৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০১:০২ , অনলাইন ভার্সন
বিএনপি সরকার গঠনের ১০ মাসের মাথায় প্রথম কোনো সরকারপ্রধানের দ্বিপক্ষীয় সফরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আগামী ৭ ডিসেম্বর দুই দিনের সফরে তার ঢাকায় আসার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র সফরের বিষয়টি নিশ্চিত করেছে। ওই সূত্র জানায়, ‘এখনই বিস্তারিত বলা যাচ্ছে না। তবে দ্রুত আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’

সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। বৈঠকে দুই দেশের সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা এবং সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরের জন্য গত জুনে মালয়েশিয়াকে বেছে নিয়েছিলেন তারেক রহমান। ওই সফরের সঙ্গে চীন সফরও যুক্ত করেছিলেন তিনি। ফেব্রুয়ারিতে দুই দশক পর বিএনপি সরকার গঠনের পর গত ২২ জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তারেক রহমান। ওই বৈঠকে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন দুই নেতা।

বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, উচ্চপর্যায়ের সফরসহ নিয়মিত সংলাপ ও যোগাযোগের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রে সমন্বয় জোরদার করতে একমত হয়েছেন দুই প্রধানমন্ত্রী। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিষয়ে সম্পৃক্ততা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন তারা।

দীর্ঘদিন ধরে ঝুলে থাকা যৌথ কমিশনের সভা (জেসিএম) এবং দ্বিপক্ষীয় সংলাপ দ্রুত আয়োজনের বিষয়েও দুই নেতা গুরুত্ব দিয়েছেন বলে যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরে হওয়া আলোচনার অগ্রগতি পর্যালোচনা এবং দুই দেশের সম্পর্ক নতুন করে গতিশীল করার সুযোগ তৈরি হবে এ সফরে।

এ ছাড়া মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি ও বাংলাদেশি কর্মীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় ছাড়াও বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও প্রতিরক্ষা সহযোগিতাসহ দ্বিপক্ষীয় এবং বহুপক্ষীয় বিভিন্ন বিষয় আলোচনার অ্যাজেন্ডায় থাকার সম্ভাবনা রয়েছে।

এর আগে ২০২৪ সালের ৪ অক্টোবর সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছিলেন আনোয়ার ইব্রাহিম। সে সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]