রাষ্ট্রপতির পদ কোনো রাজনৈতিক পুরস্কার নয়; এটি জাতির সর্বোচ্চ সাংবিধানিক আস্থার প্রতীক। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির নির্বাহী ক্ষমতা সীমিত হলেও তাঁর নৈতিক মর্যাদা, সাংবিধানিক দায়িত্ব এবং জাতীয় গুরুত্ব অপরিসীম। রাষ্ট্রপতি রাষ্ট্রের ধারাবাহিকতার প্রতীক, সংবিধানের রক্ষক এবং জাতীয় ঐক্যের অন্যতম প্রধান প্রতিনিধি। তাই এই পদে এমন একজন ব্যক্তিকে নির্বাচন করা উচিত, যিনি দল-মত, ধর্ম-বর্ণ ও রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে পুরো জাতির আস্থা অর্জন করতে সক্ষম।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আমরা দীর্ঘদিন ধরে তীব্র রাজনৈতিক মেরুকরণ, সাংবিধানিক সংকট, ক্ষমতার দ্বন্দ্ব এবং পারস্পরিক অবিশ্বাসের চিত্র দেখেছি। এই বাস্তবতায় রাষ্ট্রপতির পদকে কখনোই দলীয় আনুগত্যের পুরস্কার হিসেবে ব্যবহার করা উচিত নয়। বরং এমন একজন ব্যক্তিকে নির্বাচন করতে হবে, যিনি ক্ষমতাসীন দল, বিরোধী দল এবং সাধারণ জনগণের কাছেও একজন সৎ, নিরপেক্ষ ও মর্যাদাসম্পন্ন ব্যক্তি হিসেবে পরিচিত।
রাষ্ট্রপতির প্রথম এবং প্রধান গুণ হতে হবে অকৃত্রিম দেশপ্রেম। তাঁর কাছে দল, ব্যক্তি কিংবা কোনো বিদেশি শক্তির স্বার্থের চেয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও জাতীয় স্বার্থ সর্বাগ্রে থাকবে। তিনি এমন একজন হবেন, যিনি জীবনের প্রতিটি পর্যায়ে দেশের জন্য কাজ করেছেন এবং যার অতীত কর্মকাণ্ড দেশপ্রেম, সততা ও দায়িত্ববোধের সাক্ষ্য বহন করে।
রাষ্ট্রপতির ব্যক্তিগত ও পেশাগত জীবন হতে হবে প্রশ্নাতীত। তাঁর বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, আর্থিক অনিয়ম, মানবাধিকার লঙ্ঘন বা নৈতিক স্খলনের কোনো বিশ্বাসযোগ্য অভিযোগ থাকা উচিত নয়। জনগণ যখন রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে একজন ব্যক্তিকে দেখবে, তখন তাঁর সততা থেকেই তারা রাষ্ট্রের প্রতি আস্থা অর্জন করবে। একজন অসৎ ব্যক্তি কখনোই সংবিধানের মর্যাদা রক্ষা করতে পারেন না।
রাষ্ট্রপতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলোর একটি হলো রাজনৈতিক নিরপেক্ষতা। তিনি অতীতে যে দলেরই সঙ্গে যুক্ত থাকুন না কেন, রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর তাঁর একমাত্র পরিচয় হবেÑতিনি বাংলাদেশের রাষ্ট্রপতি। তিনি কোনো রাজনৈতিক দলের মুখপাত্র নন, বরং সংবিধানের রক্ষক এবং সমগ্র জাতির প্রতিনিধি। তাঁর প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি বক্তব্য এবং প্রতিটি সাংবিধানিক পদক্ষেপে নিরপেক্ষতা ও ন্যায়পরায়ণতা প্রতিফলিত হতে হবে।
রাষ্ট্রপতির সংবিধান সম্পর্কে গভীর জ্ঞান থাকা অপরিহার্য। তিনি সংবিধানের প্রতিটি ধারা, রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ভূমিকা এবং আইনের শাসনের মৌলিক নীতিগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখবেন। কোনো রাজনৈতিক সংকট বা সাংবিধানিক জটিলতা দেখা দিলে তিনি সংবিধানের আলোকে নিরপেক্ষ ও বিচক্ষণ সিদ্ধান্ত গ্রহণ করবেন। সংবিধান হবে তাঁর একমাত্র পথপ্রদর্শক।
