কথাসাহিত্যিক পূরবী বসুর জীবনাবসান

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ১৭:২১ , অনলাইন ভার্সন
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও বিজ্ঞানী ড. পূরবী বসুর জীবনাবসান হয়েছে। গত ১৩ নভেম্বর শুক্রবার দুপুর ১টার দিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পোর্ট সেন্ট লুসিতে নিজ বাড়িতে ঘুমের মধ্যে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।
পূরবী বসু দীর্ঘদিন নিউইয়র্কে বসবাস করেছেন। তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর স্বামী একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্ত। ১৯৬৭ সালের ২৪ সেপ্টেম্বর তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুরে পরীক্ষার জন্য রক্তের নমুনা নেওয়ার পর পূরবী বসু ঘুমিয়ে পড়েন। প্রায় এক ঘণ্টা পর পরিবারের সদস্যরা বুঝতে পারেন, তিনি আর বেঁচে নেই। বিকেল তিনটার দিকে তাঁর মরদেহ স্থানীয় একটি ফিউনারেল হোমে নেওয়া হয়। চিকিৎসাবিজ্ঞানের গবেষণায় নিজের দেহ দান করার ইচ্ছা জানিয়েছিলেন পূরবী বসু। সেই ইচ্ছা অনুযায়ী ইউনিভার্সিটি অব মায়ামিতে তাঁর মরদেহ দানের প্রক্রিয়া চলছে বলে পরিবার জানিয়েছে।
ছেলে দীপেন দত্ত ফেসবুকে মায়ের মৃত্যুর খবর জানিয়ে তাঁর দীর্ঘ রোগভোগের কথা তুলে ধরেন। তিনি জানান, প্রায় দুই দশক আগে পূরবী বসুর পারকিনসন রোগ ধরা পড়ে। পাঁচ বছর আগে এক গাড়ি দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। এরপর তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। প্রায় দুই বছর আগে তিনি বড় ধরনের স্ট্রোকে আক্রান্ত হন। এর আগে ক্যানসার থেকেও সেরে উঠেছিলেন। মায়ের স্মৃতিচারণ করে দীপেন লিখেছেন, ‘আমার মা আমার দেখা সবচেয়ে শক্তিশালী মানুষ ছিলেন।’
দেয়ালপত্রিকায় তাঁর লেখা গোয়েন্দা গল্প প্রকাশিত হয়। ছোটদের পত্রিকা ও সংবাদপত্রের শিশুতোষ পাতায় লেখালেখির মধ্য দিয়ে তাঁর সাহিত্যচর্চা এগিয়ে যায়। পেশাগত জীবনের পাশাপাশি লেখালেখি চালিয়ে যান তিনি। ১৯৮৯ সালে সমবায় প্রকাশনী থেকে প্রকাশিত হয় তাঁর প্রথম গল্পগ্রন্থ ‘পূরবী বসুর গল্প’।
গল্প, উপন্যাস ও প্রবন্ধে নারীর জীবন ও আত্মোপলব্ধি, প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম এবং সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্ন তুলে ধরেছেন পূরবী বসু। ২০১৩ সালে প্রকাশিত ‘প্রাচ্য পুরাণ ও প্রাচ্যে পুরাতন নারী’ গ্রন্থে তিনি প্রাচ্যের পুরাণ, রূপকথা ও উপকথার নারী চরিত্রগুলোকে মনস্তাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক দৃষ্টিতে বিশ্লেষণ করেন। ‘আমার এ দেহখানি’ গ্রন্থে উঠে এসেছে মাতৃত্ব ও পুরুষতন্ত্র নিয়ে তাঁর ভাবনা। ২০১৪ সালে প্রকাশিত তাঁর প্রথম উপন্যাস ‘অবিনাশী যাত্রা’য় তিনি লিখেছেন প্রবাসে এক নারীর একা বেঁচে থাকার সংগ্রাম ও আত্মোপলব্ধির কথা।
সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে পূরবী বসু ২০০৫ সালে অনন্যা সাহিত্য পুরস্কার এবং ২০১৫ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক ডিগ্রি অর্জনের পর উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান পূরবী বসু। মেডিক্যাল কলেজ অব পেনসিলভেনিয়া থেকে প্রাণরসায়নে স্নাতকোত্তর এবং ইউনিভার্সিটি অব মিসৌরি থেকে পুষ্টিবিজ্ঞানে পিএইচডি করেন। পরে পোস্টডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। তাঁর গবেষণাপত্র বিভিন্ন বিজ্ঞান ও চিকিৎসাবিষয়ক সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
নিউইয়র্কের মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যানসার সেন্টারে গবেষণা কর্মকর্তা হিসেবে কাজ করেন পূরবী বসু। পরে কর্নেল ইউনিভার্সিটিতে অধ্যাপনার সঙ্গে যুক্ত হন। বাংলাদেশে ফিরে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসে যোগ দেন। তিনি ব্র্যাকের স্বাস্থ্য বিভাগের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]