রবিবার, ১১ অক্টোবর ২০২৬

রবিবার, ১১ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন
​ব্রাজিলের মিশন শেষ, বিদায় তিন স্বাগতিকের

বিশ্বকাপের শেষ আটে মহারণ

বিশ্বকাপের শেষ আটে মহারণ

বিজ্ঞাপন
৪৮ দলের মহাযুদ্ধ শেষে এখন মাত্র আট দলের স্বপ্ন বেঁচে আছে। ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ আটের লড়াইয়ে পৌঁছাতে গিয়ে ফুটবল বিশ্ব দেখেছে একের পর এক নাটক, অঘটন আর আবেগঘন বিদায়। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ছিটকে গেছে আর্লিং হালান্ডের নরওয়ের কাছে, শেষ বিশ্বকাপ শেষ হয়েছে দুই মহাতারকা নেইমার ও ক্রিশ্চিয়ানো রোনালদোর, আর তিন স্বাগতিক-যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো-কেউই টিকতে পারেনি কোয়ার্টার ফাইনালে। 
অন্যদিকে মৃত্যুকূপ থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বেঁচে গেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। ফলে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, বেলজিয়াম, মরক্কো, নরওয়ে, সুইজারল্যান্ড ও আর্জেন্টিনাকে নিয়ে শিরোপার দৌড় এখন আরও রোমাঞ্চকর, আরও অনিশ্চিত। কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৯ থেকে ১২ জুলাই (নিউইয়র্ক সময়)।

মৃত্যুকূপ থেকে ফিরে আর্জেন্টিনার মহাকাব্যিক জয়
ফুটবল বিধাতা যেন আর্জেন্টিনার ভাগ্যে চরম নাটকীয়তার গল্পই লিখে রেখেছিলেন। গোল হজম, পেনাল্টি মিস, একের পর এক সুযোগ নষ্ট এবং ম্যাচের ৬৭ মিনিটে ২-০ গোলে পিছিয়ে পড়াÑসব মিলিয়ে তখন মনে হচ্ছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শেষ হতে যাচ্ছে। কিন্তু আলবিসেলেস্তেরা হাল ছাড়েনি। মাত্র ১৩ মিনিটের দুর্দান্ত ঝড়ে তিন গোল করে মিশরকে ৩-২ ব্যবধানে হারিয়ে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের মাধ্যমে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা। 
নাটকীয় এই জয়ের পর আবেগ ধরে রাখতে পারেননি অধিনায়ক লিওনেল মেসি। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে মাঠেই কান্নায় ভেঙে পড়েন তিনি। বিশ্বকাপ জয়ের মুহূর্তেও তাকে এভাবে কাঁদতে দেখা যায়নি। এর আগে ২০১৬ সালের কোপা আমেরিকার ফাইনালে পরাজয় এবং ২০২৪ সালের কোপা আমেরিকার ফাইনালে চোট পাওয়ার পর মেসির চোখে জল দেখা গিয়েছিল। তাই এবারও তার কান্না ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা। এটি কি শুধুই অবিশ্বাস্য প্রত্যাবর্তনের আনন্দ, নাকি ক্যারিয়ারের শেষ বিশ্বকাপকে ঘিরে জমে থাকা আবেগের বহিঃপ্রকাশ-সেই উত্তর সময়ই দেবে।
তবে একটি বিষয় নিশ্চিত-মেসির বিশ্বকাপ যাত্রা এখনো শেষ হয়নি; শেষ হয়নি দেশের জার্সির প্রতি তার অমলিন ভালোবাসাও।

৭২ বছর পর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড
নিজেদের মাটিতে অনুষ্ঠিত ১৯৫৪ সালের বিশ্বকাপে সর্বশেষ কোয়ার্টার ফাইনাল খেলেছিল সুইজারল্যান্ড। এরপর দীর্ঘ ৭২ বছর অপেক্ষার পর আবারও শেষ আটে ফিরল ইউরোপের দেশটি। রাউন্ড অব-৩২-এ গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে সুইসরা।

ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ল নরওয়ে 
শেষ ষোলোর সবচেয়ে বড় অঘটন ঘটিয়েছে নরওয়ে। আর্লিং হালান্ডের জোড়া গোলে ব্রাজিলকে ২-১ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে নর্ডিক দেশটি। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচ শেষে দেখা যায় দুই বিপরীত দৃশ্য। একদিকে নরওয়ের ফুটবলার ও সমর্থকদের উল্লাস, অন্যদিকে কান্নায় ভেঙে পড়েন নেইমার, তার সতীর্থ এবং হাজারো ব্রাজিল সমর্থক। কোচ কার্লো আনচেলত্তিও মাঠে নেমে খেলোয়াড়দের সান্ত্বনা দেন। এই ম্যাচই ছিল ব্রাজিলের জার্সিতে নেইমারের শেষ আন্তর্জাতিক ম্যাচ। ২০১০ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে যে মেটলাইফ স্টেডিয়ামে তার আন্তর্জাতিক অভিষেক হয়েছিল, ১৬ বছর পর একই মাঠে শেষ হলো তার আন্তর্জাতিক ক্যারিয়ার। জাতীয় দলের হয়ে ১৩০ ম্যাচে ৮০ গোল করে বিদায় নিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার।

রোনালদোর শেষ বিশ্বকাপও শেষ
স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। যোগ করা সময়ে মেরিনোর করা একমাত্র গোলেই শেষ হয়ে যায় পর্তুগিজদের স্বপ্ন। ম্যাচ শেষে মাঠেই আবেগাপ্লুত হয়ে পড়েন ৪১ বছর বয়সী অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো।
এটি ছিল তার ক্যারিয়ারের ষষ্ঠ ও শেষ বিশ্বকাপ। ২০০৬ থেকে ২০২৬ পর্যন্ত টানা ছয়টি বিশ্বকাপে অংশ নিয়ে তিনি খেলেছেন ২৭টি ম্যাচ এবং করেছেন ১১ গোল।

তিন স্বাগতিকের বিদায়
নিজেদের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপের শেষ ষোলোর বাধাই পেরোতে পারেনি যুক্তরাষ্ট্র। সিয়াটলে বেলজিয়ামের কাছে ৪-১ গোলে হেরে শেষ হয় স্বাগতিকদের স্বপ্নযাত্রা। অন্য স্বাগতিক কানাডাও হিউস্টনে মরক্কোর কাছে ৩-০ গোলে হেরে বিদায় নেয়। তবে এবারের আসরে প্রথমবারের মতো বিশ্বকাপে জয়, পয়েন্ট অর্জন এবং নকআউট পর্বে ওঠার ইতিহাস গড়েছে কানাডা।
মেক্সিকোও নাটকীয় লড়াই করেও ইংল্যান্ডের কাছে ৩-২ গোলে হেরে বিদায় নেয়। জুড বেলিংহামের দুর্দান্ত পারফরম্যান্সে ইংল্যান্ড নিজেদের শিরোপার অন্যতম দাবিদার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
ফ্রান্স ও স্পেনও শেষ আটে
প্যারাগুয়ের বিপক্ষে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে কিলিয়ান এমবাপ্পের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। অন্যদিকে স্পেনও পর্তুগালকে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে।

গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে মেসি
বিশ্বকাপ যত শেষের দিকে এগোচ্ছে, ততই জমে উঠছে গোল্ডেন বুটের লড়াই। মিশরের বিপক্ষে গোল করে এখন সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে উঠে এসেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। তার গোলসংখ্যা এখন ৮।
এর আগে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক, অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল, জর্ডানের বিপক্ষে ফ্রি-কিক থেকে একটি এবং কেপ ভার্দের বিপক্ষে একটি গোল করেছিলেন তিনি। মেসির ঠিক পেছনেই রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে ও নরওয়ের আর্লিং হালান্ড। দুজনেরই গোল ৭টি। ইংল্যান্ডের হ্যারি কেইন ৬ গোল নিয়ে রয়েছেন চতুর্থ স্থানে।

শিরোপা দৌড়ে নতুন সমীকরণ
ব্রাজিল, পর্তুগাল এবং তিন স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর বিদায়ের পর বিশ্বকাপে তৈরি হয়েছে নতুন সমীকরণ।
ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও আর্জেন্টিনার মতো ঐতিহ্যবাহী শক্তির পাশাপাশি মরক্কো ও নরওয়ের মতো উদীয়মান দলও শিরোপার জোরালো দাবিদার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে।ফলে ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল হতে যাচ্ছে সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ শেষ আটের লড়াইগুলোর একটি।
কোয়ার্টার ফাইনালের সূচি (নিউইয়র্ক সময়)
৯ জুলাই : ফ্রান্স বনাম মরক্কো, ভেন্যু: বোস্টন স্টেডিয়াম, সময়: বিকেল ৪টা
১০ জুলাই : বেলজিয়াম বনাম স্পেন, ভেন্যু: লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম, সময়: বিকেল ৩টা
১১ জুলাই : নরওয়ে বনাম ইংল্যান্ড, ভেন্যু: মিয়ামি স্টেডিয়াম, সময়: বিকেল ৫টা
১২ জুলাই : আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড, ভেন্যু: কানসাস সিটি স্টেডিয়াম, সময়: রাত ৯টা
কোয়ার্টার ফাইনালের পর বিজয়ী চার দল নিয়ে ১৪ ও ১৫ জুলাই অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ১৮ জুলাই এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই।

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz