রবিবার, ১১ অক্টোবর ২০২৬

রবিবার, ১১ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

মানিকগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীর কিনারে ঝুলন্ত বাস, অল্পের জন্য রক্ষা

মানিকগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীর কিনারে ঝুলন্ত বাস, অল্পের জন্য রক্ষা

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীর পাড় থেকে ঝুলে পড়ে সেলফি পরিবহনের একটি বাস। শুক্রবার (১৯ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। বাসটিতে কোনো যাত্রী না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি। পরে বিআইডব্লিউটিসির রেকার দিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর বাসটিকে নিরাপদে সড়কে তোলা হয়।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সেলফি পরিবহনের বাসটি ফেরিতে ওঠার সিরিয়ালের অপেক্ষায় ঘাট এলাকায় দাঁড়িয়ে ছিল। নির্ধারিত সিরিয়াল আসার পর বাসটি স্ট্যান্ডের দিকে নেওয়ার জন্য চালু করা হয়। এ সময় ব্রেক সিস্টেমে পর্যাপ্ত হাওয়া না থাকায় চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটির সামনের অংশ নদীর তীরের দিকে চলে যায়। পরে দুটি চাকা রাস্তার বাইরে চলে গিয়ে বাসটি নদীর পাড়ের কিনারে বিপজ্জনক অবস্থায় ঝুলে পড়ে।

ঘটনার আকস্মিকতায় আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। পরিস্থিতি বেগতিক দেখে চালক দ্রুত গাড়ি থেকে নেমে আসেন। তবে বাসটিতে কোনো যাত্রী না থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

স্থানীয় দোকানদার আব্দুর রশিদ বলেন, ‘ফেরির সিরিয়াল পাওয়ার পর বাসটি স্ট্যান্ডের দিকে নেওয়া হচ্ছিল। কিন্তু ব্রেকে পর্যাপ্ত হাওয়া না থাকায় চালক নিয়ন্ত্রণ হারান। পরে বাসটি রাস্তার শেষ প্রান্তে গিয়ে আটকে যায়।’

খবর পেয়ে বিআইডব্লিউটিসির উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রেকার ব্যবহার করে বাসটিকে নিরাপদে সড়কে তুলে আনা হয়।

বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম বলেন, ‘বাস ও ট্রাক নির্ধারিত স্ট্যান্ডে না রেখে অনেক চালক ঘাট এলাকায় পার্কিং করে রাখেন। বারবার নিষেধ করার পরও তারা নির্দেশনা মানেন না। আজ যদি বড় কোনো দুর্ঘটনা ঘটত, তাহলে ফেরিঘাট থেকে বাস নদীতে পড়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ত। প্রকৃতপক্ষে বাসটি ৩ নম্বর ঘাটের হাই ওয়াটার লেভেল এলাকায় অবৈধভাবে পার্কিং করা ছিল।’

মানিকগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) মো. রুহুল কুদ্দুস বলেন, ‘আমরা নিয়মিতভাবে বাস ও ট্রাকচালকদের নির্ধারিত স্ট্যান্ডে গাড়ি রাখার নির্দেশনা দিয়ে থাকি। কিন্তু অনেকেই নিজেদের সুবিধামতো বিভিন্ন স্থানে পার্কিং করেন। পাটুরিয়া এলাকায় সীমিত জনবল নিয়ে দায়িত্ব পালন করতে হয়। এর পরও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ঘটনার পর ফেরিঘাট এলাকায় কিছু সময়ের জন্য কৌতূহলী মানুষের ভিড় দেখা গেলেও যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে, বাসটিতে যাত্রী না থাকায় এবং দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালিত হওয়ায় একটি সম্ভাব্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz