বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর

​ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর

বিজ্ঞাপন
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা, স্বাধীনতা ও বিদ্রোহী চেতনার আদর্শ উত্তর আমেরিকায় বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আগামী ১৯ ও ২০ সেপ্টেম্বর ভার্জিনিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২১তম নর্থ আমেরিকা নজরুল সম্মেলন। এবারের সম্মেলন আয়োজনের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আমেরিকা, ইনক (বিএএআই)। সম্মেলনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বিএএআই-এর বর্তমান সভাপতি দিলশাদ চৌধুরী ছুটি।
দুই দিনব্যাপী এই বর্ণাঢ্য সম্মেলন অনুষ্ঠিত হবে রিচার্ড জে আর্নস্ট কমিউনিটি কালচারাল সেন্টার, ভার্জিনিয়ায়। সম্মেলনে বাংলাদেশসহ উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বিশিষ্ট কবি, সাহিত্যিক, শিল্পী, সংগীতশিল্পী, নৃত্যশিল্পী, গবেষক, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশগ্রহণ করবেন।
এবারের সম্মেলনে বাংলাদেশের প্রখ্যাত নজরুলসংগীত শিল্পী ও গবেষক খায়রুল আনাম শাকিল অংশগ্রহণ করবেন। এ ছাড়া জনপ্রিয় শিল্পী ও শিক্ষক লিনা তাপসী, প্রিয়াঙ্কা গোপ, নজরুলের নাতনি অনিন্দিতা কাজী, সামিহা মাহবুব এবং সেতারশিল্পী আলিফ লায়লাসহ দেশ-বিদেশের বিশিষ্ট শিল্পীরা সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন।
নৃত্যশিল্পী ও নৃত্য প্রশিক্ষক ওয়ার্দা রিহাব উত্তর আমেরিকায় বেড়ে ওঠা শিশু-কিশোরদের প্রশিক্ষণ দিয়ে নজরুলের গান ও সৃষ্টিকে কেন্দ্র করে একটি বিশেষ ও মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা উপস্থাপন করবেন। এ ছাড়া স্থানীয় বাংলাদেশি নৃত্য সংগঠন নৈপুণ্য এবং কলকাতার তাথৈ এই আয়োজনে বিশেষ নৃত্য পরিবেশন করবে।
নিউইয়র্ক, নিউজার্সি, হিউস্টনসহ উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকেও শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা সম্মেলনে অংশগ্রহণ করবেন। স্থানীয় স্বনামধন্য আবৃত্তিকারদের পরিবেশনায় থাকবে একক ও দলীয় আবৃত্তি।
দুই দিনব্যাপী এই সম্মেলনে কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, দর্শন, সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা, স্বাধীনতার চেতনা এবং সমাজচিন্তার বিভিন্ন দিক নিয়ে থাকবে আলোচনা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সম্মেলনে বিশেষ গুরুত্ব দেওয়া হবে নতুন প্রজন্মের অংশগ্রহণের ওপর। উত্তর আমেরিকায় বেড়ে ওঠা শিশু-কিশোর ও তরুণদের কাছে নজরুলের সাহিত্য, সংগীত এবং মানবতাবাদী দর্শনকে আরও সহজ, আকর্ষণীয় ও প্রাণবন্তভাবে তুলে ধরতে থাকছে নানা আয়োজন। আয়োজকদের প্রত্যাশা, এই সম্মেলন প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের সঙ্গে নজরুলের সৃষ্টির একটি শক্তিশালী সাংস্কৃতিক সেতুবন্ধ তৈরি করবে।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আমেরিকা, ইনক (বিএএআই)-এর পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি, সাহিত্য ও সংস্কৃতিপ্রেমী এবং সর্বস্তরের মানুষকে এই বর্ণাঢ্য ও তাৎপর্যপূর্ণ সম্মেলনে পরিবার-পরিজনসহ অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
সম্মেলন অনুষ্ঠান হলো ২১তম নর্থ আমেরিকা নজরুল সম্মেলন, ১৯-২০ সেপ্টেম্বর, রিচার্ড জে আর্নস্ট কমিউনিটি কালচারাল সেন্টার, ভার্জিনিয়া। টিকিট পাওয়া যাচ্ছে : : www.baai-dc.org. 

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz