​নিউইয়র্কে শিশু যত্নসেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিল পাস

প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০৮:৫৪ , অনলাইন ভার্সন
নিউইয়র্ক সিটি কাউন্সিল আজ এমন একটি গুরুত্বপূর্ণ আইন পাস করেছে, যার মাধ্যমে শহরে একটি স্থায়ী অফিস অব চাইল্ড কেয়ার প্রতিষ্ঠা করা হবে। এই নতুন দপ্তর নিউইয়র্ক সিটির সার্বজনীন শিশু পরিচর্যা কর্মসূচির বাস্তবায়ন, তদারকি এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালন করবে।

৩০ জুন জানানো হয়, এই আইনের প্রধান উদ্যোক্তা ছিলেন কাউন্সিল সদস্য জেনিফার গুতিয়েরেজ এবং কেভিন সি. রাইলি । তাদের মতে, দীর্ঘদিন ধরে নিউইয়র্ক সিটির শিশু পরিচর্যা সেবা বিভিন্ন সংস্থা ও কর্মসূচির মধ্যে ছড়িয়ে থাকায় পরিবার এবং সেবাদানকারী প্রতিষ্ঠান উভয়কেই নানা জটিলতার মুখোমুখি হতে হয়েছে।

নতুন অফিসের মাধ্যমে-বিভিন্ন সিটি সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা হবে, শিশু পরিচর্যা সংক্রান্ত তথ্য ও সেবায় মানুষের প্রবেশাধিকার বাড়ানো হবে, যেসব এলাকায় শিশু পরিচর্যা সেবার ঘাটতি রয়েছে, তা চিহ্নিত করা হবে, বাড়িভিত্তিক ও কেন্দ্রভিত্তিক শিশু পরিচর্যা প্রদানকারীদের সহায়তা করা হবে, শিশুদের প্রাথমিক বিকাশের পুরো সময়জুড়ে ধারাবাহিক পরিচর্যা নিশ্চিত করা হবে।

শৈশবকালীন শিক্ষা বিষয়ক উপকমিটির চেয়ার জেনিফার গুতিয়েরেজ বলেন, সার্বজনীন শিশু পরিচর্যা বাস্তবায়নের জন্য শুধু প্রতিশ্রুতি নয়, আইনি জবাবদিহিতাও জরুরি। এই আইন অফিসটিকে স্থায়ী ভিত্তি দেবে এবং ভবিষ্যতের প্রশাসন পরিবর্তন হলেও এর কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি বলেন, একজন অভিভাবক এবং শিক্ষা বিষয়ক উপকমিটির চেয়ার হিসেবে সার্বজনীন শিশু পরিচর্যা তার অন্যতম প্রধান অগ্রাধিকার।

কাউন্সিল সদস্য কেভিন সি. রাইলি বলেন, প্রতিটি শিশুর শেখা, বেড়ে ওঠা এবং বিকাশের সমান সুযোগ থাকা উচিত, তাদের পরিবারের আয় বা বসবাসের এলাকার ওপর তা নির্ভর করা উচিত নয়। তার মতে, স্থায়ী অফিস প্রতিষ্ঠার মাধ্যমে শহর এমন একটি শিশু পরিচর্যা ব্যবস্থা গড়ে তুলতে পারবে, যা নিউইয়র্কের সব পরিবারের জন্য কার্যকর হবে।

সিটি কাউন্সিল স্পিকার জুলি মেনিন বলেন, নিউইয়র্কের বহু পরিবার এখনও সাশ্রয়ী ও মানসম্মত শিশু পরিচর্যা সেবা পেতে সংগ্রাম করছে। স্থায়ী অফিস প্রতিষ্ঠার মাধ্যমে সমন্বয়, জবাবদিহিতা ও স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং সার্বজনীন শিশু পরিচর্যার লক্ষ্য অর্জন আরও সহজ হবে।

শিক্ষা কমিটির চেয়ার এরিক ডিনোভিটজ বলেন, একজন সাবেক শিক্ষক হিসেবে তিনি জানেন যে মানসম্মত ও সাশ্রয়ী শিশু পরিচর্যার সুযোগ একটি শিশুর ভবিষ্যৎ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আইন শহরকে আরও সমন্বিত ও কার্যকর শিশু পরিচর্যা ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করবে।

মেয়রের অফিসের প্রতিক্রিয়ায় বলা হয়, মেয়রের শিশু পরিচর্যা ও প্রারম্ভিক শৈশব শিক্ষা বিষয়ক অফিসের নির্বাহী পরিচালক এমি লিস বলেন, সার্বজনীন শিশু পরিচর্যা সফলভাবে বাস্তবায়নের জন্য বিভিন্ন সরকারি সংস্থা, সেবাদানকারী প্রতিষ্ঠান, কমিউনিটি নেতা এবং অভিভাবকদের মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এই বিল পাস হওয়াকে প্রশাসন ও সিটি কাউন্সিলের যৌথ অঙ্গীকারের প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।

নিউ ইয়র্কার্স ইউনাইটেড ফর চাইল্ড কেয়ারের নির্বাহী পরিচালক রেবেকা বেইলিন বলেন, বর্তমানে নিউইয়র্কে একজন অভিভাবককে প্রতিটি সন্তানের জন্য বছরে গড়ে ২৩ হাজার ডলারেরও বেশি শিশু পরিচর্যা ব্যয় বহন করতে হয়, যা অনেক ক্ষেত্রে বাড়িভাড়ার সমান। তিনি বলেন, বিনামূল্যের সার্বজনীন শিশু পরিচর্যা এখন আর বিলাসিতা নয়, বরং পরিবারের জন্য অপরিহার্য প্রয়োজন।

উল্লেখ, নিউইয়র্ক সিটি ও অঙ্গরাজ্য যখন প্রারম্ভিক শৈশব শিক্ষা ও শিশু পরিচর্যায় ঐতিহাসিক বিনিয়োগ বাড়াচ্ছে, তখন এই আইন সিটি চার্টারে অফিস অব চাইল্ড কেয়ার-কে অন্তর্ভুক্ত করে ভবিষ্যতেও সার্বজনীন শিশু পরিচর্যা কর্মসূচির বাস্তবায়ন, জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করবে, প্রশাসন পরিবর্তন হলেও।

ঠিকানা/এসআর
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]