার ওই ঘটনায় সান্তোসের এই ফরোয়ার্ডকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এমনিতেই তিনটি হলুদ কার্ড দেখায় এক ম্যাচ খেলতে পারতেন না নেইমার, নতুন করে নিষেধাজ্ঞা মিলিয়ে তাকে তিন ম্যাচে পাবে না সান্তোস।

গত শনিবার ব্রাজিলিয়ান সিরি ‘আ’-তে বাহিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করা ম্যাচের ঘটনায় বুধবার এই শাস্তির কথা জানিয়েছে ব্রাজিলের সুপ্রিম কোর্ট অব স্পোর্টস জাস্টিস (এসটিজেডি)। সেই ম্যাচে একটি হলুদ কার্ড দেখার পর আরেকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে লাল কার্ড দেখেন নেইমার।

৩৪ বছর বয়সী সান্তোস তারকা বাহিয়ার মিডফিল্ডার রদ্রিগো নেস্তরের সঙ্গে বিবাদের সময় মুখ ঢেকে রাখায় নেইমারকে দোষী সাব্যস্ত করেছে ক্রীড়া ট্রাইব্যুনাল। এক্ষেত্রে ‘ভিনিসিয়ুস জুনিয়র’-এর নামে পরিচিত সেই নিয়ম লঙ্ঘন করেছেন তিনি, যে নিয়ম অনুযায়ী মাঠে প্রতিপক্ষের সঙ্গে সংঘাতের সময় খেলোয়াড়দের মুখ ঢেকে রাখা নিষিদ্ধ।

রেফারির প্রতিবেদনের বরাতে এসটিজেডি জানিয়েছে, লাল কার্ড দেখার পর নেইমার প্রতিপক্ষের সঙ্গে ফের বিবাদে জড়াতে দর্শক দলের বেঞ্চের দিকে ছুটে যান। পরে সতীর্থদের তাকে আটকে রাখতে হয়। সবমিলিয়ে তিনি তিন ম্যাচ নিষিদ্ধ হলেন। তবে নিয়ম লঙ্ঘনের ঘটনায় দেওয়া ওই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন নেইমার ও সান্তোস।

এ নিয়ে গত তিন মাসে দ্বিতীয়বারের মতো আলোচনায় এলো নেইমারের শাস্তির ঘটনা। গত আগস্টে ব্রাজিলের শীর্ষ ফুটবলে প্রথম খেলোয়াড় হিসেবে গোলরক্ষকদের সময়ক্ষেপণ ঠেকাতে পরীক্ষামূলকভাবে চালু করা নতুন নিয়মের আওতায় সাময়িকভাবে মাঠের বাইরে যেতে বাধ্য হয়েছিলেন সাবেক ব্রাজিল অধিনায়ক। গোলরক্ষকদের সময় নষ্ট করার প্রবণতা কমাতে লিগে নিয়মটি পরীক্ষা করা হচ্ছে।

সবমিলিয়ে ধারণা করা হচ্ছে, নভেম্বরের শেষ ভাগের আগে মাঠে ফিরতে পারবেন না নেইমার।

ঠিকানা/এসআর
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]