অস্থায়ী অভিবাসীদের দেশে ফেরত পাঠাবে ট্রাম্প প্রশাসন

প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০০:০৮ , অনলাইন ভার্সন
যুক্তরাষ্ট্রে অস্থায়ী সুরক্ষা মর্যাদা বা টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস (টিপিএস) নিয়ে বসবাসরত অভিবাসীদের স্থায়ী বৈধ আবাসিক মর্যাদা অর্জন করতে হবে, অন্যথায় নিজ নিজ দেশে ফিরে যেতে হবে বলে জানিয়েছেন দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান মার্কওয়েইন মুলিন।

রোববার (২৮ জুন) সিএনএনের ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

সম্প্রতি মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনকে হাইতি ও সিরিয়ার নাগরিকের টিপিএস সুবিধা প্রত্যাহারের অনুমতি দিয়েছে। এই মর্যাদা তাদের যুদ্ধ, সংঘাত ও চরম দুর্দশাগ্রস্ত দেশে ফেরত পাঠানো থেকে সুরক্ষা দিয়ে আসছিল।

মুলিন বলেন, ‘হয় প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে স্থায়ী বৈধ মর্যাদা অর্জনের চেষ্টা করুন, নয়তো আমরা আপনাকে নিজ দেশে ফিরে যেতে সহায়তা করব। আমরা আপনাকে বিমানের টিকিট দেব, পাশাপাশি নিজ দেশে পুনর্বাসনের জন্য দুই হাজার ১০০ ডলারও সহায়তা হিসেবে দেওয়া হবে।’

মার্কিন ফেডারেল আইন অনুযায়ী, যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য সংকটময় পরিস্থিতি থেকে পালিয়ে আসা বিদেশি নাগরিকদের অস্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাসের অনুমতি দেওয়া যায়।

এর আগে টিপিএসের মেয়াদ ধারাবাহিকভাবে নবায়ন করা হলেও বর্তমানে এই সুরক্ষা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে একই সময়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর এখনো হাইতি ও সিরিয়ায় ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জারি রেখেছে। তাদের মতে, ওই দুই দেশে সহিংসতা, সন্ত্রাসবাদ, অপরাধ ও অপহরণের ঝুঁকি এখনো ব্যাপক।

২০১০ সালের বিধ্বংসী ভূমিকম্পের পর প্রথমবারের মতো হাইতির নাগরিকদের জন্য টিপিএস চালু করে যুক্তরাষ্ট্র। এরপর ২০১২ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর দেশটির নাগরিকদের জন্যও একই সুবিধা দেওয়া হয়।

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]