বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• যেই ভূতে শেখ হাসিনাকে ধরেছিল, সেই ভূতে বিএনপিকে ধরেছে: মামুনুল হক • সৌদির স্বার্থ রক্ষায় এরদোয়ানকে হস্তক্ষেপের অনুরোধ করতে পারি : ট্রাম্প • ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে? • দাওয়াতে যাওয়ার পথে গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ মৃত ১১ • সাবিলার সংসারে ভাঙনের সুর! • দুই বাংলাদেশির মরদেহ ফেরাতে সৌদির সহায়তা চান শামা ওবায়েদ • যেভাবে জুলাই সনদে স্বাক্ষর করেছে বিএনপি, সেভাবেই বাস্তবায়ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী • মোদির মন্ত্রিসভা থেকে প্রতিমন্ত্রীর পদত্যাগ • পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন • ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা অন্তর্বর্তী সরকারের সাবেক ১২ উপদেষ্টার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

হৃদয়ে নারায়ণগঞ্জের জমজমাট পিকনিক

হৃদয়ে নারায়ণগঞ্জের  জমজমাট পিকনিক

​নিউইয়র্ক : হৃদয়ে নারায়ণগঞ্জের বনভোজনের উদ্বোধন।

বিজ্ঞাপন
নিউইয়র্কের ব্যস্ত জীবনের ফাঁকে প্রবাসী নারায়ণগঞ্জবাসীর মিলনমেলায় পরিণত হয়েছিল এস্টোরিয়ার রেইনি পার্ক। গত ১৫ আগস্ট শনিবার নিউইয়র্কে প্রবাসী নারায়ণগঞ্জবাসীর প্রাণের সংগঠন ‘হৃদয়ে নারায়ণগঞ্জ ইনক-এর আয়োজনে অনুষ্ঠিত হয় বার্ষিক বনভোজন ২০২৬। সকাল থেকে দিনভর আনন্দ-উচ্ছ্বাস, আড্ডা, সৌহার্দ্য আর পরিচিত মুখের মিলনে মুখর ছিল বনভোজন প্রাঙ্গণ।
পরিবার-পরিজন নিয়ে নিউইয়র্ক ও আশপাশের এলাকা থেকে নারায়ণগঞ্জবাসী ছাড়াও কমিউনিটির বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা বনভোজনে যোগ দেন। প্রবাসের কর্মব্যস্ততায় যাদের সঙ্গে নিয়মিত দেখা হওয়ার সুযোগ হয় না, এমন অনেক পুরোনো বন্ধু ও পরিচিতজনের পুনর্মিলন ঘটে এই আয়োজনে। ফলে রেইনি পার্ক যেন কিছু সময়ের জন্য হয়ে ওঠে প্রবাসের বুকে ছোট্ট এক নারায়ণগঞ্জ।
হৃদয়ে নারায়ণগঞ্জ ইনকের সভাপতি প্রফেসর রফিকুল ইসলামের নেতৃত্বে আয়োজিত বনভোজনে প্রধান অতিথি ছিলেন আমেরিকান বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ও মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের, বিশিষ্ট রিয়েলটর সারোয়ার খান বাবু, মূলধারার রাজনীতিক আমিন মেহেদী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট গোলাম এন. হায়দার মুকুট প্রমুখ। 
আয়োজনকে সফল করতে সংগঠনের কর্মকর্তাদের ছিল ব্যাপক প্রস্তুতি ও কর্মতৎপরতা। সভাপতি প্রফেসর রফিকুল ইসলামের সঙ্গে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, বনভোজনের আহ্বায়ক মো. হামিদ মাহমুদ, চিফ কো-অর্ডিনেটর মো. আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত চিফ কো-অর্ডিনেটর আনোয়ার আলী মিয়া, কো-অর্ডিনেটর শাহজাহান বাবুল এবং মেম্বার সেক্রেটারি মোহাম্মদ হোসেন আজাদ। বেলা যত গড়িয়েছে, ততই বাড়তে থাকে অতিথি ও অংশগ্রহণকারীদের উপস্থিতি। কেউ ব্যস্ত ছিলেন পুরোনো বন্ধুদের সঙ্গে গল্পে, কেউ পরিবার নিয়ে সময় কাটিয়েছেন, আবার কেউ নতুন প্রজন্মের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন নারায়ণগঞ্জের মানুষ ও প্রবাসী সমাজের বন্ধনের কথা। হাসি, আড্ডা আর পারস্পরিক কুশল বিনিময়ে পুরো আয়োজনটি হয়ে ওঠে একটি বড় পারিবারিক মিলনমেলা।
হৃদয়ে নারায়ণগঞ্জের এ আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল র‌্যাফেল ড্র। আয়োজকদের ঘোষিত পুরস্কারের মধ্যে প্রথম পুরস্কার ছিল নিউইয়র্ক-ঢাকা বিমান টিকিট, দ্বিতীয় পুরস্কার ৫৬ ইঞ্চি টেলিভিশন, তৃতীয় পুরস্কার আইফোন, চতুর্থ পুরস্কার ল্যাপটপ, পঞ্চম পুরস্কার ডিনার সেট, ষষ্ঠ পুরস্কার ফ্যান এবং সপ্তম পুরস্কারসহ ছিল আরও বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার। র‌্যাফেল ড্র ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল বাড়তি উৎসাহ।
প্রবাসে আঞ্চলিক সংগঠনগুলো শুধু আনন্দ আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ নয়; নিজ জেলার মানুষকে একত্রিত করা, পারস্পরিক যোগাযোগ বাড়ানো এবং নতুন প্রজন্মের সঙ্গে শিকড়ের সম্পর্ক ধরে রাখার ক্ষেত্রেও এসব সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। হৃদয়ে নারায়ণগঞ্জের এবারের বনভোজনেও সেই চিত্রই ফুটে ওঠে।
গত বছর ফ্লাশিং মেডোস করোনা পার্কে আয়োজিত বনভোজনের ধারাবাহিকতায় এবার রেইনি পার্কের আয়োজনও নারায়ণগঞ্জবাসীর মিলনমেলার ঐতিহ্যকে আরও প্রাণবন্ত করে তোলে।
দিনশেষে সংগঠনের নেতৃবৃন্দ বনভোজনকে সফল করতে সহযোগিতা করা অতিথি, শুভানুধ্যায়ী, সদস্য এবং অংশগ্রহণকারী পরিবারগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান। আনন্দঘন একটি দিন কাটিয়ে বিকেলের শেষে সবাই যখন ঘরে ফেরেন, সঙ্গে নিয়ে যান পরিচিত মানুষের সান্নিধ্য, নতুন স্মৃতি এবং আগামী আয়োজনে আবারও একত্রিত হওয়ার প্রত্যাশা।

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz