নিউইয়র্ক : জ্যামাইকায় কুইন্স বরো প্রেসিডেন্ট ডনোভান রিচার্ডস এর সঙ্গে মতবিনিময়।
সিটির কুইন্স বরোর জনবহুল এলাকা হিলসাইড এভিনিউ ও আশপাশের জনগুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে কমিউনিটি ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে টাউন হল মিটিং করলেন বরো প্রেসিডেন্ট ডনোভান রিচার্ড (জুনিয়র)। মিটিং-এর বিভিন্ন বিভাগের শীর্ষ স্থানীয় কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় ও আশপাশের যানজট, পার্কি, গার্বেজ, বিনোদনের জন্য পার্ক সমস্যা এবং স্থায়ী শহীদ মিনার নির্মানের দাবী সহ অন্যান্য সমস্যা আলোচনা স্থান পায়। এসময় বরো প্রেসিডেন্ট সংশ্লিস্ট বিভাগের কর্মকর্তাদের সাথে আলোচনা করে সমস্যার সমাধানের আশ্বাস দেন। খবর ইউএনএ’র।
গত ১১ আগস্ট মঙ্গলবার কুইন্স বরো প্রেসিডেন্টর উদ্যোগে দুপুরে কুইন্স পাবলিক লাইব্রেরির সেন্ট্রাল মিলনায়তনে এই মিটিং অনুষ্ঠিত হয়। এই মিটিং-এর সমন্বয়কারী ছিলেন কমিউনিটি বোর্ড-৮ এর অন্যতম সদস্য এবং জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম আলমগীর।
মিটিং-এর শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বরো প্রেসিডেন্ট ডনোভান রিচার্ড। এরপর উপস্থিত এনওয়াইসি ডিপার্টমেন্ট অব ডিজাইন এন্ড কন্সট্রাকশন, এনওয়াইসি ডিপার্টমেন্ট অব পার্ক এন্ড রিক্রেয়েশন, এনওয়াইসি ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন, এনওয়াইসি ডিপার্টমেন্ট অব স্যানিটেশন, মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি, এনওয়াইপিডি এবং কুইন্স বরোর কমিউনিটি বোর্ড ৮ ও ১২-এর প্রতিনিধিদ্বয় বক্তব্য রাখেন।
এরপর প্রশ্নোত্তর পর্বে কমিউনিটি নেতৃবৃন্দ জ্যামাইকার হিলসাইড এভিনিউ ও জ্যামাইকা এভিনিউ সহ সাউথ জ্যামাইকার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সমস্যা তুলে ধরেন। তাদের সমস্যাগুলো বরো প্রেসিডেন্ট সহ সংশ্লিস্ট বিভাগের কর্মকর্তাগণ নোট করেন এবং পরবর্তীতে সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে উত্তর দেন। কমিউনিটি নেতৃবৃন্দ তাদের বক্তব্যে স্থানীয় ও আশপাশের যানজট, পার্কি, বাস লেইন ক্রস করলে অহেতুক টিকিট প্রদান, গার্বেজ, বিনোদনের জন্য পার্ক সমস্যা, সাতফিন বুলেবার্ড এলাকায় পতিতাদের উৎপাত প্রভৃতি সমস্যা তুলে ধরার পাশাপাশি প্রবাসী বাংলাদেশীদের দীর্ঘদিনের দাবী জ্যামাইকায় একটি স্থায়ী শহীদ মিনার নির্মানের দাবীর কথা তুলে ধরেন।
টাউন হল মিটিং-এ বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সহ কমিউনিটির নেতৃবৃন্দ ও বিশিষ্টজনদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ডা. ওয়াজেদ এ খান, আমিনুল ইসলাম চুন্ন, রেজাউল করীম চৌধুরী, আনিসুল কবীর জাসীর, শফি চৌধুরী, এনায়েত মুন্সী, ফিরোজ কবীর, রাজু আহমেদ প্রমুখ।
মিটিং-এ বরো প্রেসিডেন্ট ডনোভান রিচার্ড বলেন, জ্যামাইকাবাসীদের সুবিধার্ধে জ্যামাইকার ক্যাপ্টেন টিলি পার্কের সম্প্রসারণ কাজ চলছে, আগামী বছর আরো অনেক প্রকল্পের কাজ শুরু হবে। বিশেষ করে জ্যামাইকায় স্থায়ী শহীদ মিনার নির্মানের জন্য তিনি পার্ক এন্ড রিক্রেয়েশন বিভাগের সাথে কথা বলবেন বলে জানান।
এছাড়াও তিনি জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজার আদলে জ্যামাইকাতেও স্থানীয় মানুষের আরাপ-আয়েশ ও বিনোদনের জন্য প্লাজা করার পরিকল্পনার জনদাবীর সাথে একমত পোষন করে প্রয়োজনীয় উদ্যোগের আশ্বাস দেন।