​জাপান ম্যাচ ব্রাজিলের জন্য ফাইনাল—আনচেলত্তি

প্রকাশ : ২৯ জুন ২০২৬, ১৮:০৬ , অনলাইন ভার্সন
বিশ্বকাপের প্রথম নকআউট পর্বে জাপানের মুখোমুখি হওয়ার আগে নিজেদের শুরুর একাদশ সম্পূর্ণ গোপন রেখেছেন ব্রাজিল দলের কোচ কার্লো আনচেলত্তি। যুক্তরাষ্ট্রের হিউস্টনে ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও এই ম্যাচের প্রথম একাদশ অফিশিয়ালি নিশ্চিত করেননি অভিজ্ঞ এই কোচ। তবে ‘ডন’ কার্লোর কথায় আভাস পাওয়া গেছে, মায়ামিতে স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়া একাদশটিই এই ম্যাচেও ধরে রাখতে পারেন আনচেলত্তি।  

সংবাদ সম্মেলনে প্রতিপক্ষের প্রতি সর্বোচ্চ সম্মান দেখিয়ে ম্যাচটি বেশ কঠিন হবে বলেই পূর্বাভাস দিয়েছেন এ ইতালিয়ান মাস্টারমাইন্ড। জাপানকে সমীহ করে আনচেলত্তি বলেন,  ‘জাপান ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল। তারা এখন বিশ্ব র্যাঙ্কিংয়ের ১৭ নম্বরে আছে। গত মার্চেই তারা ইংল্যান্ডকে হারিয়েছে। আমাদের কাছে এটি একদম ফাইনাল ম্যাচের মতোই। তারা যথেষ্ট শক্তিশালী এবং আমরা ভালো করেই জানি যে এই ম্যাচে আমাদের সেরা ফুটবলটাই খেলতে হবে। আমরা ভুলে যাইনি যে গত নভেম্বরের ম্যাচে জাপান আমাদের হারিয়েছিল; বিশেষ করে দ্বিতীয়ার্ধে তারা দুর্দান্ত খেলে জয় তুলে নিয়েছিল। স্বাভাবিকভাবেই আমরা সেই বিষয়টি মাথায় রাখছি। আমরা তাদের সম্মান করি এবং সব ধরনের সতর্কতাই অবলম্বন করব।’

শুরুর একাদশ নিয়ে লুকোছাপার গুঞ্জন থাকলেও ধারণা করা হচ্ছে স্কটল্যান্ড ম্যাচের ‘উইনিং কম্বিনেশন’ ভাঙবেন না আনচেলত্তি, কারণ সেটিই ছিল চলতি বিশ্বকাপে সেলেসাওদের সেরা পারফরম্যান্স। একাদশ না জানলে ফুটবলারদের ঘুমে কোনো সমস্যা হবে কিনা—এমন প্রশ্নে বেশ মজার ছলে উদ্বেগটি উড়িয়ে দেন আনচেলত্তি। 

কৌতুকের সুরে আনচেলত্তি বলেন, ‘আমি তো ঘুমাতেই যাচ্ছিলাম! আপনার কি মনে হয় একাদশ না জানলে খেলোয়াড়দের ঘুমাতে কষ্ট হয়? যে খেলবে সে ঠিকই জানে। আর যে খেলবে না, সে হয়তো জানে না। এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। খেলোয়াড়রা খুব ভালো ঘুমায়, কোচের চেয়েও অনেক ভালো ঘুমায়!’

শুরুর একাদশ নিয়ে প্রশ্ন করা হলে আনচেলত্তি আরেক দফা রসিকতা করেন। ফর্মেশন নিয়ে কোনো আভাস না দিয়ে ম্যাচ শুরুর ঠিক আগমুহূর্ত পর্যন্ত রহস্য জিইয়ে রাখার পক্ষে মত দেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড, ‘আমি জানি না। এখনই লাইনআপ ফাঁস করে আপনাদের স্বস্তিতে রাখতে চাই না। সোমবারের ম্যাচের পারফেক্ট একাদশ কী হবে, তা নিয়ে আমি আরও ভাবব। এখনই যদি সব বলে দিই, আপনারা তো শান্তিতে থাকবেন! আমার তো আপনাদের (সাংবাদিকদের) কথাও ভাবতে হবে।’ 

শুরুর একাদশ নিয়ে যতই রহস্য থাকুক না কেন, সব ইঙ্গিত বলছে স্কটল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করা মূল দলটিকেই ধরে রাখবেন আনচেলত্তি। দারুণ ছন্দে থাকা জাপানের বিপক্ষে শেষ ষোলোর টিকিট কাটতেই মাঠে নামবে ব্রাজিল; এশিয়ার যে পরাশক্তিকে ইতিমধ্যে বেশ শক্তিশালী ও চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক প্রতিপক্ষ হিসেবে সমীহ করে রেখেছেন ইতালিয়ান এই কোচ।

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]