বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• যেই ভূতে শেখ হাসিনাকে ধরেছিল, সেই ভূতে বিএনপিকে ধরেছে: মামুনুল হক • সৌদির স্বার্থ রক্ষায় এরদোয়ানকে হস্তক্ষেপের অনুরোধ করতে পারি : ট্রাম্প • ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে? • দাওয়াতে যাওয়ার পথে গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ মৃত ১১ • সাবিলার সংসারে ভাঙনের সুর! • দুই বাংলাদেশির মরদেহ ফেরাতে সৌদির সহায়তা চান শামা ওবায়েদ • যেভাবে জুলাই সনদে স্বাক্ষর করেছে বিএনপি, সেভাবেই বাস্তবায়ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী • মোদির মন্ত্রিসভা থেকে প্রতিমন্ত্রীর পদত্যাগ • পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন • ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা অন্তর্বর্তী সরকারের সাবেক ১২ উপদেষ্টার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​২০৩০ আদমশুমারির প্রস্তুতি : নিউইয়র্কে নতুন টাস্কফোর্স

​২০৩০ আদমশুমারির প্রস্তুতি : নিউইয়র্কে নতুন টাস্কফোর্স

বিজ্ঞাপন
২০৩০ সালের যুক্তরাষ্ট্রের আদমশুমারিকে সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি শুরু করেছে নিউইয়র্ক সিটি কাউন্সিল। এ লক্ষ্যে স্পিকার জুলি মেনিনের নেতৃত্বে গঠন করা হয়েছে নতুন আদমশুমারি টাস্কফোর্স। টাস্কফোর্সে কমিউনিটি নেতা, আদমশুমারি বিশেষজ্ঞ, গবেষক, অধিকারকর্মী, ধর্মীয় নেতা, শ্রমিক প্রতিনিধি এবং বিভিন্ন নাগরিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের যুক্ত করা হয়েছে। আগামী এক বছর তারা গবেষণা, জনগণের সঙ্গে যোগাযোগ, মতামত সংগ্রহ ও বৈঠকের মাধ্যমে কাজ করবেন। পরে ২০৩০ সালের আদমশুমারিতে সবচেয়ে নির্ভুল, পূর্ণাঙ্গ ও অন্তর্ভুক্তিমূলক গণনা নিশ্চিত করার জন্য সুপারিশসহ একটি প্রতিবেদন তৈরি করা হবে।
টাস্কফোর্সের সহসভাপতি হিসেবে রয়েছেন এনএএসিপি নিউইয়র্ক স্টেট সম্মেলনের প্রেসিডেন্ট এল. জয় উইলিয়ামস, ইউনাইটেড ওয়ে অব নিউইয়র্ক সিটির নীতি ও অধিকারবিষয়ক সহযোগী ভাইস প্রেসিডেন্ট এমিলি পায়েজ এবং নিউইয়র্ক নির্বাচন, আদমশুমারি ও নির্বাচনী এলাকার পুনর্বিন্যাস ইনস্টিটিউটের পরিচালক ও নিউইয়র্ক ল’ স্কুলের অধ্যাপক জেফরি এম. ওয়াইস।
স্পিকার জুলি মেনিন বলেন, ২০২৯ সাল পর্যন্ত অপেক্ষা করলে চলবে না। আদমশুমারির ফলের ওপর নিউইয়র্কের ফেডারেল অর্থায়ন এবং কংগ্রেসে প্রতিনিধিত্ব অনেকটাই নির্ভর করে। তাই প্রায় চার বছর আগেই প্রস্তুতি শুরু করা হয়েছে।
মেনিনের ২০২০ সালের নিউইয়র্ক সিটি আদমশুমারি কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। তিনি বলেন, পূর্ণাঙ্গ গণনা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, শক্তিশালী কমিউনিটি অংশীদারত্ব এবং জনগণের অংশগ্রহণে বাধা সৃষ্টি করতে পারে এমন যেকোনো উদ্যোগের বিরুদ্ধে সতর্ক থাকা প্রয়োজন।
নতুন আদমশুমারি দপ্তরের অন্যতম লক্ষ্য হলো অতীতে কম গণনা হওয়া জনগোষ্ঠীর কাছে আগে থেকেই পৌঁছানো। অভিবাসী, কৃষ্ণাঙ্গ, লাতিনো, প্রতিবন্ধী, নিম্ন আয়ের মানুষ এবং বিভিন্ন ভাষাভাষী জনগোষ্ঠীকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
আদমশুমারিতে নাগরিকত্বের প্রশ্ন যুক্ত করার উদ্যোগ নিয়েও উদ্বেগ রয়েছে। নিউইয়র্ক সিটি কাউন্সিলের আশঙ্কা, নাগরিকত্বের প্রশ্ন থাকলে অভিবাসীসহ বিভিন্ন জনগোষ্ঠীর একটি অংশ গণনায় অংশ নিতে নিরুৎসাহিত হতে পারে। এতে প্রকৃত জনসংখ্যা গণনা ব্যাহত হওয়ার ঝুঁকি রয়েছে।
