একসঙ্গে নয়, সি-পুতিনের সঙ্গে আলাদা বৈঠক করবেন ট্রাম্প

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০০:১৪ , অনলাইন ভার্সন
একটি ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা নিয়ে আলোচনা হলেও শি জিন পিং ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে একসঙ্গে বৈঠক করবেন না ট্রাম্প। এই দুই নেতার সঙ্গে আলাদা বৈঠকে বসবেন তিনি।

সিএনএন জানিয়েছে, চীনের শেনজেনে আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একান্ত বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ট্রাম্প। তবে ২০২৫ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের আলাস্কায় পুতিনের সঙ্গে তাঁর সর্বশেষ সরাসরি বৈঠক থেকে যুদ্ধ বন্ধের বিষয়ে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি আসেনি।

বুধবার (১৮ নভেম্বর) রাতে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের পারিবারিক ছবি তোলার আগে পুতিনকে করমর্দন করে স্বাগত জানান ট্রাম্প। এ সময় তাঁদের শুভেচ্ছা বিনিময়ের দৃশ্য ভিডিওতে ধারণ করা হয়।

এর আগে বুধবার সকালে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দিন শুরু করেন ট্রাম্প। সেখানে দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সঙ্গে বৈঠক করেন তিনি। পারমাণবিক জ্বালানি খাতে দুই দেশ ‘বড় কিছু’ করতে পারে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

পরে চীনের শেনজেনে পৌঁছালে বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানান চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। সাম্প্রতিক বছরগুলোতে চীনের কূটনৈতিক প্রটোকল অনুযায়ী, বিদেশি রাষ্ট্রপ্রধানদের স্বাগত জানাতে সাধারণত বিমানবন্দরে যান না দেশটির প্রেসিডেন্ট। ফলে শি জিন পিংয়ের এই উপস্থিতিকে বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

শেনজেনে পৌঁছে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবম ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গেও আলাদা বৈঠক করেন ট্রাম্প। বৈঠক শেষে শেইনবম একে ‘খুব ভালো বৈঠক’ বলে অভিহিত করেন।

এদিকে সম্মেলনে দেওয়া ভাষণে শি জিন পিং শেনজেনের অসাধারণ রূপান্তরের কথা তুলে ধরেন। কয়েক দশক আগের ছোট্ট একটি মাছ ধরা গ্রাম থেকে শহরটি এখন উদ্ভাবনের কেন্দ্রে পরিণত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, ট্রাম্প ও শি জিন পিংয়ের সঙ্গে নির্ধারিত বৈঠক থেকে ‘উল্লেখযোগ্য সম্ভাব্য সুফল’ পাওয়ার আশা প্রকাশ করেছেন পুতিন।

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]