একজন রাষ্ট্রপতির মধ্যে নৈতিক সাহস থাকতে হবে। প্রয়োজনে তিনি রাজনৈতিক চাপ, দলীয় প্রভাব কিংবা যব্যক্তিগত অনুরোধ উপেক্ষা করে সংবিধান ও রাষ্ট্রের স্বার্থরক্ষায় দৃঢ় অবস্থান নিতে সক্ষম হবেন। একই সঙ্গে তিনি নিজের সাংবিধানিক সীমারেখা অতিক্রম করবেন না। সংবিধান যে ক্ষমতা দিয়েছে, তা তিনি দায়িত্বশীলভাবে প্রয়োগ করবেন এবং যে সীমা নির্ধারণ করেছে, তা যথাযথভাবে মেনে চলবেন।
রাষ্ট্রপতির দীর্ঘ ও সমৃদ্ধ কর্মজীবনের অভিজ্ঞতা থাকা উচিত। তিনি প্রশাসন, বিচারব্যবস্থা, সশস্ত্র বাহিনী, কূটনীতি, শিক্ষা, গবেষণা, সমাজসেবা বা অন্য কোনো গুরুত্বপূর্ণ জাতীয় ক্ষেত্রে অসামান্য অবদান রাখা ব্যক্তি হতে পারেন। অভিজ্ঞতা তাঁকে সংকটময় সময়ে বিচক্ষণ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর সমন্বয় গড়ে তুলতে সক্ষম করবে।
আন্তর্জাতিক সম্পর্ক ও বৈশ্বিক রাজনীতির পরিবর্তিত বাস্তবতা সম্পর্কে রাষ্ট্রপতির সুস্পষ্ট ধারণা থাকা উচিত। বর্তমান বিশ্বে অর্থনীতি, প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন, নিরাপত্তা, আঞ্চলিক ভূরাজনীতি এবং কূটনীতি পরস্পরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। বিদেশে রাষ্ট্রপতি বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দেশের মর্যাদা বহন করেন। তাই তাঁর ব্যক্তিত্ব, প্রজ্ঞা, শালীনতা এবং কূটনৈতিক দক্ষতা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সহায়ক হবে।
রাষ্ট্রপতির মধ্যে স্বাধীন চিন্তা ও বিবেকবোধ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি যেন কোনো ব্যক্তি, গোষ্ঠী, রাজনৈতিক দল বা বিদেশি প্রভাবের কাছে জিম্মি না হন। তাঁর সিদ্ধান্ত হবে সম্পূর্ণ স্বাধীন, ন্যায়ভিত্তিক এবং সংবিধানসম্মত।
বিনয়, শিষ্টাচার ও মানবিকতা একজন রাষ্ট্রপতির অপরিহার্য গুণ। তিনি জনগণের নাগালের বাইরে কোনো ক্ষমতাবান ব্যক্তি নন; বরং জনগণের আস্থার প্রতীক। সাধারণ মানুষের প্রতি সম্মান, ভিন্নমতের প্রতি সহনশীলতা এবং সংযত আচরণ তাঁর ব্যক্তিত্বকে আরও মর্যাদাপূর্ণ করে তুলবে।
জাতীয় ঐক্য প্রতিষ্ঠা রাষ্ট্রপতির অন্যতম প্রধান দায়িত্ব। তিনি এমন ভাষায় কথা বলবেন, যা বিভাজন নয়, বরং সম্প্রীতি সৃষ্টি করবে। ধর্ম, জাতিগত পরিচয় কিংবা রাজনৈতিক মতভেদের কারণে কোনো নাগরিক যেন নিজেকে বিচ্ছিন্ন মনে না করেন। রাষ্ট্রপতির প্রতিটি বক্তব্য জাতিকে একত্রিত করার বার্তা বহন করবে।
রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে সরকারের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার যদি সত্যিকার অর্থে শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তুলতে চায়, তবে রাষ্ট্রপতি নির্বাচনেও সেই মানসিকতার প্রতিফলন ঘটাতে হবে। দলীয় আনুগত্যকে নয়, বরং সততা, দেশপ্রেম, নৈতিকতা, সাংবিধানিক জ্ঞান, প্রশাসনিক অভিজ্ঞতা এবং সর্বজনগ্রহণযোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
সম্ভব হলে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ায় বৃহত্তর রাজনৈতিক ঐকমত্য গড়ে তোলার চেষ্টা করা উচিত। সংবিধান হয়তো তা বাধ্যতামূলক করেনি, কিন্তু জাতীয় স্বার্থে সরকার বিরোধী রাজনৈতিক দল, বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, সাবেক বিচারপতি, কূটনীতিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ সমাজের সম্মানিত ব্যক্তিদের মতামত বিবেচনা করতে পারে। এতে রাষ্ট্রপতির গ্রহণযোগ্যতা যেমন বৃদ্ধি পাবে, তেমনি জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে।
রাষ্ট্রপতি পদে মনোনয়নের আগে সম্ভাব্য প্রার্থীর অতীত জীবন, আর্থিক স্বচ্ছতা, নৈতিক চরিত্র, পেশাগত সুনাম, সাংবিধানিক মূল্যবোধের প্রতি অঙ্গীকার এবং জনস্বার্থে অবদান নিরপেক্ষভাবে যাচাই করা উচিত। যাঁদের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার বা গুরুতর নৈতিক বিতর্ক রয়েছে, তাঁদের এই পদে বিবেচনা করা উচিত নয়।
রাষ্ট্রপতির পদ কখনোই রাজনৈতিক সমঝোতার হাতিয়ার, দলীয় আনুগত্যের পুরস্কার কিংবা অবসরের পর সম্মানসূচক পদ হওয়া উচিত নয়। এটি একটি সাংবিধানিক আমানত, যা জনগণের পক্ষ থেকে একজন ব্যক্তির হাতে অর্পিত হয়। তাই এই পদে নিয়োগের মাধ্যমে সরকার শুধু একজন ব্যক্তিকেই নির্বাচন করে না; বরং রাষ্ট্রের ভবিষ্যৎ রাজনৈতিক সংস্কৃতি এবং গণতান্ত্রিক মানদণ্ড সম্পর্কেও একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়।
আজকের বাংলাদেশ এমন এক সময় অতিক্রম করছে, যখন শক্তিশালী প্রতিষ্ঠান, সুশাসন, জবাবদিহি এবং আইনের শাসন প্রতিষ্ঠা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি জরুরি। একজন দেশপ্রেমিক, সৎ, নিরপেক্ষ, অদলীয়, সংবিধান-প্রতিশ্রুতিবদ্ধ, বিচক্ষণ এবং সর্বজনগ্রহণযোগ্য রাষ্ট্রপতি নির্বাচন করা গেলে তা শুধু রাষ্ট্রপতির মর্যাদাই বৃদ্ধি করবে না; বরং গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রতি জনগণের আস্থা বাড়াবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের মর্যাদাও আরও সুসংহত করবে।
রাষ্ট্রপতি কোনো রাজনৈতিক দলের নন; তিনি সমগ্র বাংলাদেশের। সংবিধান হবে তাঁর পথপ্রদর্শক, ন্যায়বিচার হবে তাঁর আদর্শ, জনগণ হবে তাঁর দায়িত্ব এবং বাংলাদেশের সার্বভৌম স্বার্থ হবে তাঁর সর্বোচ্চ অঙ্গীকার। যে সরকার এই নীতিকে সামনে রেখে রাষ্ট্রপতি নির্বাচন করবে, সেই সরকার শুধু একটি সাংবিধানিক পদ পূরণ করবে না; বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্তিশালী, মর্যাদাপূর্ণ ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের ভিত্তি আরও সুদৃঢ় করবে।