গত এপ্রিল মাসে জুলি মেনিন ও নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিককে চিঠি দিয়ে আদমশুমারির পরীক্ষামূলক পর্যায়ে নাগরিকত্বের প্রশ্ন যুক্ত করার বিরোধিতা করেন। ২০১৯ সালেও তৎকালীন ট্রাম্প প্রশাসনের ২০২০ সালের আদমশুমারিতে নাগরিকত্বের প্রশ্ন যুক্ত করার উদ্যোগের বিরুদ্ধে লেটিশিয়া জেমস আইনি লড়াইয়ে নেতৃত্ব দিয়েছিলেন। বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় এবং ওই উদ্যোগ ঠেকানো হয়।
২০২০ সালের আদমশুমারিতে নিউইয়র্ক সিটি বড় সাফল্য পেয়েছিল। জুলি মেনিন তখন নগরীর আদমশুমারি কার্যক্রমের পরিচালক ছিলেন। সিটি কাউন্সিলের তথ্য অনুযায়ী, বড় মার্কিন শহরগুলোর মধ্যে নিউইয়র্ক সিটি সবচেয়ে বেশি নিজ উদ্যোগে তথ্য জমা দেওয়ার হার অর্জন করেছিল।
২০১০ সালের পর নিউইয়র্ক স্টেটে জনসংখ্যা বৃদ্ধির বড় অংশও এসেছে নিউইয়র্ক সিটি থেকে। ওই সময়ে শহরটিতে ৬ লাখ ২০ হাজারের বেশি নতুন বাসিন্দা যোগ হয়েছে বলে সিটি কাউন্সিল জানিয়েছে।
জেফরি এম. ওয়াইস বলেন, আদমশুমারি শুধু জনসংখ্যা গণনার বিষয় নয়। এর সঙ্গে রাজনৈতিক প্রতিনিধিত্ব, সরকারি অর্থায়ন এবং নাগরিক সেবার সরাসরি সম্পর্ক রয়েছে। স্কুল, প্রবীণদের খাবার ও স্বাস্থ্যসেবা, সড়ক, গণপরিবহনসহ নানা জনসেবার পরিকল্পনায় আদমশুমারির তথ্য ব্যবহৃত হয়।
এনএএসিপি নিউইয়র্ক স্টেট সম্মেলনের প্রেসিডেন্ট এল. জয় উইলিয়ামস বলেন, কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর জন্য আদমশুমারি রাজনৈতিক ক্ষমতা ও নাগরিক অবকাঠামোর ভিত্তি। সঠিক গণনা হলে প্রাপ্য সরকারি অর্থায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব থেকে কোনো জনগোষ্ঠী বঞ্চিত হওয়ার ঝুঁকি কমে।
এমিলি পায়েজ বলেন, পূর্ণাঙ্গ আদমশুমারির প্রথম শর্ত হলো জনগণের আস্থা। মানুষ সঠিক তথ্য পেলে, সম্মানিত বোধ করলে এবং তাদের অংশগ্রহণের গুরুত্ব বুঝতে পারলে গণনায় অংশ নেওয়ার আগ্রহ বাড়ে।
টাস্কফোর্সে নিউইয়র্ক ল’ স্কুল, এনএএসিপি নিউইয়র্ক স্টেট সম্মেলন, ইউনাইটেড ওয়ে অব নিউইয়র্ক সিটি, মেডগার এভার্স কলেজের ডুবিস বুঞ্চ সেন্টার, সিইউএনওয়াই গ্র্যাজুয়েট সেন্টার ফর আরবান রিসার্চ, হিস্পানিক ফেডারেশন, আইরি জ্যাম রেডিও, নিউইয়র্ক কমিউনিটি ট্রাস্ট, ইউজেএ ফেডারেশন অব নিউইয়র্ক, জিউইশ কমিউনিটি রিলেশনস কাউন্সিল অব নিউইয়র্ক, ফেডারেশন অব প্রোটেস্ট্যান্ট ওয়েলফেয়ার এজেন্সিস, ইয়েমেনি আমেরিকান মার্চেন্টস অ্যাসোসিয়েশন, আফ্রিকান আমেরিকান ক্লার্জি অ্যান্ড ইলেক্টেডস, ক্রিশ্চিয়ান কালচারাল সেন্টার, নিউইয়র্ক ইমিগ্রেশন কোয়ালিশন, ডোমিনিকানোস ইউএসএ, আফ্রিকানা, অ্যাসোসিয়েশন ফর এ বেটার নিউইয়র্ক, নিউইয়র্ক সিটি সেন্ট্রাল লেবার কাউন্সিল, ৩২বিজে এসইআইইউ, ইউনাইটেড ফেডারেশন অব টিচার্স, ওয়াইএমসিএ, ইউনাইটেড নেইবারহুড হাউসেস, ডিজঅ্যাবলড ইন অ্যাকশন অব মেট্রোপলিটন নিউইয়র্ক, এলজিবিটি সেন্টার, ব্রুকলিন লাইব্রেরি ব্যবস্থা, নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি এবং কুইন্স লাইব্রেরি ব্যবস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও কমিউনিটি নেতারা যুক্ত হয়েছেন।
সিটি কাউন্সিলের মতে, ২০৩০ সালের আদমশুমারির তথ্যের ওপর ভিত্তি করে কংগ্রেসে প্রতিনিধিত্ব, সরকারি বিভিন্ন কর্মসূচির অর্থায়ন এবং পরবর্তী নির্বাচনী এলাকার পুনর্বিন্যাসের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz