শিউলি-ফোটা হাওয়া
শিউলি-ফোটা হাওয়া নিয়ে শরৎ এল দেশে,
বসুন্ধরা সাজল নতুন রূপ অপরূপ বেশে।
নদীর তীরে কাশফুলদের মেলা বসেছে,
নবীন ধানের পসরা নিয়ে শরৎ এসেছে।
কচি ধানের হাজার শীষে, শিশিরঝরা ঘাসে,
প্রভাতবেলার সোনালি রোদ মুক্তার ন্যায় হাসে।
নীল আকাশে যাচ্ছে ভেসে সাদা মেঘের ভেলা,
মেঘের সাথে রোদ ও ছায়ার লুকোচুরির খেলা।
রাত্রিবেলা রুপালি চাঁদ ঝলমলিয়ে হাসে,
তারার সাথে খেলতে জোনাক দারুণ ভালোবাসে।
শুভ্র কুয়ায় ঢাকা থাকে শারদ প্রভাতবেলা,
শিউলি-বকুল তলায় বসে ফুলকুড়োনির মেলা।
জোছনামাখা চাদর গায়ে শেষ না হতেই যামিনী,
সৌরভে প্রাণ মাতিয়ে তোলে শুভ্র বেলি-কামিনী।
সুখপাখিরা করে শরৎরানির পিছু ধাওয়া,
মনে সুখের পরশ বুলায় শিউলি-ফোটা হাওয়া।
নিউজটি শেয়ার করুন