মাত্র ১০ দিনের ব্যবধানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এবার নেপালের কাঠমান্ডুতে যান্ত্রিক ত্রুটির কারণে আটকা পড়েছেন বিমানের ১২৭ যাত্রী।
এর আগে গত ৬ আগস্ট একই ধরনের সমস্যায় ইতালির রোমের ফিউমিসিনো বিমানবন্দরে আটকা পড়ে বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার বহরের একটি উড়োজাহাজ। এতে দুই দিন চরম ভোগান্তি পোহান ওই ফ্লাইটের প্রায় আড়াইশ যাত্রী।
জানা গেছে, কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশে নির্ধারিত বিজি-৩৭২ ফ্লাইটটির উড্ডয়নের সময় ছিল রোববার বিকাল ৪টা। রানওয়ের দিকে যাওয়ার পর উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। পরে সেটি আবার টার্মিনালে ফিরিয়ে নেওয়া হয়। এতে ফ্লাইটের ১২৭ যাত্রী কাঠমান্ডু বিমানবন্দরে আটকা পড়েন।
ত্রুটি মেরামতে কত সময় লাগবে, তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নেপালের কান্ট্রি ম্যানেজার বাবুল আক্তার। তিনি জানান, আটকে পড়া যাত্রীদের প্রয়োজনীয় সেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি দ্রুত তাদের দেশে ফেরাতে বিকল্প উড়োজাহাজ পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।
সর্বশেষ তথ্য অনুযায়ী, বিজি-৩৭৪ ফ্লাইটে রাত ১০টা ২০ মিনিটে ১২৭ যাত্রীকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। তবে ফ্লাইটটি ঠিক কখন কাঠমান্ডু থেকে উড্ডয়ন করবে এবং যাত্রীরা কখন ঢাকায় পৌঁছাবেন, তা পরিস্থিতির ওপর নির্ভর করছে।