ঢাকাকে আরো বাসযোগ্য করতে পাইলট কর্মসূচিতে সহায়তা দেবে বিশ্বব্যাংক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ১৪:১০ , অনলাইন ভার্সন
ঢাকা শহরের জনসংখ্যার ক্রমবর্ধমান চাপ মোকাবেলা, নগরকে আরো বাসযোগ্য ও মানুষের জন্য আরামদায়ক করে তোলার বিষয়ে নতুন একটি প্রকল্প নিয়ে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। বিশ্বব্যাংক ঢাকাকে আরো বাসযোগ্য করার লক্ষ্যে পাইলট কর্মসূচিতে সহায়তা দেবে।

এ ছাড়া উপকূলীয় অঞ্চলের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশ্বব্যাংক ২০০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক।

২৩ নভেম্বর (সোমবার) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিসে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন স্থানীয় সরকার,  পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। বৈঠক শেষে এসব তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশ্বব্যাংক ২০০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

এ অর্থ উপকূলীয় মানুষের জীবনপদ্ধতি টেকসই করা এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বিপদ থেকে তারা কীভাবে রক্ষা পেতে পারে, সে লক্ষ্যে ব্যয় করা হবে।

সভায় বিশ্বব্যাংকের প্রতিনিধি হিসেবে  উপস্থিত ছিলেন বাংলাদেশ ও ভুটানের বিভাগীয় পরিচালক জ্যঁ পেসমে, নগর উন্নয়ন, সহনশীলতা ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের প্র্যাকটিস ম্যানেজার আবেদালরাজাক এফ খলিল, বাংলাদেশ ও ভুটানের কার্যক্রমবিষয়ক ব্যবস্থাপক ড. গেইল এইচ মার্টিন, দুর্যোগ ঝুঁকি 
ব্যবস্থাপনাবিষয়ক জ্যেষ্ঠ বিশেষজ্ঞ ভেরোনিক মেরি মরিন ফ্লোয়াসাক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকল্প পরিচালক আল আমিন ফয়সাল।

ঢাকা শহরকে আরো বাসযোগ্য ও মানুষের জন্য আরামদায়ক করে তোলার বিষয়ে নতুন একটি প্রকল্পের বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী। বিশ্বব্যাংক প্রতিনিধি পেসমে বলেন, ঢাকাকে আরো বাসযোগ্য করার লক্ষ্যে পাইলট কর্মসূচিতে সহায়তা দেবে বিশ্বব্যাংক।

ঢাকার নির্দিষ্ট কিছু এলাকায় কী কী করা সম্ভব, সে বিষয়ে সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রী তাদের পরিকল্পনা জানিয়েছেন।

আলোচনার ভিত্তিতে নতুন পাইলট কর্মসূচির মাধ্যমে বিশ্বব্যাংক সহায়তা দেবে বলে জানান তিনি। শহরের বিশেষ চ্যালেঞ্জিং এলাকাগুলোর উন্নয়ন কীভাবে করা সম্ভব, তা যাচাইয়ের একটি মডেল হিসেবে এই পাইলট কর্মসূচিতে কাজ করবে বিশ্বব্যাংক।

তিনি বলেন, উপকূলীয় অঞ্চলের সহায়তার  বিষয় এবং ভৌত অবকাঠামো ও জীবিকার পাশাপাশি স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে কীভাবে সহায়তা করা যায় তা নিয়ে কথা হয়েছে। বর্তমান কর্মসূচির পাশাপাশি ভবিষ্যতের কৌশল নির্ধারণেও এটি গুরুত্বপূর্ণ।

ঠিকানা/এএস 
 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]