বাংলাদেশিকে বিএসএফ আটক করার প্রতিবাদে দুই ভারতীয়কে ধরে আনল স্থানীয়রা
ঠিকানা অনলাইন
প্রকাশ : ১১ অগাস্ট ২০২৬, ১৯:৩৮
•
অনলাইন সংস্করণ
ছবি : সংগৃহীত
মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্তের নোম্যান্সল্যান্ডে মরিচখেতে কীটনাশক দিতে গেলে বাংলাদেশি কৃষকআব্দুল মান্নানকে (৭০) আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর প্রতিবাদে ভারতের দুই নাগরিককে ধরে আনে স্থানীয়রা। বিষয়টি নিয়ে উত্তেজনা চলার কয়েক ঘণ্টা পর শূন্যরেখায় বর্ডার গার্ড বাংলাদেশ ও বিএসএফের মধ্যে হওয়া পতাকা বৈঠকের মাধ্যমে দুই পক্ষের আটক তিনজনকেই নিজ নিজ দেশের কাছে হস্তান্তর করা হয়েছে। ১১ আগস্ট (মঙ্গলবার) সকাল ৮টার দিকে ইছাখালী সীমান্তের ১২৪/৪-এস ও ১২৩/৩-এস পিলার এলাকায় এ ঘটনা ঘটে। পরে দুপুর ২টার দিকে সীমান্তের শূন্যরেখায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
কৃষক আব্দুল মান্নান ইছাখালী মসজিদপাড়ার বাসিন্দা। তিার পরিবারের দাবি, সকালে বাড়ির পাশের মরিচখেতে কীটনাশক স্প্রে করতে গেলে ১২৪/৪-এস সীমান্ত পিলারের কাছ থেকে তাকে ধরে নিয়ে যান বিএসএফ সদস্যরা।
ইছাখালী বিজিবি ক্যাম্প সূত্র জানায়, আব্দুল মান্নান সীমান্তসংলগ্ন ভারতীয় কৃষিজমিতে কাজ করার সময় বিএসএফের হাতে আটক হন। বিষয়টি জানাজানি হওয়ার পর তাকে ফেরত আনতে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়। এর কিছুক্ষণ পর ১২৩/৩-এস সীমান্ত পিলার এলাকার কাছ থেকে ভারতের লালবাজার গ্রামের দুই বাসিন্দা শচীন কর্মকার ও নারায়ণ দেবকে ধরে আনে স্থানীয় গ্রামবাসী। পরে তাদের ইছাখালী বিজিবি ক্যাম্পে সোপর্দ করা হয়।
ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা তৈরি হয়। স্থানীয়দের কেউ কেউ শূন্যরেখার কাছাকাছি অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের উদ্যোগ নেয়।
দুপুর ২টার দিকে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ইছাখালী বিজিবি ক্যাম্পের সুবেদার আবু হানিফ। ভারতের পক্ষে নবচন্দ্রপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা অংশ নেন।
বৈঠক শেষে বিএসএফের হাতে আটক বাংলাদেশি কৃষক আব্দুল মান্নানকে বিজিবির কাছে এবং স্থানীয়দের হাতে আটক ভারতের দুই নাগরিক শচীন কর্মকার ও নারায়ণ দেবকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। পরে তারা নিজ নিজ দেশে ফিরে যান।
বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, পতাকা বৈঠকের মাধ্যমে দুই দেশের আটক নাগরিকদের নিজ নিজ দেশের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।