বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• যেই ভূতে শেখ হাসিনাকে ধরেছিল, সেই ভূতে বিএনপিকে ধরেছে: মামুনুল হক • সৌদির স্বার্থ রক্ষায় এরদোয়ানকে হস্তক্ষেপের অনুরোধ করতে পারি : ট্রাম্প • ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে? • দাওয়াতে যাওয়ার পথে গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ মৃত ১১ • সাবিলার সংসারে ভাঙনের সুর! • দুই বাংলাদেশির মরদেহ ফেরাতে সৌদির সহায়তা চান শামা ওবায়েদ • যেভাবে জুলাই সনদে স্বাক্ষর করেছে বিএনপি, সেভাবেই বাস্তবায়ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী • মোদির মন্ত্রিসভা থেকে প্রতিমন্ত্রীর পদত্যাগ • পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন • ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা অন্তর্বর্তী সরকারের সাবেক ১২ উপদেষ্টার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​নিউইয়র্কের সিক্সথ অ্যাভিনিউতে নতুন বাস লেন ও সম্প্রসারিত বাইক লেনের প্রস্তাব

প্রতিদিন ৫১ হাজারের বেশি বাসযাত্রীর জন্য দ্রুত ও নির্ভরযোগ্য সেবা, সাইকেল আরোহীদের জন্য আরও নিরাপদ যাতায়াত নিশ্চিতের উদ্যোগ
​নিউইয়র্কের সিক্সথ অ্যাভিনিউতে নতুন বাস লেন ও সম্প্রসারিত বাইক লেনের প্রস্তাব

বিজ্ঞাপন
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানী এবং নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশনের কমিশনার মাইক ফ্লিন ম্যানহাটনের সিক্সথ অ্যাভিনিউতে নতুন ও উন্নত বাস লেন এবং সম্প্রসারিত সুরক্ষিত বাইক লেন নির্মাণের একটি বড় পরিকল্পনা ঘোষণা করেছেন। এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রতিদিন ৫১ হাজারেরও বেশি বাসযাত্রী দ্রুত ও নির্ভরযোগ্য সেবা পাবেন এবং সাইকেল আরোহীদের জন্য যাতায়াত আরও নিরাপদ হবে।

১৯ জুন মেয়রের অফিস থেকে জানানো হয়, প্রস্তাব অনুযায়ী, ওয়াটস স্ট্রিট থেকে ৩৪তম স্ট্রিট পর্যন্ত নতুন অফসেট বাস লেন নির্মাণ করা হবে, যেখানে বর্তমানে কোনো বাস লেন নেই। এছাড়া ৩৪স্ট্রিট থেকে ৫৮ স্ট্রিট পর্যন্ত বিদ্যমান কার্বসাইড বাস লেনগুলোকে উন্নীত করে অফসেট বাস লেনে রূপান্তর করা হবে। কিছু এলাকায় ডাবল বাস লেনও যুক্ত করা হবে, যা বাস চলাচলকে আরও গতিশীল করবে।

অন্যদিকে, ৩৫ স্ট্রিট থেকে ৫৯ স্ট্রিট পর্যন্ত বিদ্যমান সুরক্ষিত বাইক লেন চার ফুট পর্যন্ত প্রশস্ত করা হবে। এর ফলে লিসপেনার্ড স্ট্রিট থেকে ৫৯ স্ট্রিট পর্যন্ত সিক্সথ অ্যাভিনিউর অধিকাংশ অংশে ডাবল-ওয়াইড বা দ্বিগুণ প্রশস্ত বাইক লেন গড়ে উঠবে।

মেয়র মামদানি বলেন, প্রতিদিন হাজার হাজার নিউইয়র্কবাসী কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান এবং পরিবারের কাছে পৌঁছাতে এই করিডোরের বাস সেবার ওপর নির্ভর করেন। কিন্তু যানজটের কারণে তাদের মূল্যবান সময় নষ্ট হয়। নতুন ও উন্নত বাস লেন এবং সম্প্রসারিত বাইক অবকাঠামোর মাধ্যমে আমরা নিউইয়র্কবাসীর যাতায়াতকে আরও দ্রুত, নিরাপদ এবং নির্ভরযোগ্য করতে চাই।

কমিশনার মাইক ফ্লিন বলেন, বর্তমানে সিক্সথ অ্যাভিনিউতে বাসের গতি এতটাই ধীর যে অনেক ক্ষেত্রে হেঁটে যাওয়া এবং বাসে যাত্রা করার সময় প্রায় সমান। এই প্রকল্প বাস ও সাইকেল ব্যবহারকারীদের জন্য দ্রুত এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করবে।

বর্তমানে সিক্সথ অ্যাভিনিউ করিডোরে লোকাল বাসের গড় গতি ঘণ্টায় মাত্র ৩.৫ মাইল, যা প্রায় একজন পথচারীর হাঁটার গতির সমান। সন্ধ্যার ব্যস্ত সময়ে এক্সপ্রেস বাসের গতি নেমে আসে ঘণ্টায় ৪.২ মাইলে। অফসেট বাস লেন চালু হলে পার্ক করা যানবাহনের কারণে বাস চলাচলে যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় তা দূর হবে এবং ব্যবসা প্রতিষ্ঠান ও যাত্রী ওঠানামার সুবিধাও বজায় থাকবে।

সিক্সথ অ্যাভিনিউ ভিশন জিরো কর্মসূচির একটি অগ্রাধিকারপ্রাপ্ত করিডোর, যেখানে পথচারীদের মৃত্যু ও গুরুতর আহত হওয়ার হার ম্যানহাটনের অন্যতম সর্বোচ্চ। প্রকল্পের আওতায় নতুন পেইন্টেড কার্ব এক্সটেনশন, পথচারী দ্বীপ (পেডেস্ট্রিয়ান আইল্যান্ড) এবং নিরাপদ মোড় নকশা যুক্ত করা হবে, যা রাস্তা পারাপারকে সহজ করবে এবং মোড় ঘোরার সময় যানবাহনের গতি কমাবে।

এনওয়াইসি ডিওটি এর তথ্যমতে, থার্ড অ্যাভিনিউতে একই ধরনের উন্নয়ন বাস্তবায়নের পর বাসের গতি ১৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এবং দুর্ঘটনাজনিত আঘাত ২৮ শতাংশ কমেছে।

প্রস্তাবটি ইতোমধ্যে ম্যানহাটন কমিউনিটি বোর্ড–৪-এর কাছে উপস্থাপন করা হয়েছে। আগামীতে সংশ্লিষ্ট অন্যান্য কমিউনিটি বোর্ডেও এটি উপস্থাপন করা হবে। জনমত ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত পর্যালোচনার পর চূড়ান্ত পরিকল্পনা অনুমোদন এবং বাস্তবায়নের কাজ শুরু হবে।

এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কংগ্রেসম্যান  জেরল্ড ন্যাডলার বলেন, সিক্সথ অ্যাভিনিউ বর্তমানে অতিরিক্ত যানজটে ভুগছে এবং পথচারী ও সাইকেল আরোহীদের জন্যও এটি ঝুঁকিপূর্ণ। নতুন বাস ও বাইক লেন এই গুরুত্বপূর্ণ করিডোরকে আরও কার্যকর ও নিরাপদ করে তুলবে।

এছাড়া অ্যাসেম্বলিমেম্বার ডেবোরা জে গ্লিক, সিটি কাউন্সিল সদস্য ক্রিস্টোফার মার্টে ও কার্ল উইলসনসহ বিভিন্ন জনপ্রতিনিধি ও পরিবহন-সংশ্লিষ্ট সংগঠনের নেতারা পরিকল্পনাটিকে জনবান্ধব এবং সময়োপযোগী উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন।

পরিবহন বিশেষজ্ঞদের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে বাসযাত্রীদের যাতায়াতের সময় উল্লেখযোগ্যভাবে কমবে, সাইকেল আরোহীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি হবে এবং ম্যানহাটনের অন্যতম ব্যস্ত পরিবহন করিডোরে সামগ্রিক চলাচল আরও সুশৃঙ্খল ও কার্যকর হয়ে উঠবে।

ঠিকানা/এসআর

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz