পূজার আনন্দে মিষ্টিমুখ না হলে কি চলে। উৎসবের দিনে বাড়িতে তৈরি নানা পদের মধ্যে নারকেলের নাড়ু হতে পারে দারুণ এক আয়োজন। নারকেল, গুড় বা চিনি আর কয়েকটি সহজ উপকরণ দিয়েই অল্প সময়ে তৈরি করা যায় এই মজাদার মিষ্টি। এবারের পূজায় পরিবারের সদস্য ও অতিথিদের জন্য ঘরেই বানিয়ে নিতে পারেন সুস্বাদু নারকেলের নাড়ু।
নারকেলের নাড়ু বানাতে যা যা লাগবে
- নারকেল ১টি
- গুড় বা চিনি ১ কাপ
- এলাচ ২–৩টি
- দারুচিনি ২–৩ টুকরা
- গুঁড়া দুধ ২ টেবিল চামচ
- মুড়ি ১ কাপ
যেভাবে তৈরি করবেন
প্রথমে নারকেল কুরিয়ে নিন। এরপর কুরানো নারকেলের সঙ্গে গুড় বা চিনি, এলাচ ও দারুচিনি ভালোভাবে মিশিয়ে প্রায় এক ঘণ্টা রেখে দিন।
এবার চুলায় একটি পাত্র বসিয়ে নারকেলের মিশ্রণ ঢেলে দিন। মাঝারি আঁচে অনবরত নাড়তে থাকুন, যতক্ষণ না মিশ্রণটি আঠালো হয়ে আসে।
এরপর এতে গুঁড়া দুধ ও গুঁড়া করা মুড়ি দিয়ে আবার ভালোভাবে নাড়ুন। সব উপকরণ মিশে গেলে চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দিন।
মিশ্রণটি হাতে নেওয়ার মতো ঠান্ডা হলে অল্প অল্প করে নিয়ে গোল আকারে নাড়ু তৈরি করুন। সবশেষে নাড়ুগুলো গুঁড়া করা মুড়িতে গড়িয়ে নিন।
ব্যস, তৈরি হয়ে গেল মজাদার নারকেলের নাড়ু। পছন্দের পাত্রে সাজিয়ে পরিবেশন করুন পূজার অতিথিদের। ঘরে তৈরি এই মিষ্টি উৎসবের আনন্দে যোগ করবে বাড়তি স্বাদ।
ঠিকানা/এএস