তীব্র গরম ও বিশ্বকাপ উপলক্ষে নিউইয়র্কবাসীকে গণপরিবহন ব্যবহারের আহ্বান মামদানির

প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০৯:২৮ , অনলাইন ভার্সন
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান কওয়ামে মামদানি তাঁর নিয়মিত ভিডিও বার্তা দ্য মর্নিং পিচ-এ আসন্ন তাপপ্রবাহ এবং ফিফা বিশ্বকাপের নকআউট ম্যাচ উপলক্ষে নিউইয়র্কবাসীর জন্য গুরুত্বপূর্ণ আবহাওয়া, স্বাস্থ্য ও ট্রাফিকসংক্রান্ত নির্দেশনা তুলে ধরেছেন।

মেয়র বলেন, চলতি সপ্তাহে নিউইয়র্কে অত্যন্ত বিপজ্জনক তাপপ্রবাহ আঘাত হানতে পারে। তাপমাত্রা ৯০ ডিগ্রি ফারেনহাইটের শেষভাগ থেকে ১০০ ডিগ্রিরও বেশি হতে পারে এবং আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা আরও বেশি হবে। শুক্রবার তাপমাত্রার প্রভাব সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে।

৩০ জুন তার অফিস থেকে জানানো হয়, পূর্বাভাস ঠিক থাকলে বৃহস্পতিবার সেন্ট্রাল পার্কে ২০১২ সালের ১৮ জুলাইয়ের পর প্রথমবারের মতো ১০০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা রেকর্ড হতে পারে।

হিট ইমার্জেন্সি প্ল্যান চালু-তাপপ্রবাহ মোকাবিলায় মেয়র শহরের হিট ইমার্জেন্সি প্ল্যান কার্যকর করার ঘোষণা দেন। বুধবার থেকে নিউইয়র্কের পাঁচটি বরোতে শত শত কুলিং সেন্টার চালু করা হবে। এসব কেন্দ্রের তালিকা ও অবস্থান ûc.gov/beattheheat ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

নিউইয়র্কবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই যেন আগেভাগেই নিজেদের হিট প্ল্যান তৈরি করেন। কর্মস্থল ও শিশু পরিচর্যার ব্যবস্থা আগে থেকেই ঠিক করে রাখা, কোথায় গিয়ে ঠান্ডা পরিবেশে থাকা যাবে তা পরিকল্পনা করা এবং বয়স্ক ব্যক্তি, প্রতিবন্ধী, দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ও যাদের বাড়িতে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই—এমন আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের খোঁজ নেওয়ার আহ্বান জানান তিনি।

মেয়র বলেন, যেসব প্রতিষ্ঠান এখনও কর্মীদের জন্য গরমজনিত অসুস্থতা প্রতিরোধ পরিকল্পনা তৈরি করেনি, তাদের এখনই তা করা উচিত। পর্যাপ্ত বিশুদ্ধ পানির ব্যবস্থা, বিশ্রামের জন্য ঠান্ডা স্থান, অতিরিক্ত বিরতি এবং ভারী কাজের সময়সূচি পরিবর্তনের মতো পদক্ষেপ জীবন রক্ষা করতে পারে।

তিনি আরও বলেন, কেউ যদি অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়েন বা রাস্তায় ঝুঁকিপূর্ণ অবস্থায় কাউকে দেখা যায়, তাহলে ৩১১ নম্বরে ফোন করতে হবে। আর কারও শরীরে গরম ও শুষ্ক ত্বক, শ্বাসকষ্ট, দ্রুত হৃদস্পন্দন, বিভ্রান্তি, মাথা ঘোরা, বমি বমি ভাব বা বমির মতো উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে ৯১১-এ ফোন করার আহ্বান জানান তিনি।

জরুরি পরিস্থিতির সর্বশেষ তথ্য পেতে নোটিফাইএনওয়াইসি লিখে ৬৯২-৬৯২ নম্বরে টেক্সট করারও পরামর্শ দেন মেয়র।

মেয়র জানান, মঙ্গলবার বিকেল ৫টায় নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে ফ্রান্স ও সুইডেন মুখোমুখি হবে। এই ম্যাচকে কেন্দ্র করে ব্যাপক দর্শক সমাগম এবং যানজটের আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৮৬ ডিগ্রি ফারেনহাইট থাকবে এবং সন্ধ্যায় হালকা বৃষ্টির প্রায় ৩৫ শতাংশ সম্ভাবনা রয়েছে। দর্শকদের পর্যাপ্ত পানি পান করার পরামর্শ দিয়ে তিনি জানান, স্টেডিয়ামে শুধুমাত্র একটি ডিসপোজেবল প্লাস্টিক পানির বোতল নেওয়ার অনুমতি থাকবে এবং ব্যাগ অবশ্যই স্বচ্ছ ও নির্ধারিত আকারের হতে হবে।

গণপরিবহন ব্যবহারের আহ্বান জানিয়ে মেয়র মামদানি বলেন, স্টেডিয়ামে যাওয়ার জন্য ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহার করাই সবচেয়ে ভালো। বাস শাটলের টিকিট শেষ হয়ে গেলেও নিউ জার্সি ট্রানজিট ব্যবহার করা যাবে। যাত্রীদের আগেই অনলাইনে টিকিট কিনে রাখার পরামর্শ দেন তিনি।

তিনি বিশেষভাবে নিউইয়র্কবাসীকে ওই দিন মিডটাউনে ব্যক্তিগত গাড়ি না আনার আহ্বান জানান। কারণ সেখানে তীব্র যানজট ও দীর্ঘ সময়ের ভোগান্তির আশঙ্কা রয়েছে। তিনি সাবওয়ে, সাইকেল কিংবা হাঁটার পরামর্শ দেন।

এছাড়া সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত মিডটাউনের বিভিন্ন সড়কে বাস ও শাটল চলাচলের জন্য বিশেষ লেন চালু থাকবে।

বিশ্বকাপ উপলক্ষে যারা শহরের বিভিন্ন রেস্তোরাঁ বা বারে খেলা উপভোগ করবেন, তাদের জন্য ৯০০টিরও বেশি রেস্তোরাঁ ও বারে ২৬ ডলারের বিশেষ খাবার ও পানীয় অফার চালু রয়েছে বলে জানান মেয়র। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য NYC Tourism-এর ওয়েবসাইটে পাওয়া যাবে।

বক্তব্যের শেষ অংশে মেয়র মামদানি ফরাসি ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদান-এর প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, জিদান শুধু একজন অসাধারণ ফুটবলারই নন, বরং অভিবাসী পরিবারের সন্তান হিসেবে তিনি প্রমাণ করেছিলেন যে প্রতিভা, পরিশ্রম ও নেতৃত্বের মাধ্যমে একজন মানুষ জাতির গর্বে পরিণত হতে পারেন।

মেয়র বলেন, জিদানের উত্তরাধিকার আজও ফরাসি জাতীয় দলে বিদ্যমান। বর্তমান দলের অনেক খেলোয়াড়ই অভিবাসী বা অভিবাসী পরিবারের সন্তান, কিন্তু তারা সবাই ফরাসি এবং দেশের অবিচ্ছেদ্য অংশ। তাদের জন্য পথ তৈরি করে দিয়েছিলেন জিদানের মতো কিংবদন্তিরা। তিনি নিউইয়র্কবাসীর প্রতি নিরাপদে খেলা উপভোগ করার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন।

ঠিকানা/এসআর
